সীমাহীন দুর্ভোগ সীমানাপাড়ায়
গ্রামের নাম সীমানাপাড়া। ৮০টির মধ্যে ৪৪ পরিবার দীঘিনালার মেরুং ইউনিয়নের অন্তর্ভুক্ত। বাকি ৩৬ পরিবার পড়েছে খাগড়াছড়ি সদরের পেরাছড়া ইউনিয়নে। এক গ্রাম দুই উপজেলার অধীনে হওয়ায় প্রশাসনিক জটিলতা তো আছেই, রশি টানাটানির কারণে উন্নয়নের ছোঁয়াও লাগেনি। সব দিক দিয়ে শত বছর পিছিয়ে আছেন আদিবাসী লোকজন। তাঁদের জীবনে দুঃখের সীমা নেই।গ্রাম থেকে খাগড়াছড়ি সদর ও দীঘিনালার দূরত্ব ১৪ কিলোমিটার। স্থানীয় লোকজনের অভিযোগ প্রশাসনিক টানাপোড়েনের কারণে গ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। গ্রাম থেকে একটি ইটের রাস্তা চলে গেছে উপজেলা সদরে। এ পর্যন্ত এটাই সবচেয়ে বড় পাওয়া বলে মন্তব্য করেন গ্রামবাসী। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় কোনো বিদ্যালয় নেই, নেই আশপাশের গ্রামেও। পড়াশোনা করতে হলে যেতে হয় খাগড়াছড়ি সদরে। পাড়ায় একটি নলকূপও নেই। পান ও গৃহস্থালি কাজে ছড়া ও ঝিরির পানি ব্যবহার করেন পাড়াবাসী। স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। জন্মনিয়ন্ত্রণে সচেতন নন নারী-পুরুষেরা। প্রতিটি পরিবারে সাত-আটটি করে সন্তান। বাল্যবিবাহ এখানে নৈমত্তিক ব্যাপার। আর চিকিৎসাসুবিধা নেই বললেও চলে। অসুখে ভরসা ওঝা বৈদ্য। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেত হোসেন অবশ্য বললেন, প্রশাসনিক জটিলতা সেভাবে নেই। পাহাড়ি এলাকা বলে প্রত্যাশিত উন্নয়ন হয়নি হয়তো। তবে এখন তাঁরা উন্নয়নের চেষ্টা করছেন। বিশেষ করে পানি সমস্যা সমাধানে দ্রুত রিংওয়েল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।সরেজমিনে দেখা যায়, নয় মাইল ত্রিপুরাপাড়ার কাছেই সীমানাপাড়া গ্রামের অবস্থান। শরলাল ত্রিপুরা জানান, ছোট্ট একটি রাস্তার উত্তরে যাঁরা আছেন তাঁরা দীঘিনালা আর দক্ষিণের বাসিন্দারা খাগড়াছড়ি সদরের অধীন। বেশির ভাগ মানুষ ত্রিপুরা সম্প্রদায়ের। তাঁরা নিজেদের ভাষায় কথা বলেন। কোমরে কলসি ও মাথায় পাতিলে করে পানি নিয়ে ঘরে ফিরছিলেন চরমতি ত্রিপুরা। হজি বিকাশ ত্রিপুরা নামের এক যুবকের সহায়তায় কথা হয় তাঁর সঙ্গে। এই পানি কোত্থেকে আনছেন? উত্তরে চরমতি জানান, কুয়া থেকে নিয়ে আসছেন। নলকূপ আছে কি না জানতে চাইলে ত্রিপুরা ভাষায় বলেন ‘সিনিয়া (চিনি না)।’ বৃদ্ধ যোগেশ্বর ত্রিপুরা বলেন, ‘কুয়ার পানি পান করে তো জীবন পার করলাম, কোনো সমস্যা হয়নি। নলকূপ পাব না জানি তাই কারও কাছে দাবিও করিনি।’ প্রীতিময় ত্রিপুরা জানান, নারীরা অনেক কষ্টে পানি সংগ্রহ করেন। এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন রুনা ত্রিপুরা। তিনি বলেন, ‘আমি খাগড়াপাড়ায় জায়গির থেকে কৃষি গবেষণা উচ্চবিদ্যালয়ে পড়েছি। তবে এটা সবার জন্য সম্ভব হয় না।’ তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামের মহিলারা এখনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কী তা জানেন না। ঘরে ঘরে রয়েছে সাত-আটটি করে সন্তান। এলাকার বেশির ভাগ মানুষ গরিব, তাঁরা জুমচাষের ওপর নির্ভরশীল।’ গৃহিণী বরুণা ত্রিপুরা জানান, ‘গ্রামে একটি বিদ্যালয়ও নেই। আমি অনেক কষ্টে খাগড়াছড়ি গিয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি। কিশোরী থাকতেই বিয়ে দেওয়া হয়। আমার নিজেরও বিয়ে হয়েছে ১৫ বছর বয়সে।’ মল্লিকা ত্রিপুরা নামে এক কিশোরী বধূ জানান, ‘আমি লেখাপড়া করিনি। তিন বছর আগে ১৪ বছর বয়সে বিয়ে হয়েছে। আমার বয়সী অনেকেই আছেন যাঁদের অল্প বয়সে বিয়ে হয়েছে।’ চিকিৎসাসুবিধা আছে কি না জানতে চাইলে চন্দ্র কিশোর ত্রিপুরা জানান, ‘অসুখ হলে হাসপাতালে যাই না। বৈদ্য-কবিরাজের মাধ্যমে অসুখ সারিয়ে ফেলি।’ এবার এসএসসি দেওয়া হজ বিকাশ ত্রিপুরা জানান, ‘অনেক কষ্টে খাগড়াছড়ি গিয়ে লেখাপড়া করেছি।’ এ গ্রামে কীভাবে বাস করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ওসব বুঝি না। ভাত দুটো খেয়ে বেঁচে থাকতে পারলেই ভালো।’ দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গবেষক রাজীব ত্রিপুরা বলেন, ‘গ্রামের মানুষেরা খুব সরল। গ্রামে সমস্যার কোনো শেষ নেই। অথচ এ নিয়ে কারও কোনো অভিযোগও নেই। উল্টো বলছে ভালোই আছেন। অথচ তাঁদের নিয়ে কেউ ভাবেন না।’ ইউনিয়ন পরিষদের সদস্য হতেন্দ্র লাল ত্রিপুরা বাল্যবিবাহ সম্পর্কে বলেন, ‘ওদের ছোট দেখালেও আসলে বয়স হয়েছে।’ তিনি গ্রামের উন্নয়নে কাজ করছেন বলে জানান।দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘গ্রামটির দুরবস্থার কথা এত দিন আমাকে কেউ বলেননি। এখন জানলাম, গ্রামের উন্নয়নে অবশ্যই উদ্যোগ নেব।’