সুইডেন পলিটেকনিকে র‌্যাগ ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে (৪১তম ব্যাচ) ১৮ জুলাই পালন করা হয় র‌্যাগ ডে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন খেলাধুলা, স্মারক প্রকাশনা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও ব্যান্ড শোর আয়োজন করা হয়। সকালে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন বিএসপিআইয়ের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএসপিআইয়ের শিক্ষক আব্দুল মতিন হাওলাদার, নুরুল কবির, আবুল কালাম আজাদ, মোসাদ্দেকুল বারী, খুরশীদ আলম, জুয়েল আহমেদ ও মাহমুদুন নবী।শিক্ষার্থীরা বর-কনে, কিষান-কিষানী, রাজা-রানি, জংলি, বাউল, বেদে, জেলেসহ বিভিন্ন সাজে সমগ্র কাপ্তাই এলাকা প্রদক্ষিণ করে। এ সময় প্রায় দুই হাজার শিক্ষার্থী কালো রঙের টি-শার্ট পরে বাদ্যের তালে তালে নেচে গেয়ে পুরো এলাকা মুখর করে তোলে। পিয়াস, মঞ্জুর, প্রসেনজিত, নাহিদ, ইমরুল শাহেদ, টিটু, রফিক, পারভেজ, রওশন আরা, আশীষ, মাহমুদুল হাসান, ঊষা, ফাহিমুল, আরিফ, ইমরান, রাকিবসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা জানান, বিএসপিআইতে আগে কখনো এ রকম জমজমাট র‌্যাগ ডে পালন করা হয়নি। আকর্ষণীয় এ অনুষ্ঠান চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থীরা আয়োজন করলেও প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী এতে সহযোগিতা করেছে।বিকেলে বিশাল মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী মো. শওকত-উল-ইসলাম। বিএসপিআইর অধ্যক্ষ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সরকার, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্যাহ, সিপিআইয়ের পরিদর্শক মাইনুল হুদা সিরাজী, সাংবাদিক কাজী আবুল মনসুর, বিশ্বজিৎ পাল ও মঞ্জুরুল হাসান চৌধুরী।