সু চির স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে হয়তো দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার আশা জলাঞ্জলি দিতেই হচ্ছে৷
মিয়ানমারের সংবিধানের ৫৯ (এফ) ধারায় বলা হয়েছে, মিয়ানমারের কোনো নাগরিকের স্বামী বা স্ত্রী অথবা সন্তান বিদেশি নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট পদের প্রার্থী হতে পারবেন না৷ পার্লামেন্টের একটি কমিটির বেশির ভাগ সদস্য সংবিধানের ওই ধারা বহাল রাখার পক্ষে গত সপ্তাহে ভোট দিয়েছে৷
যেহেতু সু চির প্রয়াত স্বামী মাইকেল এরিস ব্রিটিশ নাগরিক ছিলেন, তাঁর দুই ছেলেও বর্তমানে ব্রিটিশ নাগরিক, কাজেই তিনি প্রেসিডেন্ট পদের প্রার্থী হতে পারবেন না৷
২০০৮ সালে মিয়ানমারের তৎকালীন সামরিক জান্তা নতুন করে সংবিধান রচনা করে৷ তখন মূলত সু চি যাতে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে না পারেন, তা নিশ্চিত করতেই ৫৯ (এফ) ধারা অন্তর্ভুক্ত করা হয়৷
পার্লামেন্টের ৩১ সদস্যের ওই কমিটির বেশির ভাগ সদস্য ছিলেন ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি)৷ সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদস্য ছিলেন মাত্র দুজন৷ মাত্র পাঁচজন সংবিধানের ৫৯ (এফ) ধারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন৷
১৯৯০ সালের সাধারণ নির্বাচনে সু চির দল এনএলডি বিপুল ভোটে জয়ী হয়। কিন্তু তৎকালীন সামরিক জান্তা দলটিকে সরকার গঠন করতে দেয়নি। এরপর জান্তা সরকার বিভিন্ন অজুহাতে সু চিকে প্রায় ১৫ বছর গৃহবন্দী করে রাখে৷ ২০১০ সালে বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর সু চি ও তাঁর দল এনএলডি দেশের সংবিধান পরিবর্তনের জন্য চেষ্টা চালিয়ে আসছে৷ ২০১২ সালের উপনির্বাচনে সু চির দল ৪৩ আসনে জয়লাভ করে৷ এনএলডি হয় পার্লামেন্টের বিরোধী দল এবং সু চি হন বিরোধীদলীয় নেত্রী৷
বিরোধীদলীয় নেত্রী হওয়ার পর সু চি সংবিধানের ৫৯ (এফ) ধারা পরিবর্তনের ব্যাপারে আলোচনার জন্য বারবারই প্রেসিডেন্ট থেইন সেইন এবং সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাংকে আহ্বান জানিয়েছেন৷ কিন্তু তাঁরা এখনো আলোচনার জন্য রাজি হননি৷
সর্বশেষ সংবিধানের ওই ধারা বহাল রাখার পক্ষে পার্লামেন্টারি কমিটি রায় দেওয়ার পর সু চি ও তাঁর দল মুষড়ে পড়ে৷ প্রেসিডেন্ট হওয়ার আশায় সংবিধান পরিবর্তনের জন্য প্রচার-প্রচারণা চালানো ছাড়াও সু চি সামরিক বাহিনী-সমর্থিত সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আসছিলেন৷ দেশে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর সরকারি বাহিনীর অত্যাচার-পীড়ন চললেও তিনি এ ব্যাপারে ছিলেন একেবারে নিশ্চুপ৷ এ জন্য তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে৷ মানবাধিকার গোষ্ঠী ছাড়াও মিয়ানমারের অন্যান্য জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ও সু চির ওপর নাখোশ হয়েছে৷ অথচ এখন সেই প্রেসিডেন্ট হওয়ার পথই আবার নতুন করে আটকে দিল সরকার৷
মিয়ানমারে প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না৷ পার্লামেন্ট নির্বাচনে বিজীয় দল তাদের পছন্দের প্রার্থীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে৷ গত বছরের ২৮ ডিসেম্বর এনএলডি ২০১৫ সালে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেয়৷ এনএলডি বলেছে, দেশের সংবিধান যদি সংশোধন না করাও হয়, তবু তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷
এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেন, ‘পার্লামেন্টারি কমিটির এই রায় ইউনিয়ন পার্লামেন্ট দ্বারা অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না যে অং সান সু চির প্রেসিডেন্ট হওয়ার আর কোনো সুযোগ নেই৷’
তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সংবিধানের এই ধারা পরিবর্তন কখনোই হবে না৷ কারণ, পার্লামেন্টে সামরিক বাহিনী ও ইউএসডিপির আধিপত্য রয়েছে৷ পার্লামেন্টের ৭৫ শতাংশের বেশি সদস্যের সমর্থন ছাড়াও সংবিধানের ধারা পরিবর্তনের জন্য মিয়ানমারের ক্ষমতাশালী সামরিক বাহিনীর অনুমোদনের প্রয়োজন হয়৷ কেননা, পার্লামেন্টের ২৫ শতাংশ আসন সামরিক বাহিনীর জন্য বরাদ্দ৷ শুধু তা–ই নয়, তাদের ভেটো প্রদানের ক্ষমতাও দেওয়া হয়েছে। সামরিক বাহিনী নিশ্চয় চাইবে না সংবিধানের ওই ধারা পরিবর্তন করতে।
এখন সু চিকে হয়তো নতুন করে আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। তবে সেই আন্দোলন সম্ভবত হবে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তার জন্য এখনও অনেক পথ চলতে হবে।
তিন বছর ধরে মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত সরকার একটু একটু করে গণতন্ত্রায়ণের দিকে এগিয়ে গেছে৷ বিভিন্ন ধরনের সংস্কার করে এবং সু চি ও তাঁর দল এনএলডিকে পার্লামেন্টে অন্তর্ভুক্ত করে গোটা বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে৷
এর ফলে যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর থেকে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা তুলে নেয়৷ তবে দেশটি এখনো মিয়ানমারের সংবিধানকে অগণতান্ত্রিক বলে বিবেচনা করে৷ গত জানুয়ারি মাসে মার্কিন কংগ্রেস মিয়ানমারের ওপর একটি বিল পাস করে, যাতে বলা হয়, মিয়ারনমারকে আরও সংস্কার করতে হবে এবং সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পূর্বশর্ত হিসেবে সংবিধান পরিবর্তন করতে হবে৷ এখন মার্কিন শর্ত মেনে মিয়ানমার তার অবস্থান পরিবর্তন করবে কি না, সেটাই দেখার বিষয়৷