সীমান্ত অতিক্রমে মরিয়া রোহিঙ্গারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন প্রদেশে দ্বিতীয় দফায় জাতিগত দাঙ্গা শুরু হওয়ার পর সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত আছে। কক্সবাজার ও টেকনাফের সমুদ্র উপকূল, ঝাউবাগান ও বনাঞ্চলে বস্তি তৈরি করে বসবাস করছেন পালিয়ে আসা রোহিঙ্গারা। অনেকে পুলিশ ও বিজিবির হাতে ধরা পড়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। পাশাপাশি রোহিঙ্গাদের একটা অংশ সমুদ্রপথে পাড়ি জমাচ্ছেন মালয়েশিয়ায়।এতে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার পাশাপাশি কক্সবাজার অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারাও রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত থাকায় ক্ষুব্ধ।সীমান্ত অতিক্রম করে এ দেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের অনেকেই সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি টেকনাফ উপকূল থেকে অবৈধপথে মালয়েশিয়া যাওয়ার সময় দুটি ট্রলার ডুবির ঘটনায় এখনো শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন। এঁদের বেশির ভাগই রোহিঙ্গা বলে টেকনাফের স্থানীয় লোকজন জানান। বিজিবি সূত্রে জানা যায়, গত ৮ জুন মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ ও রোহিঙ্গাদের মধ্যে দাঙ্গার পর কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এরপর ২৪ অক্টোবর দ্বিতীয় দফায় জাতিগত দাঙ্গা শুরু হলে আবারও রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে। গত বৃহস্পতিবার উখিয়ার তুমব্রু ও ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ১১ রোহিঙ্গাকে আটক করে। গত ১০ দিনে সীমান্তের ১১টি স্থানে প্রায় ৮০০ রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠায় বিজিবি। কিন্তু তার পরও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। কক্সবাজারস্থ ১৭-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, ‘রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে পুরো সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অনুপ্রবেশের সময় রোহিঙ্গারা ধরা পড়লে মানবিক সেবা দিয়ে তাদের পুনরায় ফেরত পাঠানো হচ্ছে।’ অনুসন্ধানে দেখা গেছে, টেকনাফ সমুদ্র উপকূলের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর বাজারের পাশে ঝাউবাগানের ভেতরে বস্তি তৈরি করে বসবাস করছেন অন্তত ২০ থেকে ২৫ হাজার রোহিঙ্গা। শাপলাপুর থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্রসৈকত-সংলগ্ন প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ ঝাউবাগানে বসবাস করছে আরও প্রায় ১০ হাজার রোহিঙ্গা। ঝাউবাগানে রোহিঙ্গাদের অবৈধ বসতি প্রসঙ্গে জানতে চাইলে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) আবদুল মোনাফ জানান, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে উচ্ছেদ করা পুলিশের পক্ষে সম্ভব নয়। দিন দিন এখানে রোহিঙ্গা বসতি বাড়ছে। রাতেরবেলায় শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, সাবরাং, নাইট্যংপাড়া দিয়ে অনুপ্রবেশ করে রোহিঙ্গারা ঝাউবাগানে জড়ো হচ্ছেন। অনেকে সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামসুল ইসলাম জানান, নাফনদী অতিক্রম করে অতীতে বহু রোহিঙ্গা টেকনাফে অনুপ্রবেশ করেছে। কিন্তু এখন কাউকে অনুপ্রবেশের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। ঝাউবাগানসহ বিভিন্ন স্থানে বসতি করা রোহিঙ্গাদের নজরদারীতে রাখা হচ্ছে, যাতে তাঁরা অন্য কোথাও যেতে না পারেন। এদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির তাগিদ দিয়েছেন কক্সবাজারের বিশিষ্ট নাগরিকেরা। কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, জেলায় কয়েক লাখ রোহিঙ্গার অবৈধ বসতি নিয়ে সরকারের তেমন মাথাব্যাথা নেই। রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমারের ওপর চাপও সৃষ্টি করতে হবে বাংলাদেশকে। পাশাপাশি ভাসমান রোহিঙ্গাদের কড়া নজরদারিতে রখতে হবে। অন্যথায় এরা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কক্সবাজার ও টেকনাফ থেকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। সম্প্রতি চকরিয়া থেকে ১৫ রোহিঙ্গা নারী পুরুষকে আটক করেছে পুলিশ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া এ বিষয়ে বলেন, ৭ নভেম্বর রাতে উপজেলার বদরখালী গ্রাম থেকে পুলিশ ১৫ রোহিঙ্গা পুরুষকে আটক করি আমরা। তারা ১৭ দিন আগে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন এবং ঝাউবাগানে আশ্রয় নেন। পরে দালালের মাধ্যমে মালয়েশিয়া যাত্রার জন্য টেকনাফ থেকে সড়ক পথে চকরিয়া আসেন।’