সুখ পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটা এমন যে খেয়াল করে দেখলে রীতিমতো পাকা ধানের গন্ধ এসে নাকে লাগে। গোটা আয়োজনটা ফিকে হয়ে আসতে থাকা গ্রামীণ সংস্কৃতির এক প্রতিচ্ছবি যেন। যে ছবি অন্য সব খবরকে ডিঙিয়ে এক নিমিষে মনোযোগ কেড়ে নয়। পাকা ধানখেতের পটভূমিতে যে দৃশ্য আমরা দেখতে পাই সেটি এককথায় অসাধারণ। কিলোমিটার খানেক পথ পাড়ি দিয়ে কৃষক বধূ এসেছেন খাবারের পোঁটলা হাতে। ধান কাটতে কাটতে ক্লান্ত কৃষক পাত পেতে বসে পড়েছেন খেতের মাঝখানেই। কিষানীর মুখে হাসির আভা। হাসি অন্য সঙ্গী-সাথিদের মুখেও। না, পুরোনো পাঠ্যবইয়ের রচনা নয়। সংবাদপত্রের তরতাজা প্রতিবেদন!খবর বলছে, ফসলের মাঠে কর্মরত স্বামীর জন্য খাবার নিয়ে যাওয়া ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের ঐতিহ্য। এবং এ অঞ্চলের মেয়েরা শুধু স্বামীর খাবারই বহন করেন না। সমান পাল্লা দিয়ে কাজ করেন ফসলের মাঠেও। (সূত্র: প্রথম আলো, পৃষ্ঠা: ২৪, ২৪ নভেম্বর, ২০১১)। মাঠজুড়ে সোনালি ধান। কিষান-কিষানীর মুখে হাসি। সব মিলিয়ে ছবিটা দারুণ এক সুখানুভূতির জন্ম দেয়। স্বামীর হাতে স্ত্রী প্রহূত, যৌতুকের লোভে হত্যা—এ জাতীয় খবরাখবর হরহামেশাই চোখে পড়ে বিশাল বাংলা পাতায়। সেসবের বিপরীতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল এলাকার এই ছবি সুখী-সমৃদ্ধ আরেক গ্রামবাংলার অস্তিত্বের কথা জানান দেয়। যে গ্রামবাংলার খোঁজ খুব কমই মেলে পত্রপত্রিকার পাতায়।কিষান-কিষানীর এমন সুখময় মুহূর্ত পুরো বছর টিকে থাকুক। এই শুভ কামনা জানাই।—ইকবাল হোসাইন চৌধুরী