সু ব ন্ধু স মী পে ষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা:সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। আমার বয়স ১৮। উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করি। যখন অষ্টম শ্রেণীতে পড়তাম, তখন আমার সঙ্গে একটি মেয়ের সম্পর্ক হয়। মেয়েটিও আমার সঙ্গে পড়াশোনা করত। এখনো আমরা একই কলেজে পড়ছি। বেশ কিছুদিন ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। হঠাৎ জানতে পারলাম, তার বিয়ে ঠিক হয়েছে। আমি সেই ছেলেটির কাছে আমাদের গভীর সম্পর্কের কথা খুলে বললাম। তবু সে মেয়েটিকে বিয়ে করতে চায়। কিন্তু এই পাঁচ বছরের মধ্যে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্কও হয়েছে। এ অবস্থায় আমার কী করা উচিত?মো. আশিকুর রহমান, নওগাঁ।  মেয়েটি বুঝেশুনে বিয়েতে রাজি হয়েছে। আপনাদের সম্পর্ক ছিল কিন্তু মাঝে একটা পর্যায় গেছে, যখন কোনো যোগাযোগ ছিল না।আপনি তো তার স্বামীকে বুঝিয়েছেন যে আপনাদের সম্পর্ক কেমন ছিল আর কত দূর গড়িয়েছে। ছেলেটা যদি তা সত্ত্বেও এই মেয়েটিকে বিয়ে করতে চায়, তাহলে আপনার কিছু করার নেই।আপনি সরে আসুন। শারীরিক সম্পর্ক একটি মেয়েকে ধরে রাখার একমাত্র অস্ত্র নয়।মেয়েটি যদি আপনাকে ভুলে যেতে পারে, আপনিও তাকে ভুলে যান। মনে করুন, জীবনের একটা অধ্যায় শেষ। নতুন এক যাত্রা শুরু করুন। আমার বিয়ের বয়স ১১ বছর। আমাদের দুটি ছেলেসন্তান আছে ১০ ও সাত বছর বয়সের। বিয়ের আগে আমার স্ত্রীর একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। ছেলেটি অন্য একটি মেয়েকে বিয়ে করে। আমি সব জেনেশুনে মেয়েটির সম্মতিতে তাকে বিয়ে করি।আমি ঢাকায় থাকি, সন্তানসহ স্ত্রী গ্রামে থাকে। গ্রামে পাশের বাড়িতে স্ত্রীর পূর্বপরিচিত এক লোক থাকেন। হঠাৎ একদিন শুনি, সেই লোকটির স্ত্রী সন্তানসহ তাঁকে ছেড়ে চলে গেছেন। এর মধ্যে আমার স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। আমি এসব কিছুই জানতাম না।একদিন আমার দুই ছেলেকে নিয়ে সে ওই লোকটির কাছে চলে যায়। কিন্তু লোকটি সন্তানদের ব্যাপারে আপত্তি করলে সে তাদের আমার কাছে দিয়ে যায়। আমাকে তালাক দিয়ে তারা বিয়ে করে। এখন সে মাঝেমধ্যে আমাকে ফোন করে বলে, ‘আমার সন্তান আমাকে দিয়ে দাও। আমি তাদের ছাড়া বাঁচব না।’ আমার নানা বিষয়ে সে খোঁজ নেয়। আমার মনে হয়, আমাকে আর সন্তানদের ছাড়া থাকতে পারবে না সে। যদি সে কোনো দিন চলে আসে, আমি কী করতে পারি তার জন্য? আমিও তাকে ভালোবাসি।নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা। এখন যা পরিস্থিতি, তাতে করে তাঁর ফেরার আশা মনে দানা বাঁধতে দেবেন না। আপনার স্ত্রী অনেক সামাজিক ও আইনি সমস্যা সামাল দিয়ে এই লোককে বিয়ে করেছেন।এখন হয়তো তিনি আবেগাপ্লুত হয়ে পড়ছেন আপনার সঙ্গে কথা বলতে গিয়ে বা বাচ্চাদের কাছে না পেয়ে। আপনি বিষয়টা বুঝে দেখুন। অবশ্যই আপনি কঠিন থাকবেন। তাঁর প্রতি আবেগ দেখাবেন না।এখনো সময় হয়নি বোঝার যে তিনি আপনার কাছে ফিরে আসবেন কি না। আপনাকে তিনি পেয়েছেন কোনো কসরত না করেই। বলা যায়, ‘She took you for granted.’ সেই পরিস্থিতি আপনি আর তাঁর জন্য তৈরি করে দেবেন না। যতটুকু আইনে বলে, ততটুকু সম্পর্ক তাঁর সন্তানদের সঙ্গে রাখতে সহায়তা করুন। সন্তানের অধিকার আছে মা-বাবাকে সমানভাবে পাওয়ার। সেখানে আপনার সঙ্গে আপনার স্ত্রীর কিছু বোঝাপড়ায় আসতে হবে। এই সব পরিস্থিতিতে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী কেমন আছেন। তবে আগ বাড়িয়ে আপনি ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে পদক্ষেপ নেবেন না।সময়ই বলে দেবে, রাস্তা কোন দিকে যাবে। তবে সবশেষ কথা, আপনি আবেগপ্রবণ হবেন না। আমি চাকুরীজীবী। আমার স্বামীও চাকরি করেন। আমাদের দুটি সন্তান। বিয়ে হয়েছে প্রায় ২২ বছর। আমার চাকরির টাকার সিংহভাগ সংসারে খরচ হয়। আমার স্বামী সংসারে কোনো দায়িত্ব নেয় না আমি চাকরি করি বলে। আমার বাবার বাড়িতেও আমাকে মাঝেমধ্যে সাহায্য করতে হয়। আমার স্বামী কিছুতেই এই ব্যাপারটা মেনে নিতে চায় না। তাঁর মা-বোন, আত্মীয়-স্বজনদেরও একই কথা। আমার স্বামী চায় আমার সব টাকা তার হাতে তুলে দিই। কিন্তু দিয়ে দেখেছি, সে সময়মতো সংসারের খরচগুলো করতে চায় না আর সংসারের সব বিষয়ে সে গুরুত্ব ও দেয় না। যার ফলে আমরা কষ্ট পাই। সে বেরসিক মানুষ। আনন্দ, উপভোগ—এসব সে বুঝতে চায় না। সে শুধু চায় টাকা জমাতে, সম্পত্তি বাড়াতে। এটা তার নেশা। তার কোনো কাজ তার মা-বোনদের পছন্দ না হলে আমার ঘাড়েই সব দোষ পড়ে। এ নিয়ে সংসারে ঝগড়া অশান্তি। আমার সঞ্চয় বলতে কিছু নেই। বেতন যা পাই, সংসারেই খরচ করি। স্ত্রী হিসেবে সে আমায় মূল্যায়নও করে না। কিন্তু আমি তাকে খুব ভালোবাসি। তার ব্যবহারে খুবই কষ্ট পাই। আমার বিয়েতে তার আত্মীয়স্বজনের মত ছিল না; কিন্তু ছেলেকে হারাতে হবে মনে করে মত দিয়েছিল। কিন্তু আজও আমাকে তারা মন থেকে মেনে নেয়নি। সে খুব মাভক্ত। এসব ভেবে আলাদা হয়ে যেতে পারছি না, আর তালাক তো দূরের ব্যাপার। এক ছাদের নিচে বসবাস করতে কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি না, আমার এখন কী করা উচিত।নাম ও ঠিকানা প্রকাশের অনিচ্ছুক। আপনি বলেছেন আপনার বিয়ে হয়েছে ২০-২২ বছর। প্রথম প্রথম তো আপনার স্বামী যেভাবে চায় সে রকম করেই চলেছেন। বিষয়গুলো মেনে নিতে নিতে আজ আপনি এমন এক পর্যায়ে এসেছেন, যখন আর এই পরিস্থিতি মেনে নিতে পারছেন না। দু-একটা কথা অবশ্য আপনি আপনার স্বামীর সম্পর্কে ভালো বলেছেন। উনি মা-বাবার অমতে আপনাকে বিয়ে করেছেন; এবার ছেলেকে হারানোর ভয়ে তাঁরাও আপনাকে মেনে নিয়েছেন। স্বামী আপনাকে খুব ভালোবেসেই বিয়ে করেছেন; তবে ২০-২২ বছরে আপনার স্বামী আরও বেশি বেরসিক হয়ে উঠেছেন। আরও বেশি মায়ের আঁচল ধরা হয়েছেন। আসলে আপনার গোড়া থেকেই নিজ অবস্থানটা বুঝিয়ে দেওয়া উচিত ছিল। সবকিছু মানতে মানতে আপনি আজ এই জায়গায় পৌঁছেছেন।যা-ই হোক, হুট করে তো ২০-২২ বছরের সংসার ভেঙে ফেলা যায় না। আপনি স্বামীর সঙ্গে ধীরে ধীরে নিজস্ব একটা সম্পর্ক তৈরি করুন। সে সম্পর্কটা হবে একান্ত আপনাদের দুজনের। যেমন বই পড়েন একসঙ্গে। তারপর তা নিয়ে আলোচনা করেন। একসঙ্গে গান শুনতে পারেন। তাঁর প্রিয় খাবার রান্না করতে পারেন। আপনার হয়তো তার বৈষয়িকতা ভালো লাগছে না, কিন্তু বুঝে দেখুন, তিনি এসব করে রাখছেন আপনাদের সন্তানদের জন্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাস করে দেশের শীর্ষস্থানীয় একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে আইনে (সম্মান) পড়ি। লেখাপড়ায় অমনোযোগী হওয়ার ফলে সম্মান তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হই। এদিকে তৃতীয় বর্ষ চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশগ্রহণ না করার ফলে ওই বর্ষে দুই বছর পড়তে হয়েছে। এ জন্য পুরোনো বন্ধুদের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। আমার তৃতীয় শ্রেণী পাওয়ার বিষয় আমার পরিবার জানে না। বন্ধু বা পরিচিত কেউ জানে বলেও মনে হয় না। পরে স্নাতকোত্তর শেষ করা সম্ভব হয়নি। সবাই বিশ্বাস করে, আমি খুব মেধাবী ছাত্র। আমিও তা-ই মনে করি। কিন্তু আমার তৃতীয় শ্রেণী পাওয়ার গ্লানি আমাকে বিপর্যস্ত করছে। আমার বাবা চান না, আমি আইনজীবী হই। এ দিকে একমাত্র বিসিএস ছাড়া অন্য কোনো চাকরিতে আবেদনই করার শিক্ষাগত যোগ্যতা আমার নেই। আমি বিসিএসের চেষ্টা করতে থাকি। ২৮ ও ২৯তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হই। কিন্তু ক্যাডার পদে সুপারিশ পাইনি পদ স্বল্পতার জন্য। আমি বিশ্বাস করি, ঠিকমতো লেখাপড়া করলে বিসিএসে উত্তীর্ণ হওয়া আমার পক্ষে অসম্ভব নয়। কিন্তু পড়ালেখায় মন বসাতে পারছি না। এদিকে আমি ঢাকায় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। কিন্তু পাশাপাশি কিছু একটা না করলে পড়ালেখার ও ঢাকায় থাকা-খাওয়ার খরচ জোগানো অসম্ভব হয়ে পড়েছে। আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি। না পারছি লেখাপাড়ায় মনোযোগ দিতে, না পারছি আমার মানসিক দুশ্চিন্তার কথা কাউকে বলতে।আশরাফ জামানঢাকা। শুনুন, লেখাপড়ায় এ রকম জটিলতা আসে। সবার যে হয় তা না। তবে আপনার হয়েছে। আপনার লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। তবে আপনি সেটা কাটিয়ে ওঠার সর্বাত্মক চেষ্টা করছেন। জীবনে একটা সময় আসে, যখন কষ্ট করতে হয়।আপনার বয়স আপনার পক্ষে। আপনি চেষ্টা চালিয়ে যান। আত্মবিশ্বাস রাখুন। নিশ্চয় আপনি জীবনে যা চাইছেন তা পাবেন। ফোনে কথা বলতে বলতে একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। সে আমাদের জেলায় একটি কলেজে পড়ে। তার মা-বাবা ঢাকা থাকেন। সে মামার বাড়িতে থেকে পড়াশোনা করে। একসময় জানতে পারি, নবম শ্রেণীতে পড়ার সময় এক বখাটের হুমকিতে ভয় পেয়ে ওর মা-বাবা ওকে গ্রামে পাঠিয়ে দেন। ওর পরিবার উচ্চবিত্ত। আমাদের অবস্থানের সঙ্গে তাদের অনেক পার্থক্য। এসব আগে জানলে হয়তো ওর সঙ্গে সম্পর্ক করতাম না। এর মধ্যেই পরিবার থেকে ওর বিয়ে ঠিক করা হয়। আংটি বদলও হয়ে যায়। কিন্তু সে বিয়েতে রাজি ছিল না। এমনকি আত্মহত্যার চেষ্টাও করে। এ অবস্থায় তার পরিবার থেকে বিয়ে ভেঙে দেয় এবং তাকে আরও পড়াশোনা করানোর প্রতিশ্রুতি দেয়। এভাবেই মেয়েটি উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়। কথা ছিল, এর পরও ঢাকায় পড়াশোনা করবে। এতে আমিও স্বস্তি পাই এই ভেবে, ওর পড়াশোনার সময়টুকুতে আমি নিজের পায়ে দাঁড়ানোর একটা সুযোগ পাব। কিন্তু পরে ও জানায়, ওর অভিভাবক ওকে মিথ্যে বলেছেন। গোপনে সেই ছেলের সঙ্গেই ওর বিয়ে ঠিক করে রেখেছেন। ও আমাদের সম্পর্কের কথা পরিবারকে জানায়। তারা এতে রাজি নন। আমার মা ও বোন আমাদের কথা জানে ও সমর্থন করে। এখন আমার বন্ধুরা বলছে আমরা যেন গোপনে বিয়ে করে ফেলি। দেড়-দুই বছর পর সবাই আমাদের মেনে নেবে।আমি এখন ঢাকায় পড়াশোনা করি। এখন কী করব কিছুই বুঝতে পারছি না।নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।ঢাকা কলেজ স্টাফ কোয়ার্টার। আপনার বন্ধুবান্ধবেরা ঠিকই বলেছে। আপনারা যদি নিজেরা বিয়ে করে ফেলেন সেটাই হবে সবচেয়ে ভালো। এখন দেখুন, এই পরিস্থিতিতে আপনি সেটা করতে পারবেন কি না। আপনার মা-বোনদের সাহায্য পাবেন, বন্ধুদের সাহায্য পাবেন।তবে সবচেয়ে বড় ব্যাপার, আপনার ও আপনার বান্ধবীর সেই সাহসী পদক্ষেপ নিতে হবে।