সু ব ন্ধু স মী পে ষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।  আমি স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ি। অনেক দিন আগে একটা ছেলের সঙ্গে আমার বন্ধুদের মাধ্যমে মোবাইল ফোনে পরিচয় হয়। দীর্ঘদিন ধরে কথা বলতে বলতে ছেলেটা আমাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু আমি ওর প্রস্তাবে রাজি হই না। তার পরও আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা থেকে যায়। একসময় আমিও ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়ি এবং সেই ছেলের প্রস্তাবে সম্মতি দিই। তখন থেকে আমাদের সম্পর্কটা চলতে থাকে। কিন্তু এক বছর পরে সে আমাকে বলে, ‘আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক নয়, বন্ধুত্বের সম্পর্কটা রাখতে চাই।’ ছেলেটি বলে, ‘তুমি ভালো করে পড়ালেখা করো। নিজে প্রতিষ্ঠিত হও, আমিও প্রতিষ্ঠিত হই। তখন যদি ভাগ্যে থাকে, তা হলে আমাদের মিল হবে, না হলে হবে না।’ তাহলে ও কি আমাকে ভালোবাসে নাকি ভালোবাসে না? আমি ওকে আমার বন্ধু ভাবতে পারি না। কিন্তু ও বন্ধুত্বের সম্পর্কটাই টিকিয়ে রাখতে চায়। তাই আমাদের মধ্যে এখন কোনো রকমের যোগাযোগ হয় না। কিন্তু সব সময় আমি ওকে মনে করি। আমি কি ওর জন্য অপেক্ষা করব কয়েক বছর?অয়ন্তীপাবনা এই বয়সে এই মোবাইলের যুগে সম্পর্ক খুব সহজে হয়ে যায় এবং যাচ্ছে। ছেলেটির ব্যবহার দেখে মনে হচ্ছে, ও আর এই সম্পর্ক চায় না। যে ছেলের তোমার প্রতি অঙ্গীকার নেই, তুমি তার জন্য বসে থাকবে কেন?তুমি তোমার লেখাপড়া এবং অন্য কোনো ভালো লাগার বিষয় থাকলে সেদিকে মনোযোগী হও। সেটাই তোমার জন্য ভালো হবে। আমি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। বছর দেড়েক আগে একজনের সঙ্গে আমার সম্পর্ক হয়। সে আমায় চেয়ে বয়সে প্রায় ১৬ বছরের বড় এবং এক সন্তানের বাবা। সে বলে, তার বাবা-মা জোর করে ১০ বছর আগে খালাতো বোনের সঙ্গে তার বিয়ে দিয়েছিল। কারণ, সে নেশাগ্রস্ত ছিল। মেয়েটির সঙ্গে অবশ্য তার ভালো লাগার সম্পর্কও ছিল। তবে এখন তার সঙ্গে সম্পর্ক ভালো নয়। সে বলে, সে শুধু আমাকেই ভালোবাসে। সে আমার পড়াশোনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি যত্নবান। এমনকি ব্যস্ততার মাঝেও সে প্রথমে আমার সমস্যা সমাধান করে। অনেকবার আমাকে একাকী পেয়েও সে কখনোই শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়নি। যতই দিন যাচ্ছে, আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ছি। এভাবে কোনো বিবাহিত ছেলে কি কাউকে ভালোবাসতে পারে? আমার কি তার সঙ্গে সম্পর্ক রাখা উচিত? বর্তমানে সে পুরোপুরি সুস্থ।নাম প্রকাশে অনিচ্ছুকনাটোর বিয়ের বন্ধনে যে আবদ্ধ, পাশাপাশি সে একটা সম্পর্ক চালিয়ে যাবে—এটা সব দিক থেকে, সব বিচারে অনৈতিক। দুই নৌকায় পা দিয়ে চলছে সে। লোকটার দিক থেকে একেবারেই ঠিক কাজ হচ্ছে না। তুমি মোটে দ্বিতীয় বর্ষের ছাত্রী। তোমার উচিত এই সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। তোমার সামনে আরও দিন পড়ে আছে। তুমি এই সম্পর্ক চালিয়ে গেলে সম্পর্কের জটিলতায় পড়ে যাবে। যেখান থেকে উঠে আসা হয়তো সম্ভব হবে না। আমি ২০০০ সালে একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করি। শ্বশুরবাড়ির কেউ এ বিয়ে মেনে নেয়নি। এখন আমাদের দুটি ছেলে। বয়স ১০ ও ৬ বছর। বিয়ের পাঁচ বছর পর আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হয়। তার এক-দেড় বছরের মধ্যে আপন ছোট শ্যালিকার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় সাত বছরে আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে অনেকবার। আমরা দুজনই সরকারি চাকরি করি। মাঝেমধ্যে সে তার বিবেক এবং মনের সঙ্গে বোঝাপড়া করে আমার কাছ থেকে দূরে থাকতে চায়। কিন্তু বেশি দিন থাকতে পারে না। তেমনি আমিও। কিন্তু এ সম্পর্ক সব বিচারেই নিষিদ্ধ বা অন্যায়, তেমনি নিজের বিবেকের কাছেও আমি সমান অপরাধী। তাই এ সম্পর্ক থেকে পরিত্রাণ চাই আমি।নাম প্রকাশে অনিচ্ছুক আপনার বিবেকে যে বিষয়টা লাগছে এর সবচেয়ে বড় প্রমাণ যে আপনি কোনোভাবেই এই সম্পর্ককে মেনে নিতে পারছেন না। মূল কথা, আপনার মন এটা মানছে না। এ রকম পরিস্থিতিতে সবচেয়ে ভালো হয়, দুজনের মধ্যে দূরত্ব তৈরি করা। আপনি এমন পরিস্থিতি তৈরি করেন, যাতে ঘন ঘন দেখা না হয়। কিন্তু এই পারিবারিক মিলন যদি আপনি বজায় রাখতেই থাকেন, তবে এই পর্যায়ে আপনাদের অবৈধ সম্পর্কটা চলতেই থাকবে। আর দূরত্বটা কীভাবে তৈরি করবেন, সেটা আপনি আপনার পরিস্থিতি বিবেচনা করে নিজেই ঠিক করতে পারবেন বলে আমার বিশ্বাস। আমি পড়াশোনা শেষ করে এখন গৃহিণী। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে কিছু একটা করব, কিন্তু তা হয়নি। বিয়ের প্রায় সাত বছর চলছে, এখনো কোনো সন্তান হচ্ছে না। মাঝে মাঝে বেঁচে থাকারই কোনো ইচ্ছেই থাকে না। আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমিও তাকে খুব ভালোবাসি। বিয়ের আগে তার সঙ্গে একটি মেয়ের প্রেম ছিল। অবশ্য আমার স্বামী বলেছিল বন্ধুত্ব। সেই মেয়েকে নিয়ে আমাদের মধ্যে অনেক ঝগড়াঝাঁটি, রাগারাগি হতো। মনে মনে ভাবতাম, আমার মিথ্যে সন্দেহের জন্যই হয়তো এই অশান্তি। কিন্তু কিছুদিন আগে এক প্রতিবেশীর মুখে জানতে পারলাম, তাদের প্রেমের কাহিনি। আমার স্বামীর সঙ্গে এ ব্যাপারে কথা বললে সে স্বীকারও করেনি, আবার কিছু সত্যকে এড়িয়েও যেতে পারেনি। এ ঘটনার পর থেকে আমি ধীরে ধীরে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। এ কারণে আমি আমার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করছি। দুঃখ-কষ্ট, রাগ, ক্ষোভ আমার স্বাভাবিক জীবনযাপনকে নষ্ট করে দিচ্ছে। কীভাবে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাব?নাম প্রকাশে অনিচ্ছুক আপনি যা লিখেছেন, তাতে মনে হচ্ছে না যে আপনার স্বামী এখনো পুরনো সেই সম্পর্কে আছে। একজন মানুষের অতীতের কোনো ভালোবাসা বা প্রেম থাকতেই পারে। তবে এই নিয়ে যখন ঝগড়াঝাঁটি হচ্ছে এবং সন্তান ধারণ করার ব্যাপারটাও যখন আছে, তখন দুই রকম সমাধান খোঁজা যায়। এক. আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য দুজনের একসঙ্গে থেরাপি নেওয়া। দুই. যাতে সন্তান হয়, সে জন্য কোনো চিকিৎসককে দেখানো।