সু ব ন্ধু স মী পে ষু
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা:সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। আজ থেকে প্রায় পাঁচ বছর আগে একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়। আমরা দুজনেই চাকরি করি। মেয়েটি আমার থেকে অনেক দূরে চাকরি করায় খুব একটা দেখা-সাক্ষাৎ হয় না। তবে প্রতিদিন ফোনে কথা হয়। ও খুব ভালো একটা মেয়ে। প্রথমে এই সম্পর্কে আমার পরিবার রাজি না থাকলেও পরে আমি পরিবারকে বোঝাতে সক্ষম হই এবং ওকেই বিয়ে করব বলে সিদ্ধান্ত নিই। কিন্তু এক বছর আগে জানতে পারি, আমার সঙ্গে সম্পর্ক থাকতেই এক সহকর্মীর সঙ্গে তার সম্পর্ক হয়। এমনকি তাদের শারীরিক সম্পর্কও হয়েছিল। আমি জানতে চাইলে অস্বীকার করে এবং এই অভিযোগের প্রমাণ চায়। আমি অনেক টাকা খরচ করে প্রমাণ জোগাড় করি এবং তাকে দেখানোর পর সব স্বীকার করে আমার কাছে ক্ষমা চায়। ছেলেটি যে তার সঙ্গে প্রতারণা করেছে, তা বুঝতে পেরে চরম অনুশোচনায় ভুগতে থাকে। তার এবং তার পরিবারের অবস্থা দেখে আমি আর ক্ষমা করা ছাড়া কিছুই করতে পারিনি। ওর অনেক ভালো গুণও আছে। আর তাই এখনো তাকে ভালোবাসি। এখন আমি কী করব বুঝতে পারছি না। তাকে বিয়ে করা কি ঠিক হবে?নাম প্রকাশে অনিচ্ছুকসিলেট বিষয়টা একেবারে তোমাদের মধ্যে বোঝাপড়ার ব্যাপার। আরেকজনের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা শারীরিক হোক আর না-ই হোক, সেটা যদি তোমাকে খুব অস্বস্তিতে রাখে, তাহলে আমি বলব বিষয়টা আবার ভেবে দেখতে। যদি তুমি বিষয়টা নিয়ে ডিসটার্বড না থাকো, তবে তোমরা আবার সম্পর্ক তৈরি করতে পারো। আমি স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে পড়ছি। আমরা চারজন খুবই ঘনিষ্ঠ বন্ধু। ছয় বছর ধরে আমি তাদের একজনের ছোট বোনের সঙ্গে সম্পর্ক করি। এখন মেয়েটি দশম শ্রেণীতে পড়ে। এই বন্ধুর সঙ্গেই আমার বন্ধুত্ব বেশি গাঢ়। আমাদের সম্পর্কের কথা অন্য বন্ধুরা জানলেও সে জানে না কিছুই। তার বোনের সঙ্গে আমার প্রেম এখন অনেক গভীর। চলতে-ফিরতে বিষয়টা নিয়ে নানা ঝামেলার সম্মুখীন হচ্ছি। কারণ বেশির ভাগ সময় আমি সেই বন্ধুর সঙ্গেই থাকি। আমার কি তাকে বলা ঠিক হবে, না পড়ালেখা শেষ করে জানাব? আমি কী করব কিছুই ভেবে পাচ্ছি না। পড়ালেখায় মন বসাতে পারছি না। আমি এই পরিস্থিতিতে কী করতে পারি?নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক খুব ঘনিষ্ঠ বন্ধু হলে অবশ্যই একটা ইঙ্গিত দেওয়া উচিত। পরে তোমার বন্ধু জানতে পারলে তোমাকে ভুল বুঝবে। সেটা হলে ভবিষ্যতে তোমাদের সম্পর্ক আরও খারাপ হবে। আমার বয়স ২০ বছর, তবে সনদপত্রে ১৮। আমি আমার এক খালাতো ভাইকে ভালোবাসি। সেও আমাকে ভালোবাসে। আমরা সমবয়সী। আমরা গত জুলাই মাসে বিয়ে করেছি। তখন আমাদের কারোরই বিয়ের বয়স হয়নি। আমার বাবা-মা আমাদের এই সম্পর্ক মানতে চান না। তাঁরা এটাও জানেন না যে আমরা বিয়ে করেছি। আমার পরিবারের ধারণা, আমরা সমবয়সী হওয়ায় বিয়ে হলে সন্তান ধারণে সমস্যা হবে। আমার খালা আমাদের সম্পর্কটা মানতে রাজি আছেন। আর ওকে ছাড়া আমার বাঁচা সম্ভব নয়। আমি আমার পরিবারকে কীভাবে বোঝাতে পারি? নাম প্রকাশে অনিচ্ছুক বাবা-মা বা পরিবার প্রথম প্রথম এ রকম একটা অবস্থান নেয়। পরে তারা মেনে নেয়, এটা বেশির ভাগ ক্ষেত্রেই ঘটে। নিজের ছেলেমেয়েকে কোনো বাবা-মা চিরদিনের মতো ত্যাগ করতে পারেন না।আর সন্তান না হওয়ার ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তাঁরা কি মনে করেন, সমবয়সী হওয়ার কারণে তোমার সন্তান হবে না? যদি তাই হয়, তোমার বাবা-মায়ের আশঙ্কা ভিত্তিহীন। একজন চিকিৎসক বিষয়টা আরও ভালোভাবে বুঝিয়ে বলতে পারবেন। চার বছর ধরে পাশের বাড়ির একটি মেয়েকে ভালোবাসি। মেয়েটি যখন জানতে পারল যে আমি তাকে ভালোবাসি, তখন সে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে বলল, আমার মনের আশা কখনো পূর্ণ হবে না। এর পর থেকে তার প্রতি আমার আকর্ষণ আরও বেড়ে গেল। তাকে আমি ফোনে জিজ্ঞাসা করলাম, সে কেন আমাকে ভালোবাসে না। উত্তরে সে বলে, এমনিতেই। আমি বললাম, ‘তোমার যদি কারও সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে তুমি আমাকে বলো, আমি তোমার কাছ থেকে সরে যাব।’ সে বলে, ‘না, আমার কারও সঙ্গে সম্পর্ক নাই। কিন্তু আপনার সঙ্গে প্রেম করব না।’ অনেক চেষ্টার পরে সে আমাকে বলল, আমি নাকি মূর্খ, তাই আমার সঙ্গে প্রেম করবে না। তখন সে অষ্টম শ্রেণীতে পড়ে আর আমি নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে ব্যবসা করি। সে আমাকে মূর্খ বলাতে আমি খুব কষ্ট পেয়েছি। তখন আমার এক বন্ধুর পরামর্শে আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। এখন আমি শেষ বর্ষে আছি আর মেয়েটি এখন উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ে। আমি আসবাব ও টিনের ব্যবসা করি এবং ব্যবসায় খুব ভালো করছি। মেয়েটিকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এখন আমার করণীয় কী?ওয়ালী আশরাফবাঞ্ছারামপুর, বি-বাড়িয়া। মেয়েটাকে এখন প্রস্তাব দেওয়া যায় কি না, সেটা ঠিক বোঝা যাচ্ছে না। যোগাযোগ কি এখনো আছে? যদি থাকে, সরাসরি অথবা তৃতীয় কোনো বন্ধু বা আত্মীয়র সাহায্য নিয়ে বিয়ের প্রস্তাব দেওয়া যায় এবং সেটাই ভালো হবে।