সু ব ন্ধু স মী পেষু
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন

। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। * আমি একজন গৃহিণী এবং তিন সন্তানের মা। বিয়ে হয়েছে ২০০৫ সালে। আমার স্বামী বিদেশে থাকতেন। প্রথম সন্তান জন্মের পর তিনি দেশে ফেরেন। বিয়ের পর থেকেই আমি আমার মা, খালা ও খালাতো বোনদের সঙ্গে থাকি। স্বামী আসার পরও আমরা একসঙ্গেই আছি। আমার বাবা মারা গেছেন। আমি মা-বাবার একমাত্র সন্তান। আমার খালুও মারা গেছেন।একসঙ্গে থাকা নিয়ে প্রথমে আমার স্বামীর কোনো সমস্যা ছিল না, কিন্তু বর্তমানে তাঁর ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো না থাকায় একটু সমস্যা মনে হচ্ছে। আমার স্বামী একজন রাগী মানুষ। তিনি মা-খালার সামনেই আমাকে সামান্য কারণে মারধর করেন এবং প্রতিনিয়ত চাকরি করার কথা বলেন। তাঁকে আমার পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা করা হয়নি বলেও খোঁটা দেন। অথচ আমরা বর্তমানে যে বাড়িতে ভাড়া থাকি তার ভাড়া এবং যাবতীয় খরচ আমার মা বহন করেন। আমার স্বামী আমাদের খাওয়ার খরচ ও বাচ্চাদের স্কুলের বেতন-ভাতাদি দেন। তাঁর কাছে সাংসারিক প্রয়োজনে টাকা চাইলেই তিনি আমাকে চাকরি করে সংসার চালানোর কথা বলেন।
গত বছর আমার স্বামী আমাকে তাঁদের গ্রামের বাড়ি ঈদ করতে নিয়ে যান। সে সময় মা আমার স্বামীর ওপর ভরসা না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে রাখেন।
আমার মা-খালার যথেষ্ট বয়স হয়েছে এবং পরিবারে কোনো অভিভাবক নেই। আমার স্বামীর যে মনমানসিকতা এবং মারধর করার যে অভ্যাস, তাতে আমার মা এবং আমি নিজেও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। পরে আমি তাঁর সঙ্গে কীভাবে জীবন কাটাব বা আমার কী হবে, তা নিয়ে খুবই চিন্তিত।
ফারিয়া
@ আপনি সুখে নেই। আপনার স্বামী আপনাকে মারধর করেন। টাকা-পয়সা দিয়েও পরিবারের দায়িত্ব নিচ্ছেন না। এ দুটোর কোনোটাই মেনে নেওয়া যায় না। এদিকে আপনার স্বামী আপনার মায়ের সংসারে থাকতে রাজি হয়েছেন। বিদেশ থেকে এসে তিনি এই বাড়িতেই উঠেছেন।
আবার তাঁর নামে আপনার মা ডায়েরি করে রেখেছেন। তিনি এতটাই আস্থা হারিয়েছেন আপনার স্বামীর ওপর।
আপনাদের তিনটি সন্তান আছে। আমার তো মনে হয়, আপনাদের দুজনের মধ্যে কথাবার্তা হওয়া উচিত। যেমন পরিস্থিতি দেখছি, তাতে মনে হচ্ছে কোনো পরামর্শক বা কাউন্সেলরের সাহায্য নিয়ে এই কথাগুলো হওয়া উচিত। আপনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সহায়তা পাবেন অথবা আইন ও সালিশ কেন্দ্রের সাহায্য নিলে ভালো করবেন।