সীমানা-বিরোধের বলি চন্দ্রঘোনা!
উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। চন্দ্রঘোনা ও রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ লালানগর ইউনিয়নের মধ্যে সীমানা-বিরোধকে কেন্দ্র করে স্থানীয় দুই ব্যক্তি মামলা করলে আদালত এই দুই ইউনিয়নে নির্বাচন ৩১ মে পর্যন্ত স্থগিত করে। চন্দ্রঘোনা ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা মেনে নির্বাচন-প্রক্রিয়া বন্ধ রাখা হলেও হোসনাবাদ লালানগর ইউনিয়নে নির্বাচনী কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে। চন্দ্রঘোনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান এবং সদস্য পদপ্রার্থীরা নির্বাচনী-প্রক্রিয়া শুরু করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিলেও এ বিষয়ে অগ্রগতি হয়নি। জানা গেছে, স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম এবং স্বপন তংচংগ্যা চন্দ্রঘোনা ও লালানগর ইউনিয়নের সীমানা-বিরোধকে কেন্দ্র করে উচ্চ আদালতে মামলা করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ৫ মে এই স্থগিতাদেশ দেন।নির্বাচন স্থগিত হবার পর ৮ মে কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নে নির্বাচনের দাবিতে সম্ভাব্য ছয়জন চেয়ারম্যান এবং ২৭ জন সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থী কাপ্তাইয়ের ইউএনও হাজেরা খাতুনের কাছে স্মারকলিপি দেন। এদিকে, চন্দ্রঘোনায় নির্বাচনী-প্রক্রিয়া থেমে গেলেও হোসনাবাদ লালানগর ইউনিয়নে যথারীতি নির্বাচনী-প্রক্রিয়া চলছে বলে অভিযোগ উঠেছে। চন্দ্রঘোনা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাবুল ও ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী মো. একরামুল হক জানান, ‘উচ্চ আদালতের আদেশে আমরা নির্বাচন থেকে আপাতত বিরত রয়েছি। কিন্তু একই মামলায় স্থগিত হওয়ায় হোসনাবাদ লালানগর ইউনিয়নে নির্বাচন-প্রক্রিয়া যথারীতি চলছে। এতে চন্দ্রঘোনার ভোটারদের কাছে আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি।’১৯ মে সরেজমিনে হোসনাবাদ ইউনিয়ন ঘুরে দেখা গেছে, দেয়ালে শোভা পাচ্ছে স্থানীয় নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি। এতে উল্লেখ রয়েছে, হোসনাবাদ লালানগর ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত এবং সাধারণ সদস্য পদপ্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ মে, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৫ জুন এবং ভোট গ্রহণের তারিখ ২১ জুন।এ ব্যাপারে ২০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন প্রথম আলোকে বলেন, ‘সীমানা-বিরোধকে কেন্দ্র করে উচ্চ আদালতে মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ এবং কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচন ৩১ মে পর্যন্ত স্থগিত করেন।’ একই আদেশে স্থগিত হওয়া অন্য একটি ইউনিয়নের নির্বাচন পুনরায় আদেশ ছাড়া হওয়ার সুযোগ নেই বলেও ইউএনও জানান।