সুইডেন পলিটেকনিকে নকলের দাবিতে শিক্ষক নাজেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) নকলের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। অবাধে নকল করতে না দেওয়ায় বিক্ষুব্ধ ছাত্রদের হাতে কয়েকজন শিক্ষক নাজেহাল হয়েছেন। ছাত্ররা দাবি আদায়ের লক্ষ্যে অধ্যক্ষসহ শিক্ষকদের রাত আটটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ করেছেন বিএসপিআইয়ের শিক্ষকেরা। ঘটনাটি ঘটেছে ৪ মার্চ বৃহস্পতিবার। ওই ঘটনাকে ঘিরে দাঙ্গা পুলিশ ৫ মার্চ শুক্রবার রাতে ৩৭ শিক্ষার্থীকে আটক করে। পরবর্তীকালে প্রশাসন বিএসপিআইয়ের পরীক্ষার কেন্দ্র বদল করে ১৪ কিলোমিটার দূরের বরইছড়ির কর্ণফুলী কলেজ কেন্দ্রে নিয়ে আসে। ৭ মার্চ থেকে কড়া নিরাপত্তায় নতুন কেন্দ্রে এক হাজার ৩০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে জানা গেছে।এ ব্যাপারে বিএসপিআইয়ের অধ্যক্ষ আনোয়ার হোসেনের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ১৯৬২ সালে বিএসপিআই প্রতিষ্ঠার পর বিগত ৪৮ বছরে এবারই প্রথম কেন্দ্র বদল করা হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী উভয়েরই সমস্যা হচ্ছে বলেও তিনি স্বীকার করেন। অধ্যক্ষ জানান, ৫ মার্চ রাত আটটায় কেন্দ্র পরিবর্তন করার লিখিত ঘোষণা বিজ্ঞপ্তিফলকে সাঁটিয়ে দেন। বিএসপিআই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মায়নুল হুদা শিরাজী ও শিক্ষক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম অধ্যক্ষের সিদ্ধান্তকে সমর্থন করেন বলে জানান।কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মোকতার হোসেন ও কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সরকার জানান, পরীক্ষার কেন্দ্র বদলের বিজ্ঞপ্তি পাওয়ার পর অধিকাংশ ছাত্র আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বিশৃঙ্খলা ঘটাতে রাত ১১টায় দলবেঁধে ক্যাম্পাসে আসে। এসময় উপস্থিত দাঙ্গা পুলিশ ৩৭ ছাত্রকে আটক করে। থানায় স্থান সংকুলান না হওয়ায় আটক ছাত্রদের কড়া পুলিশি পাহারায় সারারাত উপজেলা মিলনায়তনে আটক রাখা হয়। তবে এদের মধ্যে তৃতীয় বর্ষ কম্পিউটারের ছাত্র নজিবুল হাসান, নির্মাণ বিভাগের রেজাউল করিম ও নাসির উদ্দিন নিজেদের নির্দোষ বলে এ প্রতিনিধির কাছে দাবি করেন। ফলকে সাঁটানো বিজ্ঞপ্তি পড়তে গেলে পুলিশ তাঁদের আটক করে বলে জানান। এ সময় ছাত্রদের কাছে থাকা মুঠোফোনগুলো পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় বলেও তাঁরা জানান। অবশ্য পরদিন মুচলেকা নিয়ে মুঠোফোনসহ আটক ছাত্রদের ছেড়ে দেওয়া হয়।বিএসপিআইয়ের একাধিক শিক্ষক এ প্রতিনিধিকে বলেন, নকল করতে না দেওয়ায় উচ্ছৃঙ্খল ছাত্ররা ৪ মার্চ শিক্ষক হুমায়ুন কবিরসহ কয়েকজন শিক্ষককে শারীরিক ও মানসিকভাবে নাজেহাল করেন। কয়েকজন শিক্ষককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করাও হয়। পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ করে শিক্ষকদের বিরুদ্ধে মিছিল করে তাঁরা। ওই পরিস্থিতিতে শিক্ষকেরা পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনে অস্বীকৃতি এবং কেন্দ্র বদলের দাবি জানান। নাম প্রকাশ না করে বিএসপিআইয়ের একাধিক শিক্ষক বলেন, নকল করার দাবিতে উচ্ছৃঙ্খল ছাত্ররা যেভাবে শিক্ষকদের ওপর হামলা করতে তেড়ে আসে তাতে নিজেদের শিক্ষক পরিচয় দিতে লজ্জা হয়। উপজেলা চেয়ারম্যান অংসুই চাইন চৌধুরী জানান, ৪ মার্চের বিশৃঙ্খল ঘটনা যাতে আর না ঘটে এবং ছাত্র-শিক্ষকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে সে বিষয়ে উদ্যোগ নিতে তিনি ৫ মার্চ ছাত্রদের সঙ্গে আলোচনা করতে বিএসপিআইয়ে যান। দীর্ঘ সময় চেষ্টা করেও ছাত্রদের আলোচনার টেবিলে বসাতে পারেননি বলে জানান। বরং তাঁর উপস্থিতি ছাত্ররা ভালোভাবে নেননি। তবে ছাত্ররা আলোচনায় না বসলেও শিক্ষকদের সঙ্গে তাঁর আলোচনা হয়। তিনি বলেন, শিক্ষকেরা পরীক্ষায় দায়িত্ব পালন থেকে বিরত থাকতে এবং পরীক্ষার কেন্দ্র বদল করতে প্রশাসনের কাছে দাবি জানান। পরে পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এবং রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর পরামর্শে কেন্দ্র বদল করা হয়। তবে বিএসপিআইয়ের কিছু শিক্ষক নিয়ম ভেঙে প্রাইভেট পড়ান বলে জানান উপজেলা চেয়ারম্যান। প্রাইভেট পড়াকে কেন্দ্র করেও ছাত্র-শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এখন থেকে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মোকতার হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সরকার জানান, পরীক্ষা চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে রাঙামাটি থেকে অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ আনা হয়েছে। পরীক্ষা কেন্দ্র, বিএসপিআই ক্যাম্পাস ও শিক্ষকদের আবাসিক এলাকায় ছাত্রনামধারী কেউ বিন্দুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে তখনই আটক করা হবে। ওইসব এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে বলেও তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম জানান, ৭ মার্চ থেকে পরিবর্তিত কেন্দ্র কর্ণফুলী কলেজে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছেন। ওই কেন্দ্রে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিএসপিআইয়ের পরীক্ষা চলবে—জানিয়েছেন তিনি।এ ব্যাপারে পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গত ৭ মার্চ জানান, সারা দেশে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সরকার শিক্ষাব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় বিএসপিআইয়ে ছাত্রদের নকল করার দাবি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, একবার যখন কেন্দ্র বদল করা হয়েছে ভবিষ্যতেও ওই পরিবর্তিত কেন্দ্রেই পরীক্ষা চলবে। প্রয়োজন হলে আরও দূরের কোনো কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। বিএসপিআইয়ের কয়েকজন ছাত্র নাম প্রকাশ না করে বলেন, অল্প কয়েকজন ছাত্রের দোষে এক হাজার ৩০০ পরীক্ষার্থীকে ভোগান্তির মধ্যে ফেলা প্রশাসনের উচিত হয়নি। তাঁরা বলেন, ‘সবাই তো অপরাধ করিনি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ গড়ে সবাইকে দুর্ভোগে ফেলবেন—এটা হতে পারে না।’ এ বিষয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।কয়েকজন শিক্ষার্থী জানান, বিএসপিআই থেকে কর্ণফুলী কলেজের দূরত্ব ১২ কিলোমিটারেরও বেশি। কাপ্তাইয়ে যানবাহন সমস্যা প্রকট। একদিন পরীক্ষা দিতে কমপক্ষে ১০০ টাকা খরচ হয়। এখন ওই বাড়তি টাকা খরচ করার মতো আর্থিক সংগতি অনেকের নেই। প্রথম বর্ষের (উড) ছাত্র সাইফুল ইসলামের অভিভাবক হারুন মো. মমিনুল হক জানান, ‘নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন তাতে আমাদের সমর্থন থাকবে।’ তবে আরেক ছাত্রীর অভিভাবক শেফালী বেগম জানান, ‘কেন্দ্র পরিবর্তন করে শিক্ষার্থীদের চরম অনিশ্চয়তার মধ্যে না ফেলে কর্তৃপক্ষ বিএসপিআইয়েই আরও কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা নিতে পারতেন।’