সীমান্ত এলাকায় ১২০ কিলোমিটার সড়ক সম্প্রসারণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ভারতের মিজোরাম সীমান্তবর্তী এলাকায় ১২০ কিলোমিটার সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১ ফেব্রুয়াারি বাঘাইহাট-সাজেক সড়ক ও রুইলুই ভ্যালিতে পর্যটনকেন্দ্র অবকাঠামো তৈরির কার্যক্রম পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ উদ্যোগের কথা জানান।
যোগাযোগমন্ত্রী জানান, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইতিমধ্যে সীমান্ত এলাকায় সড়ক যোগাযোগব্যবস্থা উন্নত করার উদ্যোগ নিয়েছে। এতে আদিবাসীদের উৎপাদিত পণ্য বাজারজাত করা সহজ হবে এবং এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।
মন্ত্রী বলেন, রুইলুই ভ্যালি থেকে মিজোরামের দূরত্ব মাত্র আট কিলোমিটার। কিন্তু সরকার জনগণের সুবিধার জন্য বরকলের ঠেকামুখ পর্যন্ত ৯০ কিলোমিটার সড়ক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া সরকার ঠেকামুখে স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।
মন্ত্রী একই দিন সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি) ক্যাম্প এলাকা সম্পর্কে ধারণা নেন। এ ছাড়া রুইলুই ভ্যালিতে সেনাবাহিনীর উদ্যোগে পর্যটনকেন্দ্রের বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও পানি সরবরাহব্যবস্থা পরিদর্শন করেন।
এ সময় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহম্মেদ, প্রকৌশল বিভাগের প্রধান মেজর জেনারেল আবদুল কাদির, চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাব্বির আহমেদ, বিএমএর কমান্ড্যান্ট মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল ওহাব ও কাজী শামসুল ইসলাম, লে. কর্নেল শহীদুল ইসলাম, রবিউল ইসলাম, আহমেদ জামিউল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধরী, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান ও খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাঈল হোসেন উপস্থিত ছিলেন।