সুখ আর ধরা দিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফিয়া হাসানের (ছদ্মনাম) বিয়ে হয় ধনাঢ্য এক পরিবারের ছেলের সঙ্গে। জন্ম হয় এক সন্তানের। কিন্তু তাতেও মন বসে না আফিয়ার। মন পড়ে থাকে বিয়ের আগের ভালোবাসার সেই মানুষটির কাছে। একপর্যায়ে সংসার-সন্তান ছেড়ে নতুন করে ঘর বাঁধেন ইকবাল মাহমুদের (ছদ্মনাম) সঙ্গে। বিয়ের আগে তাঁদের সম্পর্ক ছিল চমৎকার। একে অপরকে বোঝার চেষ্টা করতেন। কিন্তু বিয়ের পর ইকবালের সংসারে আফিয়ার মোহ কেটে যায়। যে সুখের জন্য ঘর ছেড়েছেন আফিয়া, সেই সুখ আর ধরা দিল না। একপর্যায়ে তালাকের চিঠি পাঠান ইকবালের কাছে। সদ্যবিদায়ী মহানগর হাকিম ও সালিসি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমান তাঁদের তালাক কার্যকর করেন। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো। সালিসি পরিষদে ইকবাল মাহমুদ বলেন, ‘স্যার, আমি ওর সঙ্গে একটু একান্তে কথা বলতে চাই। ও কেন আমার এত বড় সর্বনাশ করল! ও নিজেই আমার জীবনে এসেছে। আবার নিজের খেয়াল-খুশিমতো আমাকে ছুড়ে ফেলেছে। স্যার, টাকাওয়ালারা কি সব সময় এরূপ করবে?’আফিয়া কথা টেনে বলেন, ‘স্যার, আমি ওর সঙ্গে কোনো কথা বলব না। ও আমার সঙ্গে প্রতারণা করেছে। ওর মুখোশ খুলে গেছে। আমি স্বামী-সংসার ছেড়ে এসে ভুল করেছি। মনে হয় ও আমাকে “জাদুটোনা” করেছিল।’জবাবে ইকবাল মাহমুদ করুণ ও অসহায় ভঙ্গিতে বলেন, ‘স্যার, আমি ওকে বলেছিলাম, আমার অর্থসম্পদ নেই। তখন সে বলে, তোমার কাছে যা নেই তা আমার কাছে আছে। তোমার এত ভাবনা করতে হবে না।’আফিয়া আবার কথা টেনে নিয়ে বলেন, ‘স্যার, আমি ওকে চিনে ফেলেছি। ও একটা ভণ্ড। আমি তার কোনো কথাই শুনব না।’ইকবাল মাহমুদ বলেন, ‘ওর অন্যত্র বিয়ে হওয়ার আগে থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক। বিয়ের পরও সে আমার সঙ্গে যোগাযোগ করত। সে বলত, তার স্বামী ভালো নয়। আমি ওর দুঃখে সহানুভূতিশীল হয়েই ওকে আশ্রয় দিয়েছিলাম। আমি তার পুরোনো প্রেমিক হলেও সংসার ভাঙতে চাইনি।’আফিয়াকে এ পর্যায়ে বেশ উত্তেজিত দেখা গেছে। ইকবালের কথা যেন সহ্য করতে পারছিলেন না। বেশ অসহিষ্ণু ভঙ্গিতে আফিয়া বলেন, ‘স্যার, আমি এক মুহূর্তের বন্ধন রাখতে চাই না। আমি বাঁচতে চাই। আমাকে মুক্তি দিন।’ আফিয়ার কথা শুনে ইকবাল কিছুটা নার্ভাস হয়ে পড়েন। তাঁর মুখ দিয়ে কোনো কথা বের হয় না। অসহায়ের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন। এক অস্বস্তিকর পরিবেশ বিরাজ করে সালিসি পরিষদের কক্ষে। যেন বিদ্রোহী কবি কাজী নজরুলের সেই কবিতা মনে করিয়ে দেয়। ‘মরিয়াছে-অশান্ত অতৃপ্ত চির-স্বার্থপর লোভী,/ অমর হইয়া আছে রবে চিরদিন/ তব প্রেমে মৃত্যুঞ্জয়ী/ ব্যথা বিষে নীলকণ্ঠ কবি।’যাই হোক, বিধিবদ্ধ ৯০ দিন পার হয়েছে। মুসলিম আইন অনুযায়ী তালাক কার্যকর করা হলো।