সু ব ন্ধু স মী পে ষু
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা:সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলোসিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।এ ছাড়া [email protected] এই ঠিকানায়ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমি আমার পরিবারে সবার ছোট। সবাই আমাকে ভীষণ ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসায় চিড় ধরে, যেদিন তারা জানতে পারে আমার ভাবির ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কের কথা। ছেলেটি একটি মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র। সম্পর্কের কথা জানার পর আমার পরিবার থেকে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। যদিও আমি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিলাম তারপরও আমাকে ভর্তি হতে দেয়নি। আমার পরিবারের কেউ আমাদের সম্পর্ক মেনে নিতে চায় না। কিন্তু ওদের পরিবারের অনেকেই মেনে নিতে রাজি আছে। আমি আমার পরিবারকে অনেক বোঝাতে চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হয়নি। এখন আমি কী করব?স্বর্ণরংপুর। ছেলেটা খারাপ নয়। ভালোভাবে লেখাপড়া করছে।বাবা-মা যখন সন্তানকে খুব বেশি ভালোবাসেন, তখন এই বিষয়টিকে ভুলে যান যে সে এখন আলাদা মানুষ। তাই কোনো যুক্তি ছাড়াই সন্তানের স্বাধীন চিন্তা, সন্তানের স্বাধীন পছন্দকে মেনে নিতে পারেন না।আমি বলব, তুমি ধৈর্য ধরো। ছেলে ভালো। ছেলের পরিবার বিষয়টিকে মেনে নিচ্ছে। আমার বিশ্বাস, সময়মতো সবই ঠিক হয়ে যাবে। আমি যখন একাদশ শ্রেণীতে পড়ি, তখন এক ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় সে হাল ছাড়েনি। প্রায়ই আমার পেছন পেছন কলেজে যেত, রাস্তায় দাঁড়িয়ে থাকত। তার এসব পাগলামি দেখে ভালোবেসে ফেললাম। কিছুদিন পর আমাদের শারীরিক সম্পর্কও হয়। কিন্তু হঠাৎ করেই সে আমায় এড়িয়ে চলতে থাকে। যোগাযোগ করলে আমাকে অনেক অপমান করে। একসময় ওর ওপর জেদ করে আত্মহত্যার চেষ্টা করি। তখন থেকে সে আবার আমার সঙ্গে সম্পর্ক করে। কিন্তু কিছুদিন পরই আবার সিদ্ধান্ত বদলায়। বলে, আমাদের সম্পর্কটা নাকি ভুল ছিল। ওকে যেন ভুলে যাই। আগে কখনো ধর্মের কথা বলেনি। এখন যেন আমাদের ধর্মের পার্থক্যকেই বড় করে দেখছে। একসময় দিনে ১৫-২০ বার ফোন করত। এখন এড়িয়ে চলে। ওর এই পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। পড়াশোনায়ও মন দিতে পারছি না। কী করলে অতীত ভুলে সামনে এগিয়ে যেতে পারব? নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। যা বোঝা যাচ্ছে, এই সম্পর্কটা যে প্রেম এবং আকর্ষণ দিয়ে শুরু হয়েছিল, সেটি আর এখন ছেলেটির দিক থেকে নেই। এই চরম সত্যটা মানা কষ্ট হলেও মানতে হবে। ছেলেটি অনেকভাবে এ বিষয়টা বুঝিয়ে দিচ্ছে। তোমাকে সেটা বুঝে নিতে হবে। সম্পর্কের ছেদ হয় না? সেখানে কষ্ট আছে, থাকবে। সবটাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।আমি আশা করব, তুমি সাহসের পরিচয় দিয়ে সম্পর্কটার ইতি টানবে। আমার বিয়ে হয়েছে চার বছর হলো। আমার দুই বছরের একটি ছেলে আছে। পারিবারিক সম্মতিতেই বিয়ে হয়েছে। অনেকটা নিরুপায় হয়ে তাকে বিয়ে করি। এর আগে আমার এক সহকর্মীর সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আমরা একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়ি। তিনি দুই সন্তানের জনক। অত্যন্ত ভালো মানুষ। আমি তাঁর মতো একজন জীবনসঙ্গী চেয়েছিলাম। আমাদের সম্পর্ক প্রায় আট-নয় বছর ধরে চলছে। তিনি আমাকে গোপনে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু অন্য একটি মেয়ের সংসার নষ্ট করতে চাইনি। তিনি অনেকবার শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলেন, বিবেকের তাড়নায় তাও পারিনি। এদিকে যাকে আমি বিয়ে করেছি তার সঙ্গে আমার সম্পর্ক প্রায় ভঙ্গুর। শারীরিক, মানসিক এমন কোনো নির্যাতন বাদ নেই যে সে করেনি। ধীরে ধীরে তার প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা—সবই হারিয়ে ফেলেছি। মাঝে দুইবার ডিভোর্সের সিদ্ধান্তও নিয়েছিলাম। সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার করে যাচ্ছি। কিন্তু কয়েক বছর ধরে একটি ইচ্ছা আমাকে তাড়া করে বেড়ায়। আমি অনেক কষ্টে মনকে বুঝিয়ে রেখেছি। আমি আমার ভালোবাসার মানুষটির সন্তানের মা হতে চাই, আমাদের ভালোবাসার একটি স্মৃতিস্বরূপ। আমি জানি এটি ঠিক নয়। কিন্তু আমার মনকে কিছুতেই বোঝাতে পারছি না। আমি তো তাঁর সঙ্গে কোনো দিন সংসার করতে পারব না। তাই তাঁর একটি স্মৃতি আমি ধারণ করতে চাই।নাম প্রকাশে অনিচ্ছুকনরসিংদী। একটি মেয়ের সন্তান ধারণের ক্ষমতায় আপনি ক্ষমতাবান হতে চাইছেন। এটা কোনো সুস্থ চিন্তা নয়।আপনার যদি কারও প্রতি ভালোবাসা থাকে এবং তার সন্তান ধারণ করতে চান, তাহলে তো আপনি জানেন কী করা উচিত। সমাজের সব বন্ধন ছিঁড়ে ফেলে সত্যের মুখোমুখি হতে হবে দুজনকেই।কিন্তু সমাজের বাস্তবতার সামনে আমরা অনেক সময় সাহস করে সেই বন্ধন ছিঁড়তে পারি না।আপনি যদি ভালোবাসার জায়গায় শক্ত অবস্থান নিতে না পারেন, তাহলে নিজের সন্তান নিয়ে এখনকার সংসারের দিকে মন দিন। এই বাস্তবতাটাই আপনার জন্য সত্য। সত্যটাকে মেনে নিন। আমি ঢাকার একটি কলেজে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে পড়ছি। উচ্চমাধ্যমিকে পড়ার সময় একটি মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। তার বিয়ে হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই। বিয়ের পরও তার এবং তার স্বামীর সঙ্গে আমার স্বাভাবিক যোগাযোগ ছিল। কিন্তু গত দুই বছর ধরে বুঝতে পারছিলাম আমার বান্ধবীটি মানসিক অস্থিরতায় আছে কোনো সন্তান না হওয়ায়। সে প্রায়ই আমাকে ফোনে তার এ অবস্থার কথা বলে দুঃখ প্রকাশ করত। তার মাঝে মাতৃত্বের একটা চরম আকাঙ্ক্ষা তৈরি হচ্ছিল। তারা চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার স্বামীর সমস্যা চিহ্নিত করেন। উল্লেখ্য, তার স্বামী প্রবাসী এবং বছরে দুইবার দেশে আসে। আমি গ্রামের বাড়ি গেলে প্রায়ই তার সঙ্গে দেখা করতাম। এভাবেই আমরা একটা নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়ি। এখন সে সন্তানসম্ভবা। সে বলে সন্তানটি নাকি আমারই। তার স্বামী কিছুই জানে না। এটা শোনার পর থেকেই আমি চরম মানসিক সংকটে পড়েছি। আমার একটা সন্তান আসছে, এটা ভাবতেই অদ্ভুত একটা শিহরণ অনুভব করি। আবার পরক্ষণেই একটা বেদনাবোধ আচ্ছন্ন করে। কারণ সে আমার সন্তান হলেও তার বৈধ অধিকার বা তার সাহচর্য থেকে আমি বঞ্চিত হব। এটা ভাবতেই আমি দিশেহারা হয়ে যাই। আমি একটা মিশ্র এবং ভয়ংকর অনুভূতির মধ্য দিয়ে সময় পার করছি। আমি একটু শান্তি চাই। যা ঘটেছে তা ভুলে যেতে চাই।নাম প্রকাশে অনিচ্ছুকমালিবাগ, ঢাকা আপনাদের সম্পর্কটা অবৈধ। সেই অবৈধ সম্পর্ক থেকেই সন্তান লাভ। মেয়েটির স্বামী জানবে সে সন্তানের বাবা। এ রকম মিথ্যার ওপর একটা সংসার চলতে থাকবে। এদিকে আপনি জানবেন যে সন্তানটি আপনার। অথচ সন্তানটিকে বৈধ পরিচয় দিতে পারবেন না।আমাদের দেশে অতিরিক্ত যোগাযোগের কারণে এ ধরনের সম্পর্কগুলো তৈরি হচ্ছে, কিন্তু মানসিক বা সামাজিকভাবে আমরা সে রকম ‘ম্যাচুরিটি’ দেখাতে পারছি না। সবচেয়ে ভালো হলো সত্যটাকে মেনে নিয়ে, সত্যের মুখোমুখি দাঁড়ানো। অর্থাৎ মেয়েটি এবং আপনি সমাজকে ভয় না পেয়ে বেরিয়ে আসবেন। সত্য বিষয়টিকে ভিত্তি করে নতুন সংসার করবেন।কিন্তু সেই সাহস যদি আপনার বা আপনাদের না থাকে তাহলে এই কষ্টের মধ্যে, এই মিথ্যার মধ্যেই জীবন যাপন করতে হবে। আমি খালাতো বোনের বাসায় থাকি। পড়াশোনা করিনি। এখানে থেকেই বড় হয়েছি। আমার একটি ছেলের সঙ্গে সম্পর্ক হয় এই বছরের মার্চ মাসে। আমার তার সঙ্গে ফোনে যোগাযোগ হয়। সে প্রথমত আমার বন্ধু হয়ে আমার জীবনে আসে। তাকে আমি দেখিনি কখনো। তার সঙ্গে কথা বলার পর তার কাছে ছবি পাঠাই। ছবি দেখে সে আমাকে পছন্দ করে। গত ঈদে আমি আমাদের গ্রামের বাড়িতে যাই এবং একটি পার্কে তার সঙ্গে দেখা করব বলে ঠিক করি। কিন্তু সে আসেনি। তারপর আমি ফোন দিলে বলে এসেছিল কিন্তু কাজ ছিল বলে চলে যেতে হয়েছে। আমি অনেক রাগারাগি করি। এরপর সে আমার সঙ্গে কোনো যোগাযোগ করে না। পরবর্তী সময়ে জানতে পারি যে সে আমাকে পার্কে দেখেছে এবং ভালো লাগেনি বলে চলে গেছে। কিন্তু আমি এখনো ওকে অনেক ভালোবাসি। আমি তাকে বিয়ে না হোক, অন্তত বন্ধুত্ব করতে চাই। কিন্তু সে এখন আমার সঙ্গে তাও করতে চায় না। এখন আমি কী করব?নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক আগের দিনে অথবা এই দিনেও পারিবারিকভাবে মোটামুটি এ রকমভাবেই কনে দেখানো হয়। তবে সেখানে ছেলেতে আর মেয়েতে আগে থেকে কোনো রকম আবেগিক সম্পর্ক থাকে না। তারপরও মেয়েটিকে দেখে ছেলের হয়তো পছন্দ হয় না বা ছেলেটিকে দেখে মেয়েটির পছন্দ হলো না। এ রকম ঘটকালি করে যে বিয়ে হয়, সেই বিয়েগুলোতেও কষ্ট আছে। একটি মেয়ের কি কষ্ট হয় না, যখন তাকে দেখে ছেলেটির পছন্দ হয় না? আমরা এ রকম করে ঘুরিয়ে-ফিরিয়ে, হাঁটিয়ে, চুল খুলে মেয়ে দেখানোকে নিন্দা জানাই। তারপরও মেয়েটির পেছনে পরিবার থাকে, তারা তাকে সাহস দেয়।তুমি হয়ে গেছ একা। পারলে তোমার কাছের কোনো মানুষের (বোন কিংবা বান্ধবীর) সঙ্গে বিষয়টা আলাপ করো। কথা বলার একটা জায়গা থাকলে, কষ্ট লাঘব হয়। যদি একান্তই তাতে কষ্টটা কাটিয়ে উঠতে না পারো, তাহলে একজন কাউনসিলিং সাইকোলজিস্ট কিংবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাহায্য নাও।