সু ব ন্ধু স মী পে ষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা:সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। আমি স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছি। আমি বুঝতে পারছি না, আমার সমস্যার কথা কী লিখব। দুটাি মাস খুবই অস্থিরতার মধ্য দিয়ে পার করছি। স্কুলে পড়ার সময় একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়। আমাদের এ সম্পর্ক পাঁচ বছরের এবং তা খুবই গভীর। মেয়েটি এ বছর পড়া শেষ করে শিক্ষকতা করছে। ওর এখন ভালো বিয়ের প্রস্তাব আসছে। ছয় মাস ধরে সে আমাকে শুধু এড়িয়ে চলে, ফোন করলে নানা অজুহাত দেখায়। একদিন সরাসরি বলে দেয়, আমি তোমাকে বিয়ে করব না। মেয়েটির এই কথায় আমি ভীষণ কষ্ট পাই। নিজেকে অনেক ছোট মনে হয়। তাই ওই দিন থেকে ফোন দিয়ে ওকে বিরক্ত করি না। মেয়েটির কথা আমি মাকে বলেছি। মা বলেছেন, ওকে যেন দুটো বছর অপেক্ষা করতে বলি। এর মধ্যে আমি পড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াতে পারব। এখনই কিছু করলে বাবা আর আমার পড়াশোনার খরচ দেবেন না। কিন্তু মেয়েটির সঙ্গে দিন দিন আমার সম্পর্কের অবনতি হচ্ছে। মেয়েটির জন্য জীবন থেকে অনেক কিছু হারিয়েছি। তাই মেয়েটি যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে আমি আত্মহত্যার পথ বেছে নেব।নাম প্রকাশে অনিচ্ছুকময়মনসিংহ। তুমি চিঠির শেষে যা লিখেছ অর্থাৎ আত্মহত্যা, সেটা কোনো সমাধানই নয়। তুমি যে খুব কষ্টে আছো, তাতে সন্দেহ নেই। তোমার মা তোমাকে খুব ভালো পরামর্শ দিয়েছেন। কিন্তু পারিবারিকভাবে কোনো পরামর্শ কিংবা সহায়তা তোমার কষ্ট লাঘব করবে না। তোমার প্রয়োজন পেশাদারি সাহায্য। আর যত দিন না তুমি কোনো মনোবিজ্ঞানী কিংবা মনোরোগ চিকিৎসকের সন্ধান পাচ্ছো, তত দিন নিজেকে ব্যস্ত রাখো। বাইরে বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা করো। শারীরিক ব্যায়াম করো। আর অবশ্যই একজন মনোচিকিৎসকের সহায়তা নাও। আমার বয়স ৪৩ বছর এবং আমার স্বামীর বয়স ৫২ বছর। আমাদের বিয়ে হয়েছে ২৭ বছর। বিশ্ববিদ্যালয়পড়ুয়া একটি ছেলে আছে। এ বয়সে সাধারণত সন্তানকে নিয়ে সমস্যা হয় কিন্তু আমার সমস্যা আমার স্বামী। আমি একটি স্কুলে পড়াই আর আমার স্বামী ভালো চাকরি করেন। খুব টাকা-পয়সা না থাকলেও ভালোই কাটছিল। বিয়ের পর থেকেই তার সম্পর্কে আজেবাজে কথা শুনতাম। যতটুকু জেনেছি তাতে এটা প্রমাণিত, বাসায় গৃহকর্মীদের সঙ্গে সে শারীরিক সম্পর্ক গড়ে তুলত। একদিন আমার ছেলে তার বাবাকে গৃহকর্মীর সঙ্গে অস্বাভাবিক অবস্থায় দেখতে পায়। এরপর সে মানসিকভাবে অনেক কষ্ট পায় এবং বাবাকে ঘৃণা করতে শুরু করে। আমি অনেক বোঝানোর পর কিছুটা স্বাভাবিক হয়। যতবার বাসায় গৃহকর্মী রেখেছি, ততবারই একই ঘটনা ঘটেছে। অবশেষে রাখা বাদ দিলাম। কিন্তু এতেও সমস্যার সমাধান হয়নি। সে এখন আমার ছেলের সমবয়সী মেয়েদের সঙ্গে সম্পর্ক করছে। সে একজনকে নিয়ে সন্তুষ্ট থাকে না, একই সময়ে বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্ক করে। এসব দেখে আমি নিজেকে সংযত রাখতে পারছি না। এর প্রতিবাদ করলে সে খুব বিরক্ত হয় এবং বলে আমার অত্যাচারে তার বাসায় আসতে ইচ্ছা করে না। তার ভাষায়, সব পুরুষই খারাপ, সবাই জানে না। আমি জানি বলে আমার কষ্ট বেশি। এ-ও বলে, এটা কোনো ব্যাপার না, তার ভেতরে কোনো অপরাধবোধ কাজ করে না। এখন সমস্যা, একটা মেয়ে তাকে কিছুতেই ছাড়ছে না। আমি মেয়েটাকে অনেক বুঝিয়েছি, আমার স্বামী তার মুঠোফোনের সিমকার্ড বদলে ফেলেছে কিন্তু মেয়েটা যেকোনোভাবে ওর নতুন নম্বর জোগাড় করে ফেলে। ভয় দেখায়, বিয়ের জন্য চাপ দেয়। আমার ভয় ও যদি এখন বিয়ে করতে বাধ্য হয়, আমি কী করব? এত কিছুর পরও আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। ওকে অনেকবার প্রশ্ন করেছি, কোন অভাববোধ থেকে সে এমন করে, কোনো উত্তর দেয় না। আমাদের উভয় পরিবার এসব ঘটনা জানে না। তারা সবাই আমাদের সুখী পরিবার বলে জানে।নাম প্রকাশে অনিচ্ছুকঢাকা। আপনি সত্যিকারের সংকটের মধ্যে বসবাস করছেন। আপনার স্বামীর বর্তমান সম্পর্ক আপনাকে আরও ভীত করে তুলেছে। আপনার সন্তানের কথা ভেবে আপনি চুপ করে আছেন। আপনি সংসারের কথাও বলছেন। সবাই আপনাদের সুখী পরিবার বলেই জানে। আমার পরামর্শ হবে, আপনি কোনো মনোবিজ্ঞানী কিংবা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনি জেনে-বুঝে এতটা পথ অতিক্রম করেছেন। এখনো আপনি ‘সুখী পরিবার’ চিহ্নটা টিকিয়ে রাখতে চান। কোনো মনোবিজ্ঞানীর সুপরামর্শ আপনাকে এই বন্ধুর পথ অতিক্রম করতে সাহায্য করবে। আমার বয়স ২২ বছর। স্নাতক তৃতীয় বর্ষে পড়ছি। যার সঙ্গে সম্পর্ক, সে এবার স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছে। দুজন একই কলেজে পড়লেও আমাদের দেখা হয় না, কারণ তার পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাকে আর পড়ালেখা করাবে না। বিয়ে দিয়ে দেবে। সম্পর্কটা আমাদের ২০০৫ সাল থেকে। দুঃসম্পর্কের ফুফাতো বোন হওয়ায় তার পরিবারের সবাই আমাকে ভালো চোখে দেখত। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন তার বড় বোনের কাছে আমাদের কিছু খুদেবার্তা ধরা পড়ল। বড় বোন তার মাকে বলে দিল। শুরু হলো তার ওপর মানসিক অত্যাচার। আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেল। কয়েক দিন পর সে গ্রামের এক স্কুলে শিক্ষকতা শুরু করল। তখন একটু কথা হতো। আবারও সমস্যা স্কুলে আসা-যাওয়ার পথে সে ইভ টিজিংয়ের শিকার হলো। কিন্তু বাসায় কিছু বলতে পারে না, বললে যদি চাকরি করতে না দেয়। সারাক্ষণ কাঁদত সে, খাওয়াদাওয়া ছেড়ে দিল। আমিও খুব ভেঙে পড়লাম। এর মধ্যে তার বাবা বিদেশ থেকে এসে বললেন, বড় ও মেজ মেয়ে দুজনের বিয়ে একসঙ্গেই দেবেন। বড় বোনকে বিয়ে দেওয়ার আগেই তার জন্য পাত্র ঠিক করা হলো। পাত্রটাকে সব খুলে বললাম, কিন্তু তারপরও বিয়েটা ভাঙল না। আমাদের পরিবারকে আমরা অনেক বুঝিয়েছি, কেউ রাজি হচ্ছে না। পরে সিদ্ধান্ত নিলাম কোর্ট ম্যারেজ করব। সে বলল, এভাবে বিয়ে করলে তার মা-বাবা ছোটবোনদের পড়ালেখা বন্ধ করে দেবেন, এলাকায় মুখ দেখাতে পারবেন না। আমরা একে অন্যকে খুব ভালোবাসি, বিশ্বাস করি, শ্রদ্ধা করি। তাকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না। এখন আমি কী করব? আমি এখনো উপার্জন করি না। আমাদের দুই পরিবারের অবস্থান সমান। এর সমাধান কী?নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক তোমাদের দুজনের পারিবারিক অবস্থান যেহেতু একই পর্যায়ের, তোমাদের বাড়ি থেকে কি পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া যায় না? অবশ্য প্রস্তাবটি তখনই যেতে পারে, যখন তুমি নিশ্চিত হবে যে মেয়ের পরিবার প্রস্তাবটি গ্রহণ করবে। অন্য পথ হচ্ছে, মেয়েটি তার নিজের পরিবারে শক্ত অবস্থান নেবে। সেটাই ঠিক হবে। মেয়েটি তার মা-বাবাকে বোঝাবে। মেয়েটি পরিবারের সব হুমকি বা হুকুম মেনে নেবে, এটা হতে পারে না। মেয়েটির অবশ্যই একটা অবস্থান নিতে হবে। এ ছাড়া আর অন্য কোনো উপায় আমার জানা নেই। আমি স্নাতক পাস করেছি। ২০০৫ সালে মুঠোফোনের মাধ্যমে একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। ২০০৮ সালের শেষের দিকে আমরা বিয়ে করি। আমাদের দাম্পত্য জীবন খুবই সুখের ছিল। আর্থিক অবস্থাও ভালো ছিল, কোনো অভাব ছিল না। ও বলেছিল, ওর বাবা বিদেশে থাকেন। কিন্তু তিন বছর পরে জানতে পেরেছি, ওর বাবার সঙ্গে মায়ের অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে ওর মা আবার বিয়ে করেন। কিন্তু সেই বিয়ের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না। সেই ব্যক্তি ওদের পরিবারের সব খরচ বহন করেন। ওর মা ভালো মানুষ নন। পড়াশোনাই জানেন না। আমি এসব দেখে স্ত্রীকে আমাদের বাসায় নিয়ে এলাম। তাকে ওই পরিবেশে রাখাটা নিরাপদ মনে করলাম না। শাশুড়ির এ ধরনের কার্যকলাপ দেখে তাঁর ওপর আমার ঘৃণার সৃষ্টি হয়। আমার পরিবার আমার স্ত্রীকে গ্রহণ করল শুধু আমার ভালোবাসার দিকে তাকিয়ে। আমি ওকে ওর মায়ের বাসায় যেতে নিষেধ করেছি। কারণ, ও বাসায় গেলেই আমাকে তালাকের নোটিশ পাঠায়। পর পর দুবার তালাকের নোটিশ পাই। আমার স্ত্রী বলে, ওর মা জোর করে ওকে দিয়ে এমন করায়। কারণ, আমি নাকি তাঁর খারাপ দিকগুলো জেনে গেছি। এরপরও আমাদের সংসার ভালোই চলছিল। হঠাৎ একদিন একটা ফোন আসে ওদের বাসা থেকে। ওর মা নাকি অনেক অসুস্থ এবং ওকে দেখতে চান। আমি যেতে নিষেধ করলেও আমার স্ত্রী চলে যায়। কিন্তু পরের দিনই অভিযোগ করে, আমি নাকি তার মায়ের সংসার ভেঙে দিতে চেয়েছি। আমি নাকি তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রীকে সব কথা জানিয়ে দিয়েছি। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, আমার স্ত্রী আমাকে বিশ্বাস না করে আবার তালাকের নোটিশ পাঠায়। কিন্তু এখন সে তার ভুল বুঝতে পেরেছে। আমি এখন কী করব।নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিছু করা কোনো সমাধান নয়। আপনি যদি আপনার স্ত্রীকে এতই ভালবাসেন, তাহলে তাকে তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করার ব্যাপারে কেন উঠে-পড়ে লেগেছিলেন? এটা কাজটা ভালো হয়নি। মেয়েকে মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে দেওয়া উচিত ছিল। মেয়েকে পবিত্র রাখার দায়িত্ব নিশ্চয় আপনার না। যখন মেয়েটিকে বিয়ে করেছেন, সে তো আপনার সঙ্গেই থাকছে—তার মাকে নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার প্রয়োজন ছিল না। যা হোক, যা হওয়ার তা হয়ে গেছে। আপনি হয়তো মেয়েটির মায়ের কারণে কোনো দিনই মেয়েটিকে গ্রহণ করতে পারবেন না। এখন কষ্ট হচ্ছে। ক্রমে ক্রমে নিশ্চয়ই সয়ে যাবে। সহ্য করুন। সময়ে সব ঠিক হয়ে যাবে।  আমি সিএ পড়ছি। ২০০২ সাল থেকে একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক এবং সে এ বছর সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ করল। মার্চ মাসে তার অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়। মেয়েটি বাড়িতে আমার কথা জানায়। কিন্তু তার পর থেকে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং আমি কোনোভাবেই তার খোঁজ নিতে পারছি না। আমাদের একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। এখন তাদের বাড়ি থেকে আমাদের সম্পর্ক যদি মেনে না নেয় তাহলে আমার কি ওই ছেলের সঙ্গে দেখা করে তাকে সবকিছু বলা ঠিক হবে? নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক ছেলেটিকে সবকিছু জানাতে হলে মেয়ের সঙ্গে পরামর্শ করে, প্রয়োজন হলে একসঙ্গে গিয়ে ছেলেটাকে সম্পর্কের কথা বলতে হবে। তুমি একা বলতে গেলে সেটা কাজে দেবে না। সম্পর্ক হয়েছে। দুজনে মিলেই, তাই বিষয়টা মোকাবিলা করতে হবে একসঙ্গেই। দুজনে মিলেই বিষয়টা সামাল দিতে হবে।