সু ব ন্ধু স মী পে ষু
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।এ ছাড়া [email protected] এ ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমি এবার স্নাতক পাস করেছি। দ্বিতীয় বর্ষে পড়ার সময় এক সহপাঠী বন্ধুর সঙ্গে সম্পর্ক হয়। একপর্যায়ে সে তার বাবাকে দিয়ে আমার পরিবারের কাছে প্রস্তাব পাঠায়। আমার পরিবার তা মেনে নেয়। আমাদের চতুর্থ বর্ষের পরীক্ষার পর বিয়ে হবে বলে ঠিক হয়। এরপর আমাদের শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আমি একটি বাচ্চাও নষ্ট করি। সে-ই এ ব্যবস্থা করে দেয়। চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হওয়ার আগে থেকেই কেন যেন তার রূপ পরিবর্তন হতে থাকে। সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আমাকে অন্য কোথাও বিয়ে করে সুখী হতে বলে। তিন মাস পর তার সঙ্গে আবার সম্পর্কটা ভালো হতে থাকে। একপর্যায়ে আবার সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এবং সে তার ও আমার বন্ধুদের জানিয়ে দেয়, আমি যেন তার অপেক্ষা না করি।তার পক্ষে এত তাড়াতাড়ি বিয়ে করা সম্ভব নয়। এখন আমার বাসা থেকে আমাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করছে। সে আমাকে আরও দুই বছর অপেক্ষা করতে বলে, যা আমার পরিবার মেনে নিতে রাজি নয়। আমি কিছুদিন আগে তার বাসায় গিয়ে সব জানাই। তার মা-বাবা বলেন, ‘ছেলে বিয়ে না করতে চাইলে তো তাকে জোর করা যায় না, তুমি বরং ওকে বোঝাও।’আমি অনেকবার তাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি এবং অন্য কোথাও বিয়ে করব সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু মনস্থির করতে পারছি না। আমি অন্য কোথাও বিয়ে করলে পরবর্তী সময়ে কোনো সমস্যা হবে বা আমার শারীরিক সম্পর্কের ব্যাপারটা কি আমার স্বামী বুঝতে পারবে? নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল। যে ছেলেটির সঙ্গে তোমার সম্পর্ক তৈরি হয়েছিল এবং পারিবারিকভাবেও সব ঠিকঠাক হয়েছিল, এক বছরের ব্যবধানে সম্পর্কটা বদলে গেছে। আমার কাছে ছেলেটির আচরণ ভালো মনে হচ্ছে না। এখনো সে এক জায়গায় থিতু হয়নি। এই ছেলেকে বিয়ে করলে তোমার জীবনে শান্তি আসবে বলে মনে হয় না। ছেলেটি তোমাকে ভোগাবে। তোমার সামনে দুটি রাস্তা খোলা আছে। এক. তুমি ছেলেটির সঙ্গে একটা আলোচনায় বসতে পারো। তবে সে ক্ষেত্রে একজন পেশাদার কাউন্সেলরের কাছে যাওয়া জরুরি। তাঁরা দুজনকে একসঙ্গে বসিয়ে কথাবার্তা বলবেন, এবং তোমাদের দুজনকে বুঝতে সাহায্য করবেন একজন আরেকজনকে কতটা চাও। এ সুবিধা ঢাকার বাইরে কোথাও আছে কি না জানি না। তবে ঢাকার কমিউনিটি ক্লিনিক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ক্রিয়া এবং অন্যান্য জায়গায় কাউন্সেলিংয়ের সাহায্য পাওয়া যায়। ছেলেটি যেহেতু এখনো তোমাকে ওদের বাড়িতে নিয়ে যাচ্ছে, তা থেকে মনে হয়, ওর মধ্যে তোমার জন্য কিছুটা হলেও টান আছে।দুই. তুমি ছেলেটিকে (কাউন্সেলিংয়ের আশ্রয় ছাড়াই) তোমার জীবন থেকে বাদ দিতে পারো। সেই ছেলের ব্যবহার দোদুল্যমান, তোমার জন্য সম্পর্কটা বজায় রাখা ঝুঁকিপূর্ণ। অনেক পরামর্শ করে, সাহায্য নিয়ে সে হয়তোবা একসময় উপলব্ধি করবে তোমাদের বিয়ে করাটা ঠিক হবে না। ওর সঙ্গে যে শারীরিক সম্পর্ক হয়েছে, সেটা অনেকটা ছেলেটির ইচ্ছাতেই। তা ছাড়া, একজন আরেকজনকে ভালোবাসলে, এ রকম শারীরিক সম্পর্ক হয়ে যেতে পারে। এটা নিয়ে অপরাধবোধে ভোগার কিছু নেই। তুমি আরেক জায়গায় বিয়ে করলে এ বিষয়টি কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তুমি বিষয়টি তোমার স্বামীর কাছে কীভাবে তুলে ধরছো, সেটার ওপর অবশ্য অনেকটাই নির্ভর করে। বিয়ের পর থেকেই আমার স্ত্রী কেমন যেন অন্যমনস্ক থাকে। কয়েক মাস পর জানতে পারি, তার অন্য এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল এবং তার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে হয়েছিল, তার মা-বাবা তাদের তালাক করিয়ে এক প্রকার জোর করে আমার সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর কিছুদিন সে বলত আমাকে ভালোবাসে কিন্তু আমার কাছে থাকতে চায় না। অসুস্থতার কথা বলে বাড়ি চলে যায়। পরে আমাকে বলে আগের প্রেমিককে সে সত্যিকার ভালোবাসে। ওই ছেলের স্মৃতি নিয়ে সারা জীবন কাটাতে চায়। আমার কাছে নাকি আসবে না। কিন্তু তাকে ছাড়া আমি সত্যিই খুব কষ্ট পাচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক একসময় আপনার স্ত্রীর প্রতি ভালোবাসার টান, দায়িত্ব-কর্তব্য আপনার স্ত্রীকে স্পর্শ করবে। তবে মনে হচ্ছে, সেটা অনেক সময়ের ব্যাপার। তবু আপনি ধৈর্য ধরে সম্পর্কটা লালন করেন, হয়তো সে আপনার কাছে ফিরে আসবে। তবে একটা ব্যাপারে খেয়াল রাখা প্রয়োজন হবে, সে কি আগের প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখছে? সে ক্ষেত্রে আপনিও সম্পর্কটা শিথিল করে আনুন। কষ্ট হবে প্রথমে, তবে আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে।