
বিদ্যালয়ের সীমানাদেয়ালের পাশের জমিতে কয়েক শ ফুট লম্বা ও ২০ ফুট গভীর গর্ত খুঁড়ে মাটি তোলা হচ্ছে। গর্তের কারণে বিদ্যালয় প্রাঙ্গণের গাছের গোড়ার মাটি সরে যাচ্ছে। ধসে পড়ার ঝুঁকিতে আছে ভবন ও শ্রেণিকক্ষ। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই মাটি কাটায় হুমকির মুখে পড়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
লেঙ্গুরিবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা জানান, উপজেলার সদর ইউনিয়নে ১৯৭৩ সালে লেঙ্গুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৪০০। বিদ্যালয়ে একটি তিনতলা ও একটি দ্বিতল একাডেমিক ভবন রয়েছে। সম্প্রতি নুর আলম নামের এক ব্যক্তি বিদ্যালয়ের পাশের জমির মাটি কাটছেন। এতে বিদ্যালয়ের বিভিন্ন স্থানের মাটি ধসে গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের দেয়ালের পাশে কয়েক শ ফুট লম্বা ও ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের পাশে স্তূপ করে মাটি রাখা হয়েছে। আশপাশের লোকজন জানান, প্রতিদিন ট্রাকে করে ওই জমি থেকে মাটি সরবরাহ করা হচ্ছে। মাটি কাটার ফলে জমিটির পাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দা রাজিয়া বেগম ও মো. হাশিম বলেন, পাশের জমির মাটি কাটার কারণে তঁাদের ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তা ছাড়া ওই স্থানে শিশুরা খেলাধুলা করে বলে তাদের জন্যও ঝুঁকি তৈরি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জমির মালিক নুর আলম বলেন, ‘আমার মালিকাধীন জমি থেকে মাটি কাটতে আবার কিসের অনুমতি? মাটি বিক্রি করলে দোষ কিসের? মাটি কাটলে আশপাশের মানুষ ও বিদ্যালয়ের ক্ষতি হলে আমার করার কিছুই নেই।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদাত আলী জানান, পাশের জমি থেকে মাটি কেটে নেওয়ায় ভূমিধসের হুমকিতে রয়েছে বিদ্যালয় ভবন। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ বলেন, অনুমতি ছাড়া মাটি কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, বিদ্যালয়টি রক্ষার্থে এখনই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, পরিবেশ আইনে প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় ব্যক্তিমালিকাধীন জমির শ্রেণি পরিবর্তন করলে অনুমতি নিতে হয়। এ ব্যাপারে ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জমির শ্রেণি পরিবর্তন ও মাটি কাটার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।