সীমান্ত দিয়ে ঢুকছে জাল টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে সীমান্ত অতিক্রম করে একটি চক্র জাল টাকা ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে তৎপর চক্রটি। মিরসরাইয়ের সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা এক ব্যক্তিকে জাল টাকাসহ আটক করার পর এমন মন্তব্য করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।মিরসরাই থানা সূত্রে জানা গেছে, ৯০ হাজার টাকার জাল নোটসহ বিজিবির অলিনগর বিওপির (নিরাপত্তা চৌকি) সদস্যরা গত শনিবার এক ব্যক্তিকে আটক করেন। আটক ব্যক্তি মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত অনন্ত দত্তের ছেলে উত্তম দত্ত। ওই দিন রাত ১০টায় উপজেলার করেরহাট ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী আমলীঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে মিরসরাই থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে পশ্চিম অলিনগর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল করিম বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা করেন।পশ্চিম অলিনগর বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নায়েক সুবেদার মো. আবুল খায়ের বলেন, ‘উত্তম দত্ত জাল নোটগুলো ভারত থেকে নিয়ে ফেনী নদী সাঁতরিয়ে বাংলাদেশে আসেন। তাঁর সঙ্গে থাকা ৯০ হাজার টাকার প্রতিটি নোট এক হাজার টাকা মূল্যমানের। একই নম্বরের আট থেকে ১০টি পর্যন্ত নোট থাকায় প্রথমে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে টাকার সিরিয়াল নম্বর দেখে সন্দেহ সত্যি বলে প্রমাণিত হয়।’তবে আটক ব্যক্তি বিজিবি সদস্যদের জানান, তাঁকে এই টাকাগুলো চট্টগ্রামের এক ব্যবসায়ী দিয়েছিলেন। কিন্তু কী কারণে সীমান্ত দিয়ে ফেনী নদী সাঁতরিয়ে পার হচ্ছিলেন, এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি তিনি।করেরহাট এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র সীমান্তে ফেনসিডিলসহ জাল টাকার ব্যবসা করে আসছে। এই ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইমতিয়াজ ভূঁইয়া জানান, পশ্চিম অলিনগর ক্যাম্পের বিজিবি সদস্যরা শনিবার (৩০ জুন) রাত প্রায় আড়াইটায় ৯০ হাজার টাকার জাল নোটসহ উত্তম দত্তকে থানায় নিয়ে আসেন। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সীমান্তে জাল টাকার ব্যবসার সঙ্গে কোনো সিন্ডিকেট জড়িত থাকতে পারে। রোজা ও ঈদ সামনে রেখে জাল টাকার ব্যবসায়ীরা সক্রিয় বলে ধারণা করা হচ্ছে।