সু ব ন্ধু স মী পে ষু
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। সাত বছর আগে একটা ছেলেকে পছন্দ করতাম। সেও আমাকে পছন্দ করত। কিন্তু আমাদের পারিবারিক একটি সমস্যার কারণে সম্পর্ক ভেঙে যায়। এর দুই বছর পর ছেলেটি আমার সঙ্গে দেখা করতে আমাদের বাসায় আসে, কিন্তু আমি রাগ করে ওর সঙ্গে দেখা করিনি। এর কিছুদিন পর সে বিদেশ চলে যায়। ওখানে যাওয়ার পর মাঝেমধ্যে আমার বড় বোনের কাছে ফোন করে আমার সম্পর্কে জানতে চাইত, আমার ফোন নম্বর চাইত। আমার বোন কখনো তাকে ফোন নম্বর দেয়নি। এমনকি সে যে ফোন করত, এটাও আমাকে কখনো বলেনি। চলতি বছর সে বিদেশ থেকে চলে এসেছে। আসার পরই আমাদের ফোন নম্বর সংগ্রহ করে মায়ের সঙ্গে কথা বলে বাসায় এসেছিল। সে আমাকে এখন বিয়ে করতে চায়। প্রথমে রাজি হইনি। পরে বুঝতে পারলাম, ছেলেটি এখনো আমাকে ভালোবাসে। আমি চাই, বিয়েটা হোক। কিন্তু আমার বড় বোন রাজি নয়। সে চায়, ওর স্বামী প্রকৌশলী, তাই আমার স্বামীও প্রকৌশলী হোক। কিন্তু ছেলেটি এমবিএ করে এসেছে। আমার বোন বাবাকেও উল্টাপাল্টা বুঝিয়েছে। এ কারণে বাবাও রাজি নন। আমি কী করব কিছুই বুঝতে পারছি না। সেতসিলেট। এই জায়গায় তোমাকে দৃঢ় হওয়া প্রয়োজন। এমবিএ করা একটি ছেলে অবশ্যই উপযুক্ত। তোমার বোন প্রকৌশলী বিয়ে করেছে বলে সবাইকে প্রকৌশলী বিয়ে করতে হবে—এমন কোনো কথা নেই।চারদিকে চেয়ে দেখো, সমাজে কত মানুষ আছে, যারা সফল। মানুষ তার লেখাপড়া ও পরিশ্রম দিয়ে ওপরে ওঠে। তুমি এই ছেলেটির প্রতি বিশ্বাস রাখো। আত্মবিশ্বাসী হও। তোমার শক্তির ওপর সব নির্ভর করছে। আমি স্নাতকোত্তর শেষ করে চাকরির জন্য পড়াশোনা করছি। একটি ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় ছয়-সাত মাস। এরই মধ্যে আমি তাকে অন্য রকমভাবে অনুভব করছি। সে সামনে এলে ভালো লাগে। তাকে দেখার জন্য অপেক্ষায় থাকি। ওর ফোনের অপেক্ষায় থাকি। যেদিন ফোন না করে, সেদিন মনে মনে খুব রাগ হয়। কিন্তু যখনই ফোন আসে, তখন রাগ কমে যায়। আবার দেখা যায়, ফোন আসুক—এটা যখন চাইছি, তখনই ফোন আসে। আমি বুঝতে পারছি যে সে কখনো এ সম্পর্ক প্রশ্রয় দেবে না। তবে ও যে আমাকে অনেকটা অনুভব করে, সেটা বুঝতে পারি। কিন্তু এর পরিণাম কি হওয়া উচিত তা বুঝতে পারছি না। কারণ, সে আমার চেয়ে কয়েক বছরের ছোট। তা ছাড়া তার মধ্যে যে প্রেমে পড়ার মতো কিছু আছে, এমনও নয়। আমি তার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছি। কারণ, সে যদি আমার মনের অবস্থা জানার পর ভুল বুঝে দূরে সরে যায়! আমি তার মতো একজন ভালো বন্ধুকে হারানোর ভয় পাই। আমি কী করব, সে ব্যাপারে পরামর্শ দিলে উপকৃত হব।মারিয়াচট্টগ্রাম। আপাতত বন্ধুত্বের সম্পর্কটাই রাখো। তাড়াতাড়ি প্রেম-ভালোবাসা বা আকর্ষণের কথা বলার প্রয়োজন নেই। ভালো লাগা থেকেই সম্পর্ক প্রেমের দিকে গড়ায়। ছেলেটি তোমার চেয়ে বয়সে ছোট। এ বিষয়টি তোমরা যদি গুরুত্ব না দাও, তবে একসময় সমাজও তা মেনে নেবে। তবে সেই সময় এখনো আসেনি তোমাদের ক্ষেত্রে। তুমি একটু সময় নাও। আমার বয়স ১৮। উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ি। যখন অষ্টম শ্রেণীতে পড়ি, তখন আমার সঙ্গে একটি ছেলের সম্পর্ক হয়। এখন ছেলেটি ঢাকায় ব্যবসায় প্রশাসনে পড়ছে। তার সঙ্গে মাঝেমধ্যে অনেক ঝগড়া হতো এবং তা মিটেও যেত। একপর্যায়ে ছেলেটির সঙ্গে আমার খুব ঝগড়া হয় ভুল নম্বরে ফোন আসা নিয়ে। একটি ছেলে আমাকে ফোন দিত, সে কথাটি আমি তাকে জানাই। একসময় জানতে পারলাম, ছেলেটিকে সে নাকি চেনে, তখন সে আমাকে ওই ছেলের সঙ্গে সম্পর্ক করতে বলে। আমি ওই ছেলের সঙ্গে সম্পর্ক করতে রাজি না হওয়ায় সে তখন আমাকে বলে, সে নাকি আমাকে ভালোবাসেনি। সে আমাকে শুধু প্রেমিকা হিসেবে মনে করেছে। আমার বাসা থেকে সবাই জানে তার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। মা-বাবা ওই ছেলের সঙ্গেই আমার বিয়ে দিতে চান। কিন্তু আমি তাঁদের বলতে পারছি না যে ছেলেটি আমাকে ভালোবাসে না। সামনে আমার পরীক্ষা। এই দুশ্চিন্তার কারণে পড়াশোনা করতে পারছি না। ছেলেটির প্রতারণার যখন কথা বারবার মনে হচ্ছে, তখন পড়াশোনা ভালো লাগছে না। এই মুহূর্তে আমি কী করতে পারি, যা করলে আমি এই দুশ্চিন্তা থেকে রক্ষা পাব। শামীমাবগুড়া এই ছেলের সঙ্গে তোমার সম্পর্ক চার-পাঁচ বছরের। পরিবার যখন দেখে, দীর্ঘ সময় ধরে একটি ছেলের সঙ্গে সম্পর্ক আছে, তখন তারাও গ্রহণ করে নেয় অনেক ক্ষেত্রে। ছেলেটির মন উঠে গেছে। তাই কষ্টটা তোমারই বেশি। অল্প বয়স থেকে সম্পর্কের ব্যাপারে খুব সিরিয়াস হওয়া উচিত নয় বলে অভিজ্ঞজনেরা পরামর্শ দেন। কিন্তু ছেলেমেয়েদের মধ্যে সম্পর্ক হয়ে যায়। পরবর্তী সময়ে বিচ্ছেদের কষ্ট সামাল দেওয়া খুব কঠিন। তোমার সামনে পরীক্ষা। তুমি জোর করে পরীক্ষার প্রস্তুতির দিকে মনোযোগ দাও। পরীক্ষাটা দাও। কিছুটা সময় যাক। তার পর তোমার পরিবারকে বোঝাও, এই সম্পর্কটা নেই। যেটা সত্য, সেটা যেমন তোমার নিজেকে স্বীকার করতে হবে, তোমার পরিবারকেও বুঝতে হবে। আমার বিয়ে হয়েছে দেড় বছর হলো। স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। কী পরিমাণ বেতন পায়, তা আমি জানি না। জিজ্ঞেস করলে জানায়, যে বেতন পায়, তা দিয়ে সে ঢাকায় থাকতে পারে। অথচ আমার বিয়ের আগে থেকেই তার পরিবার বাড়িতে থাকে। এখন তার পরিবার ছাড়া সে ঢাকায় বাসা নেবে না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমাকে কখনো খুশি হয়ে কোনো জামাকাপড় অথবা কোনো উপহার-সামগ্রী দেয়নি; বরং আমার কাছ থেকে বিভিন্ন সময় কৌশলে টাকা নেওয়ার চেষ্টা করেছে। এমনকি আমাকে দিয়ে এসএমই ঋণ নেওয়ার জন্য প্রায়ই চাপ দিত। আমি একটি সরকারি চাকরি করি। সে তার উপার্জন দিয়ে কী করে তা আমাকে জানায় না। সব সময় তার মা, ভাইবোন ও বোনের জামাইয়ের পরামর্শে চলে; এমনকি বিয়ের পর সে বাচ্চা নিতেও বাধা দিয়েছে। স্বামীর পরিবারের লোকজন আমার পরিবারের সঙ্গে কখনো যোগাযোগ করে না; এমনকি আমার সঙ্গেও না। ওর মা আমাকে বলে, তোমার শ্বশুরবাড়ির লোকজন সমস্যায় থাকলে তুমি সাহায্য করবে না? তুমি এমন অস্থির হয়েছ যে তোমার আর কখনো সংসার করা হবে না। আমি বুঝি, আমার স্বামীর আয় কম, তাই আমি কখনো তার কাছে কোনো আবদার করি না। কিন্তু আমার প্রতি তার কোনো দায়িত্ব-কর্তব্য বা মায়া-মমতা নেই। প্রায় আড়াই মাস তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমার পরিবার এখানে সম্পর্ক রাখতে চায় না। আমাকে তারা অন্যত্র বিয়ে দিতে চায়। আমি বুঝতে পারছি না কী করব। নাম প্রকাশে অনিচ্ছুক বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো হয়নি। এখন সম্পর্কটা আরও ভাঙনের দিকে যাচ্ছে। ছেলেটির বা তার পরিবারের যদি তোমার প্রতি দায়িত্ব থাকত, তবে তারা তোমার সঙ্গে যোগাযোগ রাখত। খুব বেশি সময় পার হয়নি। তোমার পরিবার যেমন বলছে, তোমার বিবাহবিচ্ছেদে যাওয়াই ভালো হবে। তুমি তোমার মনকে জিজ্ঞেস করো, পরিবারের কাছ থেকে সমর্থন পাওয়ার পরও কেন তুমি সাহস পাচ্ছ না। সেটা কি সমাজের ভয়ে? বিয়েটা পবিত্র। সেটা ধরে রাখাও ভালো। তবে টান বা দায়িত্ববোধ দুদিক থেকে সমান থাকা অত্যন্ত জরুরি। আমি স্নাতক প্রথম বর্ষে পড়ি। মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়। সে এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা দুজন পাশাপাশি বাসায় থাকি। আমাদের প্রায়ই দেখা হয়, আর সবসময় ফোনে কথা হয়। কিছুদিন আগে আমাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমাদের দুজনেরই ধর্ম আলাদা হওয়ার কারণে পারিবারিকভাবে আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না, আর আমিও পারিবারের অমতে কিছু করতে চাই না। কিন্তু কিছুদিন ধরে সে আমাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিচ্ছে। আমি তাকে ভালোবাসি, কিন্তু কোনো নিষিদ্ধ সম্পর্কে জড়াতে চাই না। তার সঙ্গে অনেক দিন ধরে দেখাও করি না ভয়ে। আমাকে দেখলে সে খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। আমিও নিজেকে সামলাতে পারি না। এখনো তার সঙ্গে সারা রাত ফোনে কথা হয়। আমি এ অবস্থা আর সহ্য করতে পারছি না। আমি চাই, ও আজীবন আমার ভালো বন্ধু থাকুক, তার সঙ্গে সম্পর্কটা যেন নষ্ট না হয়, কিন্তু কোনো নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে আমি আমার বন্ধুত্বকে অপবিত্র করতে চাই না। ওর সঙ্গে কথা না বললে, না দেখলে আমার খুব কষ্ট হয়, আমি এখন কী করব? আমি কাউকে বলতে পারছি না। নাম প্রকাশে অনিচ্ছুক যখন তোমরা মেনে নিয়েছো যে তোমরা দুই ধর্মের হওয়ায় সম্পর্কটা বিয়ে অবধি গড়াবে না, সে ক্ষেত্রে শারীরিক সম্পর্ক তো দূরের কথা, আলাপ-আলোচনাও বন্ধ করে দেওয়া উচিত হবে। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেই সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। এমন যদি হতো, তোমরা শুধুই বন্ধু, তাহলে একটা কথা ছিল। তোমরা তো ভালোবাসায় আবদ্ধ আছো। সেই ভালোবাসা ক্ষীণ হয়ে শুধুই বন্ধুত্ব হয়ে যাবে, সেটা আশা করা যায় না; বরঞ্চ তোমাদের আলাদা আলাদা বিয়ে হবে, কিন্তু সেখানে তোমাদের এই সম্পর্কটা একটা অন্তরায় হয়ে থাকবে। তাই এখানেই সম্পর্ক শেষ করে দেওয়া ভালো।