সু চির সফরে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে রাজনীতির মাঠে ফিরে এলেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক অং সান সুচি। গত বছরের নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর এই প্রথম ইয়াঙ্গুনের বাইরে রাজনৈতিক সফরে গেলেন তিনি। প্রত্যাশা অনুযায়ী ব্যাপক সাড়া ফেলে নিষিদ্ধঘোষিত ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) প্রধানের সফর। বিশ্লেষকেরা সু চির এই সফরকে রাজনৈতিক অঙ্গন ফিরে পাওয়ার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। এমনিতেই তিনি মিয়ানমারের সাধারণ মানুষের নয়নমণি। যত জনসংযোগের সুযোগ বাড়বে, তিনি তাদের তত কাছে পৌঁছাতে পারবেন। এতে বাড়বে তাঁর রাজনৈতিক শক্তি। গত রোববার ৩০টি গাড়ির বিশাল বহর নিয়ে ইয়াঙ্গুনের ৮০ কিলোমিটার উত্তরের বাগো শহরে যান সু চি। পুলিশ গাড়িবহর ঘিরে রাখলেও সু চির সমর্থকেরা প্রিয় নেত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা জানাতে পিছপা হয়নি। বাগো যাওয়ার পুরোটা পথে হাজার হাজার উৎফুল্ল সমর্থক বিপুল হর্ষধ্বনিতে তাঁকে স্বাগত জানিয়েছে। মুহুর্মুহু শোনা গেছে সু চির সমর্থনে বিভিন্ন স্লোগান। ভক্তরা গলা ফাটিয়ে বলেছে, ‘সু চি দীর্ঘজীবী হোন’। সমর্থকদের তুলে ধরা ব্যানারে লেখা ছিল—‘সু চিকে আমরা ভালোবাসি।’ সমবেত শিশু-কিশোর তরুণদের অনেকেই তাঁকে বাস্তবে দেখল জীবনে প্রথমবার।অতি সম্প্রতি সেনা-সমর্থিত সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইয়াঙ্গুনের বাইরে গেলেন সুচি। দুই পক্ষের সম্পর্কে সাম্প্রতিক কয়েক মাসের টানাপোড়েনের পর ওই বৈঠক একটা বরফ গলার ইঙ্গিত দিয়েছে। বাগো যাওয়ার পথে সু চি একটি প্যাগোডা পরিদর্শন করেন। এ ছাড়া থানাটপিন ও বাগোতে দুটি গ্রন্থাগার উদ্বোধন করেন। থানাটপিনে তিনি প্রায় ৬০০ সমর্থকের সমাবেশে ভাষণ দেন। বাগোর জমায়েতে ছিল প্রায় দুই হাজার লোক। দুটি সমাবেশেই সু চির বক্তব্য ছিল অভিন্ন। ভাষণে তিনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান। থানাটপিনে সু চি বলেন, ‘সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করলেই কেবল দেশের উন্নতি হতে পারে।’ তিনি আরও বলেন, একতাই বল। একতা সবখানেই প্রয়োজন। বিশেষ করে এ দেশে।বাগোতে ভাষণ দেওয়ার সময় সু চি তাঁর দল এনএলডিকে সমর্থন করার আহ্বান জানান। গত বছর সাধারণ নির্বাচনের আগে সামরিক জান্তা দলটি নিষিদ্ধ ঘোষণা করে। সু চি বলেন, ‘জনগণ কী চায়, আমি তা জানি। তাদের আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমি মিথ্যা আশা দিতে চাই না।’গত নভেম্বরে দীর্ঘদিনের গৃহবন্দিত্ব থেকে সু চিকে যখন মুক্তি দেওয়া হয়, তখন অনেকেই ধরে নিয়েছিলেন, এ স্রেফ লোক দেখানো। শিগগিরই কোনো অজুহাত খাড়া করে আবার তাঁকে বন্দী করা হবে। এমন ধারণা করা স্বাভাবিক। এর আগেও একাধিকবার তাঁকে খোঁড়া যুক্তিতে গৃহবন্দী করে আবার কিছুদিন পর ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ১৯৯০ সালের মে মাসে তৎকালীন সামরিক জান্তার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল এনএলডি বিপুল বিজয় অর্জন করা সত্ত্বেও জান্তা সরকার ক্ষমতা হস্তান্তর করেনি। সু চি যাতে কোনোভাবেই ক্ষমতায় না আসতে পারেন, তা নিশ্চিত করতে গত ৭ নভেম্বরের নির্বাচনেও তাঁকে অংশ নিতে দেওয়া হয়নি। এমনকি তাঁর দল এনএলডিকে নিষিদ্ধ করা হয়। এসব ঘটনা বিশ্লেষণ করলে সু চির মুক্ত থাকার বিষয়টি খুব ঠুনকো মনে হয়।সু চি মুক্তি পাওয়ার পর সবচেয়ে উত্তেজনা সৃষ্টি করে গত জুন মাসের শেষ দিকের একটি ঘটনা। এ সময় ‘রিথ লেকচারস ২০১১: সিকিউরিং ফ্রিডম’ শীর্ষক সু চির কিছু বক্তব্য প্রচারের ঘটনা কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মিয়ানমারে গোপনে এই বক্তব্য রেকর্ড করে পরে তা বাইরে পাচার করা হয়। বিবিসির রেডিও ফোরে এটি প্রথম প্রচারিত হয়। এতে সু চি তাঁর গৃহবন্দী থাকার সময়ের অভিজ্ঞতা বর্ণনা করেন।বিবিসির ওই অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী সু চি বলেন, মুক্তির চিরন্তন আকাঙ্ক্ষা মানুষকে ভিন্নমত অবলম্বনে বাধ্য করে। তিনি মিয়ানমারের ১৯৮৮ সালের ছাত্র আন্দোলনকে তিউনিসিয়ার বিপ্লবের সঙ্গে তুলনা করেন। সু চি মন্তব্য করেন, তাঁর দেশে ‘অহিংস বিপ্লব’ সম্ভব। এতে ক্ষিপ্ত হয় জান্তা-সমর্থিত নতুন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সু চিকে ‘আইন লঙ্ঘনের’ ব্যাপারে হুঁশিয়ার করে দেয়। সরকারি নিউ লাইট অব মিয়ানমার পত্রিকায় বলা হয়, সু চি কোনো রাজনৈতিক সমাবেশ করতে ও বক্তব্য দিতে পারবেন না। তাঁর দল যদি সমাজকল্যাণমূলক কিছু করতে চায়, তাহলে সামাজিক সংগঠন হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে পারে। মিয়ানমার সরকার একদিকে বলে আসছে তারা রাজনৈতিক স্বাধীনতায় বিশ্বাসী, আবার এ কথাও বলছে যে ইয়াঙ্গুনের বাইরে সু চির সফর বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।এসব কারণে সু চির শুভাকাঙ্ক্ষীরা উদ্বিগ্ন হয়ে পড়েন, আবার তাঁকে বন্দী করা হয় কি না, তা নিয়ে। গত জুলাইয়ের শুরুতে সু চি ইয়াঙ্গুনের বাইরে প্রথম সফরে প্রাচীন মন্দিরের নগর বলে পরিচিত ‘বাগান’-এ যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলে কিম অ্যারিস। তখনো সু চির বন্দী হওয়ার আশঙ্কা দেখা দেয়।তবে সু চি আর এমন কোনো বক্তব্য দেননি, যা তাঁকে বেকায়দায় ফেলতে পারে। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের কড়া নজর তো রয়েছেই। ধরে নেওয়া যায় সরকার হুট করে তেমন কিছু করবে না। সব মিলিয়ে অল্প দিনেই এই আশঙ্কা ও উদ্বেগের অবসান ঘটবে।মিয়ানমারে বিগত দুই দশকের মধ্যে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক সরকার ক্ষমতায় এলেও তা যে আসলে জান্তারই অন্য মুখোশ পরা চেহারা, তা কারও অজানা নয়। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায় গণতান্ত্রিক সংস্কারের ব্যাপারে দেশটির সরকারের ওপর চাপ দিয়েই যাচ্ছে। এ ব্যাপারে মিয়ানমার সরকার এখনো আশাব্যঞ্জক অগ্রগতি দেখাতে পারেনি। প্রায় দুই হাজার রাজবন্দীর ভবিষ্যৎ কী হবে, এ ব্যাপারে তারা কোন ইঙ্গিত দেয়নি। প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া কয়েক লাখ শরণার্থীর ব্যাপারেও কোনো উদ্যোগ নেই তাদের। দেশের উত্তর-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে ক্ষুদ্র জাতিগত গোষ্ঠী মিলিশিয়াদের বিক্ষিপ্ত সংঘর্ষ চলছেই। সম্প্রতি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুই দফা বৈঠক হয়েছে সু চির। এ ব্যাপারে নিউ লাইট অব মিয়ানমার-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দুই পক্ষ চারটি বিষয়ে সমঝোতার ব্যাপারে গুরুত্বারোপ করে। তা হচ্ছে রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা, পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক নিশ্চয়তা বজায় রাখা এবং সামাজিক উন্নয়ন।সু চির সঙ্গে সরকারি দলের সর্বশেষ বৈঠকে নেতৃত দেন তথ্যমন্ত্রী কিয়াও হসান। একই দিন শ্রমমন্ত্রী অং চির সঙ্গেও বৈঠক হয় সুচির। বৈঠকের পর সংবাদ সম্মেলনে কিয়াও হসান বলেন, এনএলডি চাইলে সরকারের সঙ্গে জাতীয় ঐক্যে শামিল হতে পারে। বিষয়টি নাজুক বলে সরকার তা সতর্কতার সঙ্গে দেখছে। তথ্যমন্ত্রী বলেন, এনএলডি রাজনীতিতে ফিরে আসতে চাইলে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে আইনগত অনুমোদন পেতে হবে। তবে দলটিকে জাতীয় ঐক্যের প্রক্রিয়ায় শামিল করতে যতটুকু সহযোগিতা প্রয়োজন, সরকার সবই করবে। সরকারের সঙ্গে আপাত এই সুসম্পর্কের পরই সু চি প্রথম রাজনৈতিক সফরে গেলেন। সফরে সু চির নিরাপত্তার বিষয়টি একটি প্রশ্ন ছিল। ২০০৩ সালে এ ধরনেরই এক রাজনৈতিক সফরে তাঁর গাড়িবহরে হামলা হয়েছিল। এ ব্যাপারে এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেন, ‘আমাদের দলের সদস্যরা নেত্রীর নিরাপত্তার বিষয়টি দেখবেন। এ ছাড়া সরকারও সহযোগিতা করবে।’ প্রথম সফরেই সাধারণ মানুষের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া পেয়েছেন সু চি। ২৩ বছর বয়সী শিক্ষার্থী উইন মিন্ত বলেন, ‘তাঁকে দেখে আমি খুব খুশি। আমরা সবাই খুশি। এর আগে এভাবে কখনো দেখিনি তাঁকে।’মা থুজা (৩৫) নামের এক নারী বলেন, ‘তাঁকে দেখেছি বলে এখন শান্তিতে মরতে পারব।’ মানবাধিকার সংস্থা অলটারনেটিভ আসিয়ান নেটওয়ার্কের মুখপাত্র ডেবি স্টদার্ড বলেন, নতুন সরকারের সঙ্গে আলোচনায় সু চি কৌশলগত অবস্থান নিয়েছেন। সরকারকে হুমকি দেওয়ার চেয়ে সংলাপের ডাকে সাড়া দিয়ে তিনি ভালো করেছেন। এতে তাঁর রাজনৈতিক উত্তরণের পথ সুগম হবে।