
সাত দিন আগে ওপেন হার্ট সার্জারি হয় আছিয়া খাতুনের (৩৫)। প্রথম চার দিন শয্যায় শুয়ে কাটলেও এখন স্বজনদের হাত ধরে তিনি হাঁটাচলা করছেন। অস্ত্রোপচারের ধকল পুরোপুরি কাটেনি। তারপরও সামান্য হাঁটাচলাতেও আছিয়ার দিনমজুর স্বামী আমজাদ হোসেনের মুখে হাসি।
গত শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদ্রোগ সার্জারি (কার্ডিয়াক সার্জারি) বিভাগের পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে গেলে দেখা যায় এই দৃশ্য।
আমজাদ হোসেন বলেন, ‘আছিয়ার যে অসুখ তাতে আমাদের পক্ষে চিকিৎসা করানো কঠিন ব্যাপার ছিল। শেষে জানলাম, মেডিকেলে এই অপারেশন হয়। ধার-কর্জ করে এলাম এখানে। এখন পর্যন্ত ৬০ হাজার টাকা খরচ পড়েছে। শুনেছি বেসরকারি হাসপাতালে করতে গেলে তিন লাখ টাকার মতো লাগত। সরকারি হাসপাতালে এই সুবিধা থাকাতে আমরা গরিব মানুষেরা উপকার পাচ্ছি।’ আমজাদ হোসেনের বাড়ি কিশোরগঞ্জ। থাকেন নগরের হালিশহর এলাকায়।
শুধু আছিয়ার স্বামী আমজাদ নন, চমেক হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। বেসরকারি হাসপাতালের ব্যয়বহুল চিকিৎসা নিয়ে এসেছে সাধারণ মানুষের হাতের নাগালে।
চমেক হাসপাতাল সূত্র জানায়, কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু হয় ২০১২ সালে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরের বছর ২৬ জানুয়ারি বিভাগটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একমাত্র চট্টগ্রামেই প্রথম এ ধরনের বিভাগ চালু হয়। এর বাইরে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে হৃদ্রোগের অস্ত্রোপচার হয়। চমেক কার্ডিয়াক সার্জারি বিভাগে এ পর্যন্ত ২৪৪টি অস্ত্রোপচার হয়েছে। তাঁর মধ্যে ৯০ ভাগই ওপেন হার্ট সার্জারি। সেই সঙ্গে সাত হাজার রোগীকে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।
তবে কম খরচে নিম্ন–মধ্যবিত্তদের অস্ত্রোপচার চললেও নানা সংকট ও সমস্যায় দিনাতিপাত করছে এই বিভাগটি। ঊর্ধ্বতন চিকিৎসক, নার্স, ক্লিনার, ওয়ার্ড বয়সহ নানা সংকটের কারণে চালু করা যায়নি সার্জারি বিভাগের সাধারণ ওয়ার্ডটি। এ ছাড়া পারফিউশনিস্টের (অস্ত্রোপচারের সময় হার্ট সচল রাখেন যিনি) অভাব তো রয়েছেই।
জানতে চাইলে বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক নাজমুল হোসেন বলেন, ‘আমরা সফলভাবে এখানে অস্ত্রোপচার চালিয়ে যাচ্ছি। মৃত্যুহার মাত্র ৩ শতাংশ, যা অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য। তবে জনবলের অভাবে আমরা এখনো ওয়ার্ডটি চালু করতে পারিনি। জনবল পেলে এই সার্জারি বিভাগের গতি আরও বৃদ্ধি পাবে। এ ছাড়া যদি সব সুযোগ-সুবিধা পাওয়া যায় তাহলে এই অঞ্চলের মানুষকে কম খরচে আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে।’
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় মাত্র আট হাজার বর্গফুট জায়গায় বিভাগটির সীমিতভাবে কাজ চলছে। চতুর্থ তলায় ৪৪টি শয্যাবিশিষ্ট সাধারণ শয্যা বিভাগ রয়েছে। কিন্তু এখনো সেটি চালু হয়নি।
চিকিৎসকেরা জানান, এ রকম একটি বিভাগে পরিপূর্ণভাবে সেবা দিতে কার্ডিয়াক সার্জারি, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি, কার্ডিয়াক অ্যানেসথেসিয়া ও ভাসকুলার সার্জারি, অপারেশন থিয়েটার, চিকিৎসক, শ্রেণিকক্ষসহ প্রায় ৪০ হাজার বর্গফুট স্থান দরকার। বর্ধিত ১০ তলা ভবনের পাঁচটি তলায় এই কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব বলেও তাঁরা মনে করছেন।
হাসপাতাল সূত্র জানায়, বিভাগটি চালু হওয়ার পর ৯০টি পদ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু এখনো সব পদ অনুযায়ী নিয়োগ হয়নি। দুজন অধ্যাপকের পদ এখনো শূন্য। বর্তমানে বিভাগটিতে একজন সহযোগী অধ্যাপক, পাঁচজন সহকারী অধ্যাপক, সাতজন চিকিৎসা কর্মকর্তা কর্মরত রয়েছেন। নার্স রয়েছেন নয়জন। এ ছাড়া অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) রয়েছেন চারজন। পারফিউশনিস্টও নেই। ঢাকা হৃদ্রোগ ইনস্টিটিউট থেকে পারফিউশনিস্ট এনে অস্ত্রোপচার করা হয়।
বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, ‘আমরা রোগীদের ভাল্ভ, অক্সিজেনরেটরসহ বিভিন্ন সামগ্রী বিনা মূল্যে দিয়ে থাকি। তবে বিভাগ চালু হওয়ার সময় যেসব সামগ্রী পাওয়া গিয়েছিল তা এখন শেষের পথে। এখন আমাদের এখানে অস্ত্রোপচার করতে ৫০ হাজার টাকার মতো দরকার হয়। যদি পর্যাপ্ত সামগ্রী ও ওষুধ থাকে তাহলে এই খরচ আরও কমে যাবে।’
কাইয়ূম চৌধুরী আরও বলেন, বাইরে ওপেন হার্ট সার্জারি করতে গেলে দুই থেকে সাড়ে তিন লাখ টাকার মতো খরচ পড়বে। এখানে গরিব মানুষেরা কম খরচে এই সেবাগুলো পাচ্ছেন।
বিভাগের চিকিৎসকেরা জানান, পর্যাপ্ত জনবল পেলে এই বিভাগটি সপ্তাহে অন্তত ১০টি অস্ত্রোপচার করতে পারবে। এখন অস্ত্রোপচার হয় মাসে আট থেকে ১০টি।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের প্রধান নাজমুল হোসেন বলেন, ‘পর্যাপ্ত জনবল পেলে আমরা কম খরচে এখানে ওপেন হার্ট ও ক্লোজড হার্টসহ যাবতীয় অস্ত্রোপচার করতে পারব। আশাকরি জনবলও আগামী পাঁচ মাসের মধ্যে পেয়ে যাব। কারণ ৯০ জনের জনবল ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে অনুমোদন করা হয়েছে। স্বাস্থ্য, অর্থ, সংস্থাপন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই জনবল কাঠামো পাস হয়ে গেছে। এখন নিয়োগ প্রক্রিয়া বাকি।’
হাসপাতাল সূত্র জানায়, চমেক কর্তৃপক্ষ ১৬২ জনের পদ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল। সেখান থেকে ৯০টি পদ অনুমোদন করা হয়। এর মধ্যে চিকিৎসক ৩২, টেকনিশিয়ান ২০ ও সেবিকা ৩৮জন।
সরকারি এই হাসপাতালের বাইরে চট্টগ্রামে বেসরকারিভাবে মেট্রোপলিটন হাসপাতালে ওপেন হার্ট সার্জারি এবং ম্যাক্স হাসপাতালে সীমিত সংখ্যক হার্টের অস্ত্রোপচার হয় বলে চিকিৎসকেরা জানান।