সু ব ন্ধু স মী পে ষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা:সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।এছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।  এ বছর জুলাই মাসে আমার বিয়ে হয়। আমি স্নাতক পাস করেছি। আমার স্বামী উচ্চমাধ্যমিক পাস। আমরা দরিদ্র। বড় ভাই প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে আমাকে বিয়ে দেন। বিয়ের পর থেকেই আমার শ্বশুর ইফতারি পাঠানো, ঈদের উপহার, জামাইসহ ২০-৩০ জন লোক খাওয়ানো, বিভিন্ন প্রকারের পিঠা-পায়েস তৈরি করে পাঠানোর জন্য অনবরত চাপ দিতে থাকেন। আমার মা-বাবা যত দূর সম্ভব তাঁদের ওই দাবি পূরণ করেন। ৪০ দিনের আমার সংসারজীবন ছিল নরকতুল্য। এ সময়ে স্বামী আমার সঙ্গে একটিবার কথা পর্যন্ত বলেনি। আর শ্বশুর সব সময় ‘তোমার বাপের বাড়ি থেকে এটা আনো, সেটা আনো’ বলে অস্থির করে তুলছিলেন। আমার দুর্ভাগ্য, আমি আবিষ্কার করলাম, আমার স্বামী পুরুষত্বহীন। কারণ ৪০ দিনের বিবাহিত জীবনে স্বামীসুলভ কোনো আচরণ লক্ষ করিনি। এখন আমি বাপের বাড়ি আছি। শ্বশুর-শাশুড়ি আমাকে নিয়ে যেতে চাইছেন। আমার শ্বশুর অত্যন্ত চালাক প্রকৃতির লোক। তাঁর আপত্তির কারণে আমার কাবিন ধরা হয়েছিল পাঁচ লাখ টাকা, যা আমার অন্য বোনের তুলনায় কম। এখন আমি কী করব।নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক আপনি দুটো কারণে এই সংসারে ফিরে যাবেন না।এক. আপনার শ্বশুরবাড়ির লোকেরা অত্যন্ত লোভী। আপনাকে চাপ দিয়ে তারা নিজেদের ভোগের জিনিস আদায় করছে।দুই. আপনার স্বামী পুরুষত্বহীন। ওপরের কারণ বাদে শুধু এ কারণেই আদালতে বিয়ে টেকে না। আমার বয়স ৩৩ বছর। আমার বর্তমান স্বামীর বয়স ৪৮ বছর। আমার প্রথম স্বামীর ঘরে একটি মেয়ে আছে। দ্বিতীয় স্বামীর সঙ্গে দুই-তিন বছর সম্পর্ক থাকার পর তার সঙ্গে বিয়ে হয় ২০০৯ সালে। কথা ছিল, আমার মেয়েকে সে নিজের মেয়ের মতো দেখবে। কিন্তু সে তা করছে না। দ্বিতীয় স্বামীর স্ত্রী মারা যাওয়ার পর আমাকে বিয়ে করে। সেই সংসারে এসে এক মেয়ে ও ছেলে পাই। মেয়ের বয়স ১৭, ছেলের বয়স ১৪ বছর। ওই মেয়েটা আমাকে অনেক জ্বালায়। কিন্তু স্বামী এর কোনো প্রতিবাদ করে না; বরং আমাকে সে মারধর করে। এমনকি ননদ, দেবররাও আমাকে জ্বালায়। তবুও আমার স্বামী আমার হয়ে কাউকে কিছু বলে না। আমার স্বামী মা, ভাইবোনকে খুবই ভালোবাসে। দ্বিতীয় স্বামীর মেয়ে ও ছেলেটাকে আমি নিজের সন্তানের মতো জানি। কিন্তু আমার স্বামী কোনো দিন বুঝল না যে আমি তাকে অনেক ভালোবাসি, তার ছেলেমেয়েকেও। প্রথম স্বামীর আদর-সোহাগ পাইনি বিধায় দ্বিতীয় স্বামীকে অনেক ভালোবাসি। প্রশ্ন হলো, দ্বিতীয় স্বামীকে আমি ভুলে থাকতে পারব না। কিন্তু স্বামীও আমাকে তেমন ভালোবাসে না। কী করলে সমাধান হবে।নাম প্রকাশে অনিচ্ছুকঢাকা। আপনি যখন দ্বিতীয় সংসারে ঢুকেছেন, আপনার সব দিক সামলে চলতে হবে। পরের ছেলেমেয়েকে নিজের ছেলেমেয়ের মতো ঠিক দেখা যায় না। এটা প্রায় অসম্ভব। তবে আপনি আপনার স্বামীকে ভালোবাসেন। এ সত্যটাকে সব সময় মাথায় রাখবেন। সব দিক সামলে চলবেন। দেখবেন একদিন এই কঠিন সংসারজীবন আপনার জন্য ভালো ফল বয়ে আনবে। আমি দশম শ্রেণীতে পড়ি। মার্চ মাসের দিকে এক ছেলের সঙ্গে সম্পর্ক হয়। সে আমার মামাতো ভাই এবং আমার চেয়ে ১০ বছরের বড়। একসময় আমার অন্য এক ভাইয়ের পরামর্শে আমাদের বিয়ে হয় সবার অগোচরে। আমি প্রথমে রাজি ছিলাম না। কিন্তু আমার সেই ভাই আমাদের বুঝিয়ে রাজি করে। প্রায় তিন মাস পর আমার পরিবারের লোকজন বিয়ের কথা জানতে পারে। মা-বাবা আমাকে তালাকের কাগজে একরকম জোর করে স্বাক্ষর করায়। যদি আমি না করতাম, আমার পড়াশোনা বন্ধ হয়ে যেত। কিন্তু এতে আমার কোনো ইচ্ছা ছিল না। এখন ওই ছেলে বলছে, আমি যদি উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে তার কাছে ফিরে না যাই, তবে সে আত্মহত্যা করবে এবং সে যা বলে তা-ই করে। আমার জন্য আমাদের দুই পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। প্রথমে ছেলেটির পরিবার আমাকে মেনে নিয়েছিল; কিন্তু আমার বাবা ছেলেটির মা-বাবাকে অপমান করে এবং সে আমার সম্পত্তির লোভে আমাকে বিয়ে করেছে, এ কথা বলে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা একে অন্যকে খুব ভালোবাসি। ছেলেটি লেখাপড়া করেনি কিন্তু সে এখন চাকরি করে। আমার পরিবার সব সময় বলে, তার সঙ্গে বিয়ে হলে আমাকে সারাজীবন পস্তাতে হবে। তার কোনো যোগ্যতা নেই। সে আমাকে বলেছে, উপযুক্ত হয়ে সে দেখাবে। কিন্তু তাকে কথা দিতে হবে তার কাছে ফিরে যাব। আমার পরিবারের সব স্বপ্ন আমায় নিয়ে এবং তাদের আমি এতটা দুঃখ দিয়েছি যে তারা আজ আমার ওপর থেকে সব বিশ্বাস হারিয়ে ফেলেছে এবং আমাকে তাদের মেয়ে ভাবতেও নাকি কষ্ট হয়। আমি না পারব আমার পরিবার ছাড়তে, না পারব অন্য কাউকে বিয়ে করতে। আমি এখন কী করব?নাম প্রকাশে অনিচ্ছুক তুমি যে ছেলেকে এত ভালোবাসো, তুমি তার কাছেই ফিরে যাবে। প্রথমত, তুমি পরীক্ষাটা দাও। তোমার ভালোবাসার মানুষটিকেও উদ্বুদ্ধ করো লেখাপড়া করার ব্যাপারে। লেখাপড়া ছাড়া বেশি দূর এগোনো যায় না।কেউ যদি নিজের ওপর বিশ্বাস রাখে, তবে সে অবশ্যই নিজের চাওয়াটা অর্জন করতে পারে। সব মানুষ তার ভালোবাসার মানুষকে খুঁজে পায় না। তুমি পেয়েছ। তুমি তাকে ধরে রাখো। তোমাদের জীবন সুন্দর হোক।