সুখস্বপ্ন
গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা গরু। এসব এখন হয়তো শুনতে খানিকটা রূপকথার মতো লাগে। আমরা বিলক্ষণ জানি, কৃষক আর কৃষির দিনকাল আসলে ঠিক রূপকথার মতো নয়। হয়তো ছিলও না কোনোকালে। চাষবাসের কথা বললে খুব সুখের কোনো খবরের শিরোনাম মনে আসে না। উল্টো চোখের সামনে লাফ দিয়ে ওঠে, সুনামগঞ্জের হাওর এলাকায় ১৫ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ার ছবি। কিংবা সেচের অভাবে বোরো ধান চিটা হয়ে যাওয়ার খবর।এত সব আশঙ্কার মধ্যেও অবশ্য কোনো কোনো শিরোনাম আশার আলো হয়ে ফোটে। ‘খেতে মাছ-হাঁস, আইলে গাছ’ সে রকমই একটি। রংপুরের তারাগঞ্জ থেকে রহিদুল মিয়া আমাদের জানিয়ে দেন, চাষবাসে সোলায়মান আলীর সাফল্যের আনন্দময় খবর। সোলায়মান আলী একা নিজের ভাগ্য পাল্টাননি। তাঁর দেখানো পথে ধানখেতের পানিতে মাছ চাষ, পুকুরে মাছের সঙ্গে হাঁস পালন ও জমির আইলে সুপারিগাছ লাগিয়ে অভাব জয় করেছেন মেনানগরের মানুষ। (১০ এপ্রিল ২০১০, প্রথম আলো)। সোলায়মান আলী ১৬ বছর ধরে হাঁস ও মাছের সমন্বিত চাষবাস করে পাল্টে ফেলেছেন নিজের ভাগ্য। আধপাকা বাড়ি করেছেন। দামি আসবাবে সাজিয়েছেন ঘর। চার একর জমি কিনেছেন। সোলায়মান আলীর সাফল্যের কথা শুনতে শুনতে বিশ্বাস করতে ইচ্ছে হয়, কৃষকের ‘পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু’ সেসব দিন বুঝি এখনো খুব বেশি ফিকে হয়ে যায়নি। সোলায়মান আলীর মতো সুখের হাসি হাসবেন দেশের সব পরিশ্রমী কৃষক! এমন একটা সুখস্বপ্ন দেখতে কার না ভালো লাগে!—ই. হো. চৌ