
এই প্রথম মোবাইল ফোনটা কানে ধরেও হরিপদ কোনো কথা বলতে পারে না। অথচ ফোনের ও পাশ থেকে হাফিজ বারবার জিজ্ঞেস করছে, ‘কিরে হরি, আমার কথা শুনতে পাস, কথা শোনা যায়?...’
২০১৫ সালের ৩১ জুলাই। রাত বারোটা বাজার সঙ্গেই শুরু হয় নতুন দিন পয়লা আগস্ট। বদলে যায় বাংলাদেশ-ভারতের সীমারেখার আশপাশে ১৬২টি ছিটমহলের মানচিত্র। দীর্ঘ ৬৮ বছর পর দুই দেশের ছিটমহলের পরিচয়হীন মানুষ প্রথমবারের মতো জানতে পারে, তারা কোন দেশের নাগরিক। হরিপদর জন্ম বাংলাদেশের ছিটমহলে। বাবা গুরুপদর বয়স হয়েছে, কাজ করার সামর্থ্য নেই। হরিপদ সারা দিন ফসলের মাঠে কাজ করে যা পায়, তাই দিয়ে কোনোমতে তাদের চারজনের সংসার চলে। হরিপদর সংসারে বুড়ো বাবা ছাড়াও আছে স্ত্রী কমলা আর ছোট মেয়ে পুষ্প। ছিটমহল স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষজন কে কোন দেশে যাবে তাই নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। অনেকেই পরামর্শ দেয়, ‘হরিপদ, এইডা তোর দ্যাশ না। তোর দ্যাশ ইন্ডিয়া। সময় থাকতে পথ দ্যাখ।’
বাবা গুরুপদ কথাটা শোনামাত্রই তেলে-বেগুনে জ্বলে ওঠে, ‘এই দ্যাশে আমার চৌদ্দ পুরুষের ভিটা। এই দ্যাশ ছাইড়া আমি কোত্থাও যাব না।’
হরিপদ আর তার স্ত্রী কমলাও বাবা গুরুপদকে বোঝানোর চেষ্টা করে, ইন্ডিয়ায় কোনো দুঃখ-কষ্ট নাই। কিন্তু ভারতের কোনো সুযোগ-সুবিধার কথাই মানতে রাজি নয় গুরুপদ। হাফিজও হরিপদকে অনেক বুঝিয়েছে, ‘দ্যাখ হরি, মাথা গরম কইরা কোনো সিদ্ধান্ত নিস না। তুই এই দ্যাশে বড় হইছিস, এইডা তোরও দ্যাশ। ইন্ডিয়ায় তুই কিছুই চিনিস না। সেই দ্যাশে গিয়া কেমনে থাকবি?’
হরিপদ নিজেও বুঝতে পারে না সে কী করবে। সত্যিই তো, ছিটমহল স্বাধীন হওয়ার আগে সে এই দেশেই বড় হয়েছে। হাফিজ, নূরু, গোবিন্দর সঙ্গে মাঠে কাজ করেছে। কখনো তো মনে হয়নি, এই দেশটা তার না। হরিপদ বারবার নিজের মনের সঙ্গে যুদ্ধ করে, কী করবে ভেবে পায় না। কিন্তু সেদিন বিকেলে স্ত্রী কমলা যখন এসে খবর দিল যে পালপাড়ার সবাই দল বেঁধে ভারতে চলে যাচ্ছে, তখন যেন মনে হয়, সত্যিই বুঝি এই দেশটা তার না। শেষ পর্যন্ত বাবা গুরুপদকে রেখেই হরিপদ স্ত্রী-সন্তান নিয়ে ভারতে পাড়ি জমায়। অনেক বাধানিষেধের পর হাফিজ চোখ মুছতে মুছতে হরিপদর পরিবারকে ভ্যানে তুলে দিয়ে আসে। পরিবার-পরিজনসহ এক অজানা দেশের পথে পা বাড়ায় হরিপদ।
ভারতে হরিপদর জন্য সম্পূর্ণ অচেনা এক পরিবেশ। সে কাউকে চেনে না। অনেক কষ্টে সেখানে মাথা গোঁজার জন্য একখানা ছোট ঘর মিললেও প্রতিশ্রুত সাহায্য-সহায়তার প্রায় কিছুই মেলে না। যা পাওয়া যায়, তার পরিমাণও খুব অল্প। বাইরের সবাই তাদের ডাকে ‘রিফিউজি’ বলে। এক ডোবার ধারে ঘর। দিনরাত মশা ভনভন করে। রাতে বিদ্যুতের আলো জ্বলে না। চারদিকে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যেও মোবাইল ফোনটা বেজে উঠলে হরিপদ যেন প্রাণ ফিরে পায়। হাফিজের কাছে বারবার নিজের ফেলে আসা ছিটের কথা জানতে চায়। হাফিজ বলে, ‘জানিস হরি, বড় সড়কটা পাকা হইছে। বিদ্যুতের খুঁটি লাগাইছে চারদিকে। শিগগিরই মনে হয় আলো জ্বলবে। ভাবতাছি নতুন ইশকুলে এইবার ময়নারে ভর্তি করব। একেবারে বিনা পয়সায় পড়াশোনা। বছরের শুরুতে আবার বিনা মূল্যে বইও পাওয়া যায়। ভালো কথা, তোর কন্যা পুষ্পরে কি ইশকুলে ভর্তি করছিস?’
এই প্রথম মোবাইল ফোনটা কানে ধরেও হরিপদ হাফিজের কথার উত্তর দিতে পারে না। কারণ, স্কুলের বইপত্র আর পোশাক কিনে দিতে পারেনি বলে হরিপদ পুষ্পকে এখনো স্কুলে ভর্তিই করতে পারেনি।
এদিকে ছিটমহলের স্বাধীনতার দুই বছর পূর্তি উপলক্ষে এ বছর পয়লা আগস্ট রাত বারোটার পর বাংলাদেশের বিলুপ্ত ছিটমহলগুলো যেন আনন্দে মেতে ওঠে। চারদিক আলো-ঝলমল। বাদ্য-বাজনা আর পটকাবাজির আওয়াজের মধ্যেও হাফিজ হরিপদকে ফোনে বলে, জানিস তো আজ ছিটের স্বাধীনতার দিন। চারদিকে উৎসবের আর শেষ নাই। তোদের ওখানে কী খবর?
হরিপদর মুখে কোনো কথা নেই। কারণ, তার চারপাশজুড়ে তখন শুধুই অন্ধকার। এদিকে বাংলাদেশের ছিটমহলে জাতীয় পতাকা উত্তোলন করে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া শুরু হয়েছে। হরিপদর উত্তর না পেয়ে হাফিজ আবারও প্রশ্ন করে, ‘কিরে হরি, আমার কথা শুনতে পাস, কথা শোনা যায়?’
নিরুত্তর হরিপদ ফোনে স্পষ্ট শুনতে পায় জাতীয় সংগীতের সেই চরণ, ‘মা তোর বদনখানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি’...। সত্যি-সত্যিই হরিপদর চোখ দুটো এবার ভিজে ওঠে।
টিকাটুলী, ঢাকা