সু ব ন্ধু স মী পে ষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা যাকের
সারা যাকের

* ১৩ বছর ধরে এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল আমার। দুজনের পরিবারই জানত এ কথা। চাকরির কারণে আমি ঢাকায় আসার পর মেয়েটি অন্য একটা ছেলেকে পালিয়ে বিয়ে করে। আমি সে খবর শোনার পর থেকে গ্রামে কারও সঙ্গে যোগাযোগ করি না, ওর খোঁজখবরও কোনো দিন জানতে চাইনি। কিন্তু সমস্যা হলো, বিয়ের অনেক দিন হয়ে গেলেও তাঁর কোনো সন্তান হয়নি। কোনো দিন নাকি হবেও না। আর এ জন্য মেয়েটি ও তার পরিবার আমাকে দোষী মনে করে। আমি নাকি ‘ফকির করে’ তার ক্ষতি করেছি। তাই আমাকে ভয় দেখায় আমার নামে মামলা করবে। এই নিয়ে দুই পরিবারের সঙ্গে দ্বন্দ্ব চলছে। আমি বুঝতে পারছি না কী করব।

এফ এম কাইয়ুম

বরিশাল।

@ গ্রামাঞ্চলে ‘ফকির করা’ নিয়ে সালিস বসতে পারে, কিন্তু কেউ এই বিষয়ে মামলা করবে। সেটা হতে পারে না। আপনি শুধু শুধু হয়রান হচ্ছেন।

* আমার এক বন্ধুর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু এখন সে একটি মেয়ের প্রেমে পড়েছে। এখন তাকে ফোন করলে সে ফোন ধরে না এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চায় না। অথচ তার বাবা আমাকে খুব বিশ্বাস করেন, সে কোথায় কখন কী করে, তা আমার কাছে জানতে চান। সে সব সময় ফোনে কথা বলে। এতে তার লেখাপড়ার ক্ষতি হচ্ছে। তার বাবার কাছে আমাকে তার বিষয়ে অনেক মিথ্যা কথা বলতে হয়। তাকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু সে আমার কথা শোনে না। আমরা এবার মাধ্যমিক পরীক্ষায় পাস করেছি। এখন আমি কী করব?

এম আর সাগর

দিনাজপুর।

@ তুমি ছোট মানুষ। তোমার বন্ধুর ব্যাপারে তো তোমার দুর্বলতা আছেই। তার বাবা না জেনে তোমাকেই ছেলের আচরণের জন্য কৈফিয়ত দিতে বলছেন। মনে হচ্ছে, তুমি তোমার অজান্তে এটা পছন্দ করছ, কারণ ছেলেটির বাবার কাছ থেকে তুমি স্বীকৃতি পাচ্ছ। তোমার উচিত তার বাবাকে পরিষ্কার বলে দেওয়া যে তুমি ওর ব্যাপারে তেমন কিছু জান না (অভদ্রতা না করে)। তার বাবা বলছেন বলেই তুমি অযথা এই ছেলের আচরণের দায়িত্ব নিয়ো না। তোমার উচিত হবে এখন নিজের কাজে মন দেওয়া।

* আমি যখন সপ্তম শ্রেণীতে পড়তাম, তখন আমার এক নিকটাত্মীয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক হয়। দুই পরিবারের কেউ রাজি ছিল না বলে ওকে অন্য জায়গায় বিয়ে দেয়। এখন সে পরিবার নিয়ে বিদেশে থাকে। ওর বিয়ের অনেক পরে আমার বিয়ে হয়। আমার দুই মেয়ে একজন বিশ্ববিদ্যালয়ে ও অন্যজন নবম শ্রেণীতে পড়ে। ছয় বছর হলো আমার স্বামী মারা গেছেন। ওর সঙ্গে দীর্ঘ ৩০ বছর আমার কোনো যোগাযোগ ছিল না। সাত মাস আগে সে দেশে এসে আমার সম্পর্কে জানতে পারে এবং যোগাযোগ করে। ওর সঙ্গে যোগাযোগের পর আমার মনের পরিবর্তন হলো। আমরা দুজন আবার দুজনকে ভালোবাসতে শুরু করলাম। আমাকে বিয়ে করে সে আমার ও মেয়েদের দায়িত্ব নিতে চায়। আমিও তাই চাই। আমার প্রশ্ন হলো, বিয়ে করাটা কি ঠিক হবে? আমার মেয়েদের মনের অবস্থা কেমন হতে পারে। তারা এ বিষয়টি কি সহজে মেনে নিতে পারবে।

নীলা

@ যে কথাটা অস্পষ্ট থেকে যাচ্ছে, ভদ্রলোক কি এখনো বিবাহিত? যদি তাই হয়, প্রথম স্ত্রীর সম্মতি ছাড়া বিয়ে করার প্রশ্নই ওঠে না। তবে ভদ্রলোকের বৈবাহিক অবস্থান যদি এমন হয় যে আপনি আবার তাঁর সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ হতে পারেন, তাহলে বিষয়টাকে পারিবারিকভাবে দেখতে হবে। যখন আপনার আশপাশের সবাই আপনাকে সমর্থন করবে, তখন মেয়েরাও বিষয়টা মেনে নেবে।

সুবন্ধু সমীপেষু কলামে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা:

সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।