খবর: যেখানে সারা দুনিয়া থেকে সুইস ব্যাংকে টাকা রাখার পরিমাণ কমেছে, সেখানে এক বছরে বাংলাদেশ থেকে বেড়েছে প্রায় হাজার কোটি। (সূত্র: প্রথম আলো, ৩০ জুন ২০১৭)
উন্নয়নের মহাসড়কে, মহাজ্যামে আটকে থাকা বাংলাদেশের জন্য এটি একটি সুসংবাদ। সরকারের সঙ্গে ভালো মেলামেশা আছে এ রকম একজন নেতা রস+আলোর কাছে এমনটাই বিবৃতি পাঠিয়েছেন। (আসলে বিবৃতিটা লিখেছেন আসফিদুল হক)
বিবৃতিতে খোলামনের এই নেতা বলেছেন, ‘সাতসকালে এমন একটি সুসংবাদ দেখে আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি। কারণ, ফেসবুকের আমজনতা, বিরোধী দল এবং বাংলাদেশের গণমাধ্যম সরকারের সব সাফল্য ভাশুরের দৃষ্টি দিয়ে দেখে। ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে সুইস ব্যাংকগুলোতে প্রায় হাজার কোটি টাকা বেশি বাংলাদেশিরা জমা করেছেন। দুষ্টু লোকজন এই টাকা জমা রাখার নাম দিচ্ছে অর্থ পাচার। অথচ এই খবরই বুঝিয়ে দেয়, জাতি হিসেবে আমরা কতটা লায়েক হয়ে গেছি, উন্নয়নের মহাসড়কে ডিগবাজি খেতে খেতে সুইজারল্যান্ডে চলে গেছি!’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, টাকাপয়সা হচ্ছে হাতের ময়লা। এত দিন এই ময়লা আমরা বাংলাদেশের ব্যাংকগুলোতে জমা করে রাখতাম। কিন্তু দেশি ব্যাংকগুলোতে ময়লার ভান্ডার উপচে পড়ায় আমাদের বাধ্য হয়ে সুইজারল্যান্ডে যেতে হয়েছে। ২০১২ সালে সুইস ব্যাংকগুলোতে এই ময়লা বা টাকার পরিমাণ ছিল ১ হাজার ৯৬১ কোটি টাকা মাত্র। বাংলাদেশিরা তখন পাত্তা পেত কম। ওখানে নাকি আবার সরকারদলীয় লোকজন আলাদা খাতির পান না। তখন থেকে আমাদের সরকার সুইজারল্যান্ডে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিশেষ প্রকল্প হাতে নেয়। সেই থেকে বছর বছর বেড়েছে সুইস ব্যাংকগুলোতে টাকার পরিমাণ, যা ২০১৬ সালে এসে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৫ কোটি। সারা দুনিয়া থেকে যখন সুইস ব্যাংকগুলোতে অর্থ জমা রাখার পরিমাণ দিনকে দিন কমছে, তখন আমাদের দেশ থেকে টাকা জমা রাখার পরিমাণ বাড়ছে। এর মাধ্যমেই বোঝা যায়, বাংলাদেশিরা কত সাহসী, উদার ও আন্তর্জাতিক। এই সাহসিকতা সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর মতো ঝুলিয়ে এবং ফুলিয়ে-ফাঁপিয়ে রাখতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে, টাকা জমানোর হার যেন বীজ গাণিতিক হারে বৃদ্ধি পায়। ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে এসে বাংলাদেশিদের টাকা জমা রাখার পরিমাণ মাত্র ২০ শতাংশ বেড়েছে, যা হতাশাজনক। এই শতাংশ বেড়ে যখন ১০০, ২০০, ৩০০ করে হাজার ছাড়িয়ে যাবে, তখনই সরকারের প্রকৃত সাফল্য দৃশ্যমান হবে।’
‘এদিকে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন, “আওয়ামী লীগের কারও বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে তদন্ত করে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” এমন বক্তব্য উদ্বেগজনক এবং হতাশাজনক। আমি আশা করব, এসব ভুল পথে না হেঁটে সরকার ভবিষ্যতে দেশে “সেরা পাচারকারী” নামক একটি পুরস্কার চালু করবে।’
‘সব বাংলাদেশির জন্য ১০ টাকা দিয়ে সুইস ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সুইস সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’ বিবৃতির একেবারে শেষ পর্যায়ে এসে এই নেতা সুইস সরকারের কাছে এই বিশেষ আবদারটিও করেন।
(বিবৃতিতে সই করা নেতার নাম উদ্ধারের জন্য রস+আলো বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছে। কিন্তু কমিটির সব নেতা সুইস ব্যাংকে টাকা ‘জমা রাখা’য় ব্যস্ত, তাই নেতার নাম এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।)