সু ব ন্ধু স মী পে ষু
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। আমি স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। পাঁচ বছর ধরে যার সঙ্গে সম্পর্ক সে অন্য ধর্মের। সে এখনো ছাত্র। আমরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু ধর্ম ও পরিবার ত্যাগ করে তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হবে না, আর সেও পরিবারের অমতে আমাকে গ্রহণ করতে পারবে না। এই ব্যবধানের কারণে গত পাঁচ বছরে আমি অনেকবার চেষ্টা করেছি এই সম্পর্ক ভাঙতে, কিন্তু পারিনি। যোগাযোগ বন্ধ থাকলে দুজনই মানসিকভাবে ভেঙে পড়ি, তাই সম্পর্ক চালিয়ে যাচ্ছি। সে বলে, ভবিষ্যতের কথা ভেবে আমি যেন বর্তমান সম্পর্কের এই সুন্দর সময়টা নষ্ট না করি। সে চায় আমি অন্য কাউকে বিয়ে করার আগ পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক রাখি। আমি খুব সিদ্ধান্তহীনতায় আছি। আমি কি ওই সম্পর্ক চালিয়ে যাব, নাকি সম্পর্ক থেকে দূরে সরে আসব? সুবর্ণাঠিকানা প্রকাশে অনিচ্ছুক। সিদ্ধান্তটা তোমার। যদি সত্যিই তুমি এই ছেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে না পার, তাহলে এই সম্পর্ক ত্যাগ করাই সমীচীন হবে। ‘যত দিন চলছে চলুক’—এই মনোভাব নিয়ে চললে ক্ষতি বৈ লাভ হবে না। তুমি নিজে বিবেচনা করে দেখ, তুমি কোন দিকে যেতে চাও। অনেক ক্ষেত্রে গভীর ভালোবাসা যেকোনো বাধা অতিক্রমও করতে পারে। বিষয়টা ভেবে দেখ। প্রায় তিন বছর আগে আমি পড়াশোনার জন্য যশোর থেকে ঢাকায় আসি। তার কিছু দিন আগে যশোরে আমার সঙ্গে একটি মেয়ের পরিচয় হয়। বছর খানেক বন্ধুত্বের পর আমাদের সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। ও এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে। আমি স্নাতক প্রথম বর্ষে পড়ি। ওর পরিবার আমাদের সম্পর্কটা মেনে নিয়েছিল।কিন্তু এই রোজার ঈদের চার দিন পর এক ছেলে দুপুরে আমাকে ফোন করে বলল, মেয়েটি তার সঙ্গে আছে এবং তারা বিয়ে করেছে। মেয়েটিও তা স্বীকার করে। ওরা দুজন একই সঙ্গে পড়ত। মেয়েটির পরিবার ওদের খুঁজছে। তারা আজ দিশেহারা। আর আমি পাগলপ্রায়। ঘুমাতে পারছি না। এক মাস পর পরীক্ষা। কিন্তু কিছুই পড়তে পারছি না। আমি নেশাকে ঘৃণা করি। কিন্তু কত দিন ঘৃণা করে থাকতে পারব জানি না। পারিবারিক সম্মান রক্ষার জন্য, নিজের সম্মান, নিজের ভবিষ্যতের জন্য ওকে আমি ভুলতে চাই। কিন্তু পারছি না। এই মুহূর্তে আমি কী করব?সুবাস্সুম মুনীর ঢাকা। এখন তুমি খুবই উতলা অবস্থায় আছ। এই মুহূর্তে তোমার কথা বলা প্রয়োজন একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের সঙ্গে কিংবা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে। কোনোক্রমেই নেশার ফাঁদে পড়বে না। এটা তোমার জন্য খুবই ক্ষতিকর হবে।কোনো মেয়ে দ্বারা পরিত্যক্ত হলে, অনেক সময় যদি কাউন্সেলিং নেওয়া দুরূহ হয়ে পড়ে, অনেকে প্রচুর ব্যায়াম করে। একজন বন্ধু তৈরি করো যে সার্বক্ষণিক সময় দিতে পারবে। তুমি এই ধরনের অবলম্বনের কথাও ভাবতে পার। আমি একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। কিন্তু আমি এখন শঙ্কিত। আগে যেভাবে পড়াশোনা করেছি, এখন তার এক-চতুর্থাংশও করতে পারছি না। যা-ই পড়ি কিছুক্ষণ পর ভুলে যাই। আগে বয়েজ স্কুলে পড়ার সময় ভুলেও মেয়েদের দিকে তাকাতাম না কিন্তু এখন উত্ত্যক্ত করতেও ছাড়ি না। অনেক দিন ধরে চেষ্টা করছি এসব খারাপ দিক থেকে ফিরে আসতে, কিন্তু পারছি না। হোস্টেলে থেকে পড়াশোনা করি। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় খারাপ মন্তব্যে চলে যাই। গালি দিয়ে কথা বলি। এভাবে আমি চলতে চাই না। কিন্তু কেমন করে কী যেন হয়ে যায়।আবার বুয়েটে পড়ার তীব্র ইচ্ছা আমার। কিন্তু এখন আমার যা অবস্থা তাতে বুয়েট কেন, জাতীয় বিশ্ববিদ্যালয়েও চান্স পাব বলে মনে হয় না। আমি চাই এখন থেকে সামনে যে সময়টুকু আছে, সে সময়টুকু খুব ভালোভাবে কাজে লাগাতে।রানিমমাদারীপুর। মানুষ কী না পারে? আর তুমি তো একজন জিপিএ-৫ পাওয়া ছেলে। তুমি এটাও বুঝতে পেরেছ যে অন্য ছেলেদের সঙ্গে হোস্টেলে থাকার কারণে তোমার মধ্যে একটা পরিবর্তন এসেছে। তুমি যখন সবটাই বুঝতে পারছ, তখন তুমি সব কিছুর সমাধানও করতে পারবে।একটা কথা আছে, ‘ফোকাস ডিমান্ডস স্যাক্রিফাইস’। তুমি যদি পড়াশোনার ব্যাপারে ফোকাসড হও, তাহলে তোমার ফাজলামো, মেয়েদের উত্ত্যক্ত করা এসব বিষয় নিয়ে মেতে থাকলে চলবে না। একমনে পড়াশোনার দিকে স্থির দৃষ্টি রাখো, দেখবে জীবনটা তোমার হাতের মুঠোয়। আমি শিক্ষকতা পেশায় আছি। ২০০৭ সালে আমি দূর সম্পর্কের এক খালাতো বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি। তখন আমি বেকার থাকায় তাকে বিয়ে করার সাহস দেখাইনি। ২০০৯ সালে তার বিয়ে হয়ে যায়। কিন্তু তার পরেও ফোনে আমাদের কথা হতো এবং এভাবে আমাদের সম্পর্ক চলতে থাকে। তারপর সে হঠাৎ একদিন আমাকে জানায় তার স্বামী সন্তান জন্মদানে অক্ষম। সে আমাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার কথা বলে। আমাদের শারীরিক সম্পর্কের মাধ্যমে তার একটি মেয়েসন্তান হয় এবং সে আমাকে জানায় এই সন্তানটি আমার। বর্তমানে মেয়েটির বয়স দুই বছর এবং আমার কাছে মনে হয় তাকে ছাড়া হয়তো আমি বাঁচব না। এখন আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই এবং এ ক্ষেত্রে কোনো আইনি জটিলতা আছে কি না বিস্তারিত জানতে চাই।মো. ফারুকবীরগঞ্জ, দিনাজপুর। আপনারা একে অপরের সঙ্গে সম্পর্ক রেখেছেন, মেয়েটির বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও। আর মেয়েটি এখন বিবাহিত। মেয়েটি বলেছে তার স্বামী সন্তান জন্মদানে অক্ষম। যে মেয়ে হয়েছে, সেই সন্তানটি আপনার। এ কথার সত্যতা বিচার করে দেখার ব্যাপার আছে।আইনের এবং সমাজের চোখে একমাত্র মেয়েটির বিয়েটাই সত্য। আপনি কোন জোরে এই সন্তানের ওপর অধিকার স্থাপন করবেন? একমাত্র মেয়েটাই যদি সিদ্ধান্ত নেয় সে তার সন্তানকে নিয়ে আপনার কাছে চলে আসবে, তবে আপনার চাওয়া-পাওয়ার একটা সমাধান হতে পারে।আপনাদের মধ্যে কি সেই রকম বোঝাপড়া আছে? আপনি এবং আপনার সঙ্গী কি সাহস করে যে সত্যকে আপনারা সত্য বলে জানেন তাকে স্বীকার করবেন? সব প্রশ্নের উত্তর আপনার চেয়েও বেশি মেয়েটির দিতে হবে। তবেই হয়তো আপনার সমস্যার সমাধান হবে। আমি স্নাতকোত্তর পর্যায়ে পড়ি। আমি যখন নবম শ্রেণীতে পরতাম, আমার একজন গৃহশিক্ষক ছিলেন। তিনি আমার থেকে সাত বছরের বড় ছিলেন। তাঁকে আমি খুব সম্মান করতাম। আমার মাধ্যমিক পরীক্ষার কিছু দিন আগে তিনি আমাকে ভালোবাসেন বলে জানান। কিন্তু আমি তাঁকে এমনিতেই জানাই আমি আমার একজন বন্ধুকে পছন্দ করি। তবে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। তারপর আমার বন্ধু সম্পর্কে কিছু তথ্য দেওয়ার নাম করে এবং পড়ানোর জন্য তিনি আমাকে তাঁর বাসায় নিয়ে যান। আমি তাঁকে অনেক বিশ্বাস করতাম। তিনি সেদিন আমার অনিচ্ছায় আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। তাই আমি তাঁকে আমার জীবনে মেনে নিয়েছিলাম। যদিও আমি তাঁকে ভালোবাসতাম না, তবুও আমি তাঁকে বিয়ে করতে রাজি হই। কিন্তু কিছুদিন পর তিনি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। দেড় বছর পর তাঁকে আমি স্ত্রী, সন্তানসহ দেখতে পেয়েও অবিশ্বাস করিনি। কারণ, আমি তাঁকে ভালো মানুষ বলেই জানতাম।আমি ছয় বছর নিজেকে ঘৃণা করে কেঁদেছি। পাপের ভয়ে আত্মহত্যা করিনি। এখন আমি একজনকে অনেক ভালোবেসে ফেলেছি। সেও আমাকে ভালোবাসে। আমি তাকে আমার অতীত বলিনি। তাই আমি আমার বিবেকের কাছে কষ্ট পাচ্ছি। কিন্তু বলতে ভয় পাচ্ছি। যদি সে আমাকে ছেড়ে চলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক। লোকটি আপনাকে অতি অল্প বয়সে বাসায় নিয়ে আপনার সঙ্গে আপনার অমতে দৈহিক সম্পর্ক করেছেন। এই বিষয়টা স্পষ্ট ভাষায় ধর্ষণ বলা হয়।দৈহিক সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সমাজে। সেই কারণেই আপনি মানসিকভাবে তাঁকে নিজের সঙ্গী হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করেছেন। পরবর্তী সময়ে এটা আরও প্রমাণিত হয়েছে সে লোকটি অসৎ এবং লম্পট।বর্তমানে আপনি যার সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছেন, তার কাছে আপনি আপনার এই অপ্রিয় অধ্যায়ের কথা বলতে চাইছেন। আসলে ঘটনাটি আপনি ঘটাননি। এর জন্য আপনি দায়ী নন। সুতরাং আপনার দায় এটা নয় যে তাকে আপনার জীবনে সব ঘটনা বলতে হবে। আপনি আপনার এই সম্পর্কটিকে সুন্দর করে তোলার চেষ্টা করুন। আগের অভিজ্ঞতার সঙ্গে এই বর্তমান সম্পর্কের কোনো যোগ নেই।যদি তার পরও আপনি বিবেকের দংশনে ভোগেন, তবে একজন ক্লিনিক্যাল অথবা কাউন্সেলিং সাইকোলজিস্টের পরামর্শ নিন। আমার বয়স ২৯ বছর, আমার স্বামীর বয়স ৩৩-৩৪ হবে। আমাদের বিয়ে হয় সবার অজান্তে। বিয়ের কিছুদিন পর জানতে পারলাম আমার স্বামী নেশাগ্রস্ত। আমার পরিবার থেকে আমাকে সবাই আলাদা করে দিলেও তারা চেষ্টা করে আমাদের তালাক করাতে। কিন্তু আমি তা করিনি। আমি সব সময় চেয়েছি তাকে ভালো পথে আনতে। আমি একটি চাকরি করি। সেও চাকরি করে। কিন্তু ছয় মাস থেকে এক বছর পর পর চাকরি বদলায়। তার সঙ্গে আমার ১০ বছরের সংসার। আমাদের একটি ছয় বছরের মেয়ে আছে। দুই পরিবার থেকে আমাদের মেনে নিয়েছে। সে নেশাগ্রস্ত বলে আমি আমার পরিবার, আমার অফিস, সমাজে সবার কাছে ছোট হয়ে গেছি। আমার বেতনের টাকা ব্যাংক থেকে তুলে বলে আমার টাকা, আমি তোমাকে চাকরি করতে দিয়েছি তাই তুমি চাকরি করতে পারছ। আমার সব গয়না বিক্রি করে নেশা করেছে। সে তার জমিজমাও শেষ করেছে। তাকে দুইবার কাউন্সেলিং করানো হয়েছিল। নিরাময় কেন্দ্রে যেতে সে রাজি হয়নি। এখন সে বেকার। রাতে ঘুমায় না। টিভি দেখে, গাঁজা খায়।আমার ওপর শারীরিক নির্যাতন করে। আমি তার সঙ্গে থাকতে চাই না। আমি আমার মেয়ের জন্য তাকে ছেড়ে জীবনে সুখী হতে চাই। তাকে কীভাবে তালাক দিতে পারব। মলিরংপুর। আপনি দশ বছর ধরে একজন মাদকাসক্তকে সঙ্গ দিয়েছেন। সব কিছু জেনেও আপনি তাঁকে পরিত্যাগ করেননি। কিন্তু বলা হয়ে থাকে যে একটা পর্যায়ের পর বিষয়টা আর স্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে না। যাঁরা মাদকাসক্ত নিয়ে কাজ করেন তাঁরা বলেন, ‘মাদকাসক্ত মানুষের সঙ্গীর নিজস্ব জীবন থাকা উচিত এবং তাঁর সন্তানেরও।’ আপনি ১০ বছর পর যখন সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আর এই মানুষটির সঙ্গে বসবাস করবেন না, আপনি আইনের সহায়তা নিয়ে তাঁর কাছ থেকে আপনার সন্তানসহ পৃথক হতে পারেন। আইন আপনাকে সাহায্য করবে এই কারণে যে আপনার স্বামী এই সমস্যা থেকে নিস্তার পেতে কোনো ডাক্তারি সাহায্য নেননি। বিয়েটা রক্ষা করতে তাঁর কোনো তাড়না ছিল না। আমি স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে পড়ি। একটি মেয়েকে ভালোবাসি। কোনো দিন তাকে কথাটা বলতে পারিনি। আমি তার সামনে যেতে পারি না। কেননা আমার খুব কষ্ট হয় ও কান্না আসে। সে আমার থেকে দুই বছরের বড়। আমি জানি, তাকে কোনো দিন বিয়ে করতে পারব না। সে আমার ফুফু হয়। আমার দাদার আরেক ভাইয়ের মেয়ে। এমতাবস্থায় অনেক চেষ্টা করেও তাকে ভুলে থাকতে পারছি না। দিন দিন ওই চিন্তাগুলো আমার পড়ালেখাসহ মানসিক অবস্থা খুব খারাপ করে দিচ্ছে। এখন আমার কী করা উচিত।আলিম তালুকদার রাজারগাঁও। মেয়েটি আপনার খুবই কাছের আত্মীয়। এই সম্পর্ক সামাজিকভাবে হালে পানি পাবে না। তার ওপর মেয়েটি আপনার চেয়ে দুই বছরের বড়।আমাদের দেশ ও সমাজের পরিপ্রেক্ষিতে চিন্তা করলে বিষয়টি কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব। আপনি মেয়েটির কাছ থেকে দূরে সরে পড়ুন। এটাই সবচেয়ে সহজ উপায় তাকে ভুলে থাকার।