সকালে উঠেই হাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আকাশ মুখ গোমড়া করে আছে। হাটে যেতে পারব তো? ব্যাগ গুছিয়ে রওনা হলাম। রাজীবপুর উপজেলা সদর থেকে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নদের তীরে এসে নামলাম। নদের নাম জিঞ্জিরাম। ওপারে সীমান্ত হাট বসবে। নদ পারাপারের জন্য স্থানীয় প্রশাসন বাঁশের সাঁকো বানিয়েছে। সাঁকোর বাঁশগুলো নানা রঙে রাঙিয়ে তুলেছে। নদের ঘোলা পানি আর মেঘলা আকাশের মাঝে রঙিন সাঁকো আলাদা ইমেজ তৈরি করেছে। নদের পাড়ে দাঁড়িয়ে ওপারে দেখা যায় ভারতের মেঘালয় রাজ্য। মেঘের কোলে তুরা পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ছোঁয়ায় পাহাড়ের গা বেয়ে বেড়ে ওঠা গাছগুলো গাঢ় সবুজ রং ধারণ করেছে। মাইকে ভেসে আসছে পাহাড়ি আদিবাসীদের গান। পাহাড়ের নিচে নোম্যান্স ল্যান্ডে গত ২৩ জুন প্রথমবারের মতো সীমান্ত হাটের উদ্বোধন করা হয়। প্রতি বুধবার হাট বসবে।বাঁশের সাঁকো পেরিয়ে সীমান্ত হাটের কাছে যেতেই একটি লোহার গেট। যথারীতি পাস দেখিয়ে ভেতরে প্রবেশ। তখন অনুষ্ঠানের অনেক বাকি। দুই দেশের অতিথি, শিল্পী, দোকানি, নিরাপত্তাকর্মী এবং সাংবাদিকেরা এসেছেন।সীমান্ত হাটটি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারী এবং ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার আমপাতি মহকুমার মহেন্দ্রগঞ্জ থানার কালাইয়ের চরে। হাটের চারদিকে কাঁটাতার দিয়ে ঘেরা। দুই পাশে লোহার গেট।সময় গড়িয়ে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যগীত পরিবেশনের জন্য ভারতের গারো পাড়া থেকে এসেছেন কোচ সম্প্রদায়ের শিল্পীরা। তাঁদের পরনে নানা রঙের আদিবাসী পোশাক। অপেক্ষায় আছেন কখন অতিথিরা আসবেন। এরই ফাঁকে তাঁদের সঙ্গে পরিচয় এবং কথা বলা। দলনেতা সুবল কোচ বলেন, তাঁরা কাম মাতা নৃত্য পরিবেশন করবেন, সঙ্গে গান। ‘লং লং কোচ, ঢাল-তলোয়ার লং, রাজা বংশের সোনা কোচ, ঢাল-তলোয়ার লং’। গানের অর্থ হলো-ধর ধর কোচ, ঢাল-তলোয়ার ধর। ইতিমধ্যে হাট শেডগুলোতে উভয় দেশের কয়েক জন বিক্রেতা তাঁদের পণ্য নিয়ে বসেছেন। সেখানে ক্রেতাদের উপচেপড়া ভিড়।বাংলাদেশের খিলি পান নিয়ে এসেছেন ফয়েজ আলী। সুন্দর করে সাজিয়ে এনেছেন। দোকানে ভারতীয়রা ভিড় করে পান কিনতে চায়। ফয়েজের এক কথা, আজ পান খেলে পয়সা নেব না। পানে মিষ্টি এবং জর্দা দেওয়া আছে। খাইলে ভারতীয়দের মন ভরে যাবে। রন্দি মারাক পান খেয়ে বলেন, ‘মজা নাগছে রে বাবু।’ পাশে বাংলাদেশের ছোটদের জামা-প্যান্টের দোকান বসিয়েছেন আবদুস ছামাদ। জামা কিনছিলেন রেজলিস এ সংমা। তিনি বলেন, ‘আমার বাড়ি এখান থেকে দুই মাইল দূরে তুরায়। জামা কিনতে এসেছি। আমাদের এখানে বাংলাদেশি জিনিসের চাহিদা আছে। এখন কিনতে পারব।’ লটকন, আনারস, কলাসহ বিভিন্ন ফল বিক্রি করতে এসেছেন ভারতের বুডিস মারা। তিনি বলেন, ‘আজ পয়সা লেব না। তোমাদের খাওয়াব।’ দেখতে দেখতে ভিড় জমায় বাংলাদেশিরা। নিমেষেই ফল শেষ হয়ে যায়। নানা রঙের আদিবাসী পোশাক নিয়ে এসেছেন মানিসুর সাংমা। সেখানে উপচেপড়া ভিড়। অনুষ্ঠানে যোগ দিতে কুড়িগ্রাম থেকে এসেছেন আব্রাহাম লিংকন। দোকান দেখে কাছে এসে কেনার লোভ সামলাতে পারলেন না। একমাত্র সন্তান, ভাতিজি এবং স্ত্রীর জন্য ভিড় ঠেলে কাপড় কিনলেন। এ সময় তিনি বলেন, এ হাট দুই দেশের মানুষের মিলনমেলায পরিণত হয়েছে। এসেছেন জেলা তথ্য কর্মকর্তা নুরুনব্বী খন্দকার, রাজীবপুরের শিক্ষক মুকুল। কিনতে এসে দেখেন, সব শেষ। আক্ষেপ করে বলেন, ‘খুব আশা ছিল বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যাব, পেলাম না। ভবিষ্যতে সুযোগ পেলে আসব।’ তিন বাচ্চাসহ এসেছেন রিনা কোচ। পিঠে ঝোলানো একটি ছোট বাচ্চা। কথা বেরোতে চাচ্ছিল না। নাছোড়বান্দার মতো পেছনে পেছনে গিয়ে প্রশ্ন করি, বাড়ি কোথায়? উত্তরে বলেন, ‘এখান থেকে আধা কিলোমিটার দূরে। স্বামী বসন্ত কোচ কাজে গেছেন, তাই একলা এলাম। অনেক দিন থাইকা অপেক্ষায় ছিলাম এখানে আসব। খুব ভালো লাগছে।’তুরার বলং গিরি থেকে এসেছেন রন্দিক মারাক, নাথিয়া মারাক ও সমুরাং সংমা। সবাই রংবেরঙের পোশাক পরে এসেছেন। হাতে ছাতা। হাস্যোজ্জ্বল মুখ। কাছে গিয়ে প্রশ্ন করি, হাট কেমন লাগছে? উত্তরে বলেন, ‘হাট না হলে আপনাদের সঙ্গে দেখা বা কথা হতো না’।দূরে বসে আছেন রিন্দা দি মারাক। পরিচয় হতেই বললেন, ‘হাটের জমির মালিক আমার বাবা। তিনি বৃদ্ধ, আসতে পারেননি। এখানে আমরা ফসল ফলাতাম। হাটের জন্য দিয়ে দিয়েছি। খুব ভালো কাজ হয়েছে। আমাদের পাহাড়িরা দূরে গিয়ে ফসল বিক্রি করে। দাম পায় না। এই হাটে দাম পাবে। সবার ভালো হবে।’কথা বলতে বলতে বেলা ১১টা বেজে যায়। অতিথিদের আসার সময় হয়েছে। ছুটে যাই বাংলাদেশের সীমানার দিকে। এর মধ্যে বাঁশের সাঁকো পেরিয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং কিছুক্ষণ পর ভারতের শিল্প এবং বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা চলে আসেন। তাঁকে স্বাগত জানান মেঘালয়ের মুখ্যমন্ত্রী ড. পি এ সাংমা। এরপর বাংলাদেশের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা এবং পরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যৌথভাবে হাটের ফলক উন্মোচন করে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, এটি এক ঐতিহাসিক মুহূর্ত। সীমান্ত হাটটি ইতিহাস হয়ে থাকল। হাটের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণের আজ থেকে নতুন যাত্রা শুরু হলো। সীমান্ত হাট সপ্তাহে এক দিন প্রতি বুধবার বসবে। হাট চলার সময়সীমা শীতকালে সকাল ১০টা থেকে বিকেল তিনটা এবং গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। হাটে বাংলাদেশের ২৫ জন এবং ভারতের ২৫ জন মোট ৫০ জন বিক্রেতা রয়েছেন। এ হাটে প্রাথমিক পর্যায়ে প্রত্যেক দেশ থেকে ৩০০ জন করে ৬০০ জন ক্রেতা আসবেন। প্রত্যেক ক্রেতা ও বিক্রেতার পরিচয়পত্র দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারালো অস্ত্র, মোবাইল ফোন, সিমকার্ড, জুয়েলারি, সিগারেট, ম্যাচ এবং ছোট শিশুদের নিয়ে হাটে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ও ভারত-উভয় দেশের হাট ম্যানেজমেন্ট কমিটি সবকিছুর তত্ত্বাবধানে রয়েছে। এত ব্যস্ততার মধ্যে দেখা হয়ে গেল রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদেরের সঙ্গে। তিনি বলেন, একজন সর্বোচ্চ ৫০ ইউএস ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় তিন হাজার টাকার পণ্য কিনতে পারবেন। উভয় দেশের ৪৭টি কৃষিজাত পণ্য কেনাবেচা হবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, কৃষিজাত পণ্য, প্রসাধনী, আসবাব, মসলাজাতীয় দ্রব্য, ফলমূল ইত্যাদি বিক্রি হবে। ভারতের পক্ষ থেকে স্থানীয় কৃষিপণ্য, ঐতিহাসিক পণ্য, মসলাজাত দ্রব্য, উপজাতীয়দের তৈরি বিভিন্ন পণ্য, মাছ ও শুঁটকি মাছ, দুগ্ধ, পোলট্রি, কুটিরশিল্প, কাঠের আসবাব, ইক্ষুজাত পণ্য, হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট। অপরদিকে বাংলাদেশের চিপস, চানাচুর, আলু, তৈরি পোশাক, শুঁটকি, মুরগি, ডিম, সাবান ও আসবাব।তবে হাটের ক্রেতাদের নিরাপত্তা এবং পাস সংগ্রহ নিয়ে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। হাটের পাঁচ কিলোমিটার এলাকার মানুষকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে পাস নিতে হবে। কিন্তু দুর্গম এলাকার সাধারণ মানুষের পক্ষে পাস সংগ্রহ করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল হবে। হাটে আইনশৃঙ্খলার অবনতি হলে প্রশাসন কী ব্যবস্থা নেবে, এ প্রসঙ্গে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের বলেন, হাটে দুই দেশের দুজন ম্যাজিস্ট্রেট থাকবেন। তাঁরাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ হাট চালু হলে বালিয়ামারী, মন্ডলপাড়া, সান্ডারপাড়া, জালছিরাপাড়া, কড়াইডাঙ্গিপাড়া, আলগারচর, লাঠিয়ালডাঙ্গা, ব্যাপারীপাড়া, জাউনিয়ারচর, মিয়াপাড়া ও বাউলপাড়া গ্রামসহ রাজীবপুর এবং এর লাগোয়া রৌমারী উপজেলার বিপুলসংখ্যক মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।একইভাবে ভারতীয় অংশের বলদানগিরি, ওয়াদাগিরি, জানগিরি, মারহালিপাড়া, কালাইরচর ও ঢাকঢাকিপাড়া গ্রামসহ এর আশপাশের এলাকার মানুষ উপকৃত হবে।বিকেলে যখন ফিরে আসি, তখন দূরদূরান্ত থেকে দলে দলে নারী-পুরুষ হাট দেখার জন্য আসছিল। আগে থেকেই এক কিলোমিটার এলাকাজুড়ে ভিড় ছিল। দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষের উপচেপড়া ভিড়। নদের তীর, নৌকায় এবং ভারতের পাহাড়ে মানুষ আর মানুষ। শুধু কি তাই, নদের দুই পাড়ে বাড়িগুলোতে মানুষে ঠাসা। এমন কোনো গাছ নেই যেখানে মানুষ নেই। একদল যুবক দীর্ঘ নদ পাড়ি দিয়ে হাটের কাঁটাতারের বেড়ার কাছে এসেছে। কিন্তু কপাল এমন, পুলিশ তাদের তাড়িয়ে দেয়। অনেকে মিলনমেলা দেখতে না পেয়ে দুঃখ প্রকাশ করেন। সন্ধ্যা ঘনিয়ে এলেও মানুষের ভিড় কমে না। সবার দৃষ্টি হাটের দিকে। ধীরে ধীরে সীমান্তজুড়ে আঁধার নেমে আসে। কিন্তু হাটের বাতিগুলো মিটমিট করে জ্বলছিল।