সু ব ন্ধু স মী পে ষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া [email protected] এ ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করছি, পাশাপাশি একটি কলেজে কম্পিউটার অপারেটর পদে চাকরি করছি। আমি যখন দশম শ্রেণীর ছাত্রী, তখন থেকে একটি ছেলের সঙ্গে আমার পরিচয় এবং আমি ওকে খুব ভালোবাসি। আজ পাঁচ বছর যাবৎ ওর সঙ্গে আমার পরিচয়। বিভিন্ন সময় বিভিন্ন রকম ঝামেলার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক এখনো অনেক কষ্টে টিকে আছে। আমরা বিয়ে করতে চাই। কিন্তু আমাদের এ সম্পর্কটা ওর পরিবারের কেউ মেনে নেবে না। আর ও ওর মা-বাবার কথা ছাড়া কিছু করতে পারবে না। কারণ, ও ওর মা-বাবাকে প্রচণ্ড ভালোবাসে। আমিও ওর মা-বাবাকে খুব শ্রদ্ধা করি। আমি ওকে সব সময় বলি, আগে তোমার মা-বাবা, পরে অন্য কিছু। আমি ওকে ভুলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই পারছি না; বরং আত্মহত্যার চেষ্টা করেছিলাম কয়েকবার। যদি জীবনে ওকে না পাই, তাহলে আমার জীবনের মূল্য কোথায়? ওকে আমি ভুলতে তো পারিনি, বরং ভালোবাসাটাও আর গাঢ় হয়েছে। ও ওর মা-বাবাকে সম্পর্কের কথা বললে তাঁরা ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চান এবং দেশ থেকে অন্যত্র পাঠিয়ে দিতে চান। মোট কথা, আমার সঙ্গে যাতে কোনো রকমের যোগাযোগ না থাকে, সে জন্য তাঁরা সব রকমের চেষ্টা করছেন। ওরা অনেক ধনী পরিবার, আমরা দরিদ্র পরিবারের—এটাই কি আমার সমস্যা? আমি এখন কী করতে পারি?নাম প্রকাশে অনিচ্ছুক তুমি শেষে যে কথাটি বলেছ তোমার চিঠিতে, সেটাই রূঢ় সত্য। তবে দারিদ্র্যের ব্যাপারটা লেখাপড়া ও রুচিবোধ দিয়ে যদি ভারসাম্যে আনা যায় তবে বিষয়টা মেনে নেয় অনেক পরিবার। তার চেয়েও বড় কথা, যদি ছেলেটা তোমাকে গ্রহণ করে (তোমার সব দিক দেখে), তবে এটা তারই দায়িত্ব হয়ে দাঁড়ায় যে সে তোমাকে তার পরিবারের কাছে গ্রহণযোগ্য করে তুলবে।আর নিজেকে তুমি সেরকম ভেবো না যে সব সময়ই তোমার অবস্থান ছেলেটির মা-বাবার পরে আসবে। দুটো দুই রকম ভালোবাসা, দুই রকমের দায়িত্ব। ছেলেটির উচিত দুই বিষয়কে স্পষ্ট চোখে দেখা এবং উভয়ের প্রতি বিচারবোধকে কাজে লাগানো। আজকাল তো কাউন্সিলিংয়ের ব্যবস্থা আছে আমাদের বিভিন্ন সরকারি হাসপাতালে; আবার ব্যক্তিগত পর্যায়েও আছে। ছেলেটি কাউন্সিলিংয়ের সাহায্য নিলে ভালো করত। আমি ১০ বছর হলো বিয়ে করেছি। আমাদের একটি সাত বছরের ছেলেসন্তান আছে। আমার স্ত্রী উচ্চশিক্ষিত। আমি একজন প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তা।সমাজে আমার একটা ভাল অবস্থান আছে। বিয়ের পর থেকেই আমার শাশুড়ি আমাদের সংসারে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে আসছেন। আমার স্ত্রী যেকোনো বিষয়েই আমার শাশুড়ির ওপর নির্ভর করে চলেন, এমনকি আমার সঙ্গে কীভাবে আচরণ করবেন, তা-ও। তাঁর কোনো নিজস্ব পরিকল্পনা নেই। আমার স্ত্রী তাঁর আত্মীয়স্বজনদের সঙ্গে সব সময় ভাল সম্পর্ক রেখে চলেন। অথচ বিভিন্ন অজুহাতে আমার আত্মীয়স্বজনদের কাছ থেকে আমাকে দূরে রাখতে পছন্দ করেন। আমি বুঝতে পারি, আমার ভাইবোন, বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করাও তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এ নিয়ে আমাদের মাঝেমধ্যে ঝগড়া-বিবাদ হয়। আমি বিষয়টি কোনোভাবে মানতে পারছি না। আমি চাই দুজনে মিলে সুন্দর একটা সংসার করতে। আমি মা-বাবা ও আত্মীয়স্বজন, যাঁদের নিয়ে বড় হয়েছি, আজ স্ত্রীর জন্য সবাইকে ত্যাগ করতে হবে—এটা আমাকে প্রচণ্ড যন্ত্রণা দেয়। এ ব্যাপারে কোনো পরামর্শ দিলে আমার জন্য অনেক উপকার হতো। নাম প্রকাশে অনিচ্ছুক আপনারা স্বামী-স্ত্রী দুজনেই নিজের মা-বাবা, ভাইবোনকে বেশি পছন্দ করবেন—এটাই স্বাভাবিক। তবে সংসার করতে হলে দুজনে একসঙ্গে মিলে দুই পরিবারের সঙ্গে মেলামেশার একটা জায়গা করে নেওয়া খুবই দরকার। আপনার স্ত্রীর সঙ্গে আপনি খোলামেলা কথা বলুন। আপনার স্ত্রীর মা কী বোঝাচ্ছেন, সেটাকে উপেক্ষা করে আপনি আপনার যন্ত্রণা বা কষ্টের কথা বলতে পারেন। তবে স্ত্রীর সঙ্গে মিলেমিশে নিজ নিজ পরিবারের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নাও হয়, আপনার নিজের জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার ভুবনের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবেন। এটা যেকোনো মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি অবস্থান। ইংরেজিতে এই নিজস্ব জায়গাকে বলা হয় তার নিজস্ব ‘স্পেস’। আপনার স্পেসকে আপনি অবশ্যই বিসর্জন দেবেন না। আমি এইচএসসি পরীক্ষার্থী। নবম শ্রেণী থেকে আমারই সমবয়সী এক ছেলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়। দুজনই পড়ালেখা শেষ করে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আট-নয় মাস আগে সে মাদকের নেশায় জড়িয়ে পড়ে। পরে অনেক চেষ্টায় সে মাদক নেওয়া বন্ধ করতে সক্ষম হয়। এ জন্য সে একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিল। কিন্তু চিকিৎসক তাকে যে ওষুধ দিয়েছিলেন, সেগুলো সে তার ইচ্ছেমতো খেয়েছিল। ফলে এর কিছু প্রতিক্রিয়া এখন দেখা যাচ্ছে। সে নিজেকে স্থির রাখতে পারে না, সব সময় বিষণ্নতায় ভোগে। তার কোনো কিছু মনে থাকে না। কারও সঙ্গে মেশে না। আমি জানি, সে খুব কষ্টে আছে। মাঝেমধ্যে তার হাত-পা কাঁপতে থাকে। তার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম। এখন আমি তার জন্য কী করতে পারি বা তার কী করা উচিত।প্রান্তি (ছদ্মনাম)ঠিকানা প্রকাশে অনিচ্ছুক তোমার বন্ধুটির এই মাদকের সমস্যা থেকে বের হয়ে আসা অত্যন্ত জরুরি। আমি ‘ক্রিয়া’ নামের একটি সংগঠনের শরণাপন্ন হতে পরামর্শ দেব। তোমার বন্ধুর প্রয়োজন একটি সার্বিক তত্ত্বাবধানে নেশা থেকে মুক্ত হওয়া। তুমি ছোট, তোমার পক্ষে এত বড় দায়িত্ব নেওয়া সম্ভব হবে না হয়তো। তুমি অভিভাবক পর্যায়ের কারও সাহায্য নিয়ে এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা নাও।