সুখ-অসুখ
অসুখে পড়লে বরাবরই আমি কাহিল হয়ে যাই। শুকিয়ে চোখ-মুখের অবস্থা এমন হয় যে আবীরদা দেখলেই ঠাট্টা করে, ‘মাই গড, নীপু! মিসর থেকে কবে এলি? তোকে একদম ফারাওদের মমির মতো লাগছে!’ এবারও তার ব্যতিক্রম হয়নি। তিন-চার দিন ধরে জ্বর। বিছানা থেকে নামতে গেলেই পা কাঁপে, মাথাটা ঘাড়ের ওপর লটপট করছে। খাতির-যত্ন অবশ্য কোনোকালেই কম হয় না আমার। ছোট আব্বু, লাকী আন্টি, রীনা দিদি—সবাই পালা করে দেখে গেছে। বাসায় এত ফলমূল আর হরলিকস জমে গেছে যে সুস্থ হয়ে এগুলো দিয়ে একটা দোকান দিতে পারব! তবুও অভিমানে আমার ঠোঁট বেঁকে যাচ্ছিল, চোখ ঝাপসা হচ্ছিল পানিতে। সুনীলের ‘অসুখের ছড়া’র একটা লাইন ঘুরেফিরে মাথায় আসছিল, ‘আমায় কেউ মনে রাখেনি!’আবীরদা আমাদের বাড়িওয়ালার ছেলে। ভীষণ ডাঁট, বুয়েটে পড়ছে বলে মাটিতে ওর শুধু ছায়াই পড়ে, পা পড়ে না। সিঁড়িতে ধপাধপ পায়ের শব্দ বলে দিচ্ছে, ও এখানেই আছে। তবুও আমাকে দেখতে এল না!‘আন্টি, আপনাদের মমিটা কই? শুনলাম, জ্বর নাকি হইছে?’খোদা, আমার রুমেই আসছে মনে হয়! এতক্ষণ মনেপ্রাণে ওর জন্যই অপেক্ষা করছিলাম। অথচ এখন চাই ও চলে যাক! চট করে আয়নায় মুখ দেখলাম। কান্না এল। কী বাজে দেখাচ্ছে আমাকে। চুলে জট! আবীরদা, চলে যাও!চোখ বন্ধ করে, নিঃশ্বাস চেপে শুয়ে রইলাম। ও রুমে ঢুকল। আমি সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করলাম। কপালে হাত দিয়ে জ্বর দেখল বেশ খানিকটা সময় নিয়ে। ইস্, যদি অনন্তকাল জ্বর থাকত আমার! হঠাৎ শুনি, ছোট্ট নিঃশ্বাস ফেলে বলছে, ‘শয়তান মেয়ে, জ্বর কীভাবে বাঁধালি? নিজে কষ্ট পাচ্ছিস, আমাকেও দিচ্ছিস!’অতিকষ্টে নিজেকে শান্ত রাখলাম। এ সময় আম্মা দুধ নিয়ে ঘরে ঢুকতেই ও সরে দাঁড়াল। ‘যাই আন্টি, দেখেন, মমিটাকে মানুষ বানাতে পারেন কি না!’ ও বেরিয়ে যেতেই চোখ খুললাম। ততক্ষণে আমার পৃথিবীটা ভরে গেছে সৌরভে!অসুখ-বিসুখ খুব খারাপ না তো!ভূমি, ঢাকা বিশ্ববিদ্যালয়