সুগন্ধি আগরে সমৃদ্ধি

প্রাকৃতিক সুগন্ধির উৎস আগর আনবে সচ্ছলতা—এমন স্বপ্ন থেকে বাঘাইছড়ির ক্ষুদ্র উদ্যোক্তা ও বাগানমালিকেরা ঝুঁকছেন আগর চাষে। উপজেলার নানা এলাকার পাহাড়ি ভূমিতে এখন শোভা পাচ্ছে আগরগাছের চারা। বন বিভাগের তথ্য মতে, গত বছরের তুলনায় এ বছর এই উপজেলায় আগর চাষ দ্বিগুণ হয়েছে।
বন বিভাগ ও আগরচাষিদের সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে কাচালং আর্যপুর বনবিহারে দুই একর জমিতে সাড়ে তিন হাজার আগর চারা রোপণ করা হয়েছিল। বর্তমানে ওই বাগানের আগরগাছগুলো পরিপক্ব ও সুগন্ধি তৈরির উপযুক্ত হতে শুরু করেছে। গত বছর বাগানের ৩০০ আগরগাছ বিক্রিও হয়। একেকটি আগরগাছ বিক্রি হয় ১৯ হাজার টাকায়। ৩০০টি গাছ বিক্রি করে আয় হয় ৫৭ লাখ টাকায়। একই দামে এলাকার বিভিন্ন লোকজনের বসতভিটা ও বাগানের আরও ২০০ আগরগাছ বিক্রি হয়েছে।
মূলত এর পর থেকেই বাঘাইছড়ির চাষিরা আগর চাষে ঝুঁকছেন। মারিস্যা বন বিভাগের বিট কর্মকর্তা আবদুস সাত্তার জানান, ২০০৮ সালে বন বিভাগ উপজেলার বাঘাইহাটে ৭৫ একর জমিতে পরীক্ষামূলক আগর চাষ করে। গত বছর পাঁচ হাজার একর জমিতে আগর চাষ হয়েছে। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার একরে। সম্প্রতি বাঘাইছড়ি, সারোয়াতলী, মারিস্যা ও খেদারমারা ইউনিয়নে ঘুরে দেখা গেছে, বিভিন্ন টিলায় আগর চারা রোপণ করছেন এলাকার চাষিরা। বন বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড়ের মাটি ও আবহাওয়া আগর চাষের উপযোগী। আর পাহাড়ে জন্মানো আগরের কাঠ খুবই সুগন্ধযুক্ত। এর নির্যাস থেকে মূল্যবান সুগন্ধি ও তেল পাওয়া যায়, যা থেকে আতর, আগরবাতি, বডি স্প্রে, সেন্টসহ বিভিন্ন ধরনের সুগন্ধিপণ্য তৈরি করা হয়।
আগরচাষি সুনীল চাকমা, বিজয় চাকমা ও নয়ন কান্তি চাকমা বলেন, ‘অন্যান্য গাছের তুলনায় আগরগাছের বাগান করা সহজ এবং খরচও তুলনামূলক কম; পাশাপাশি লাভও অনেক বেশি। সিলেট থেকে ক্রেতারা এসে আমাদের বাগানের আগরগাছ কিনে নিচ্ছেন। সেখানকার কারখানায় আগর কাঠের ওপর ছত্রাক জন্মিয়ে আতর ও তেল উৎপাদন করেন তাঁরা। এক কেজি আগর আতরের দাম পাঁচ লাখ টাকার কাছাকাছি।’
আর্যপুর বনবিহার কমিটির সভাপতি অনন্ত সিং চাকমা বলেন, ‘আমরা ৩০০ আগরগাছ বিক্রি করেছি। একটা আগরগাছের দাম পড়েছে ১৯ হাজার টাকা। আর কোনো গাছ বিক্রি করে এমন লাভ করা সম্ভব নয়। সেই জন্য আগর চাষে ঝুঁকছে এলাকার মানুষজন।’ এদিকে আগর চাষ ছড়িয়ে দিতে তৎপর বন বিভাগও। এ বছর এলাকায় প্রায় এক হাজার আগর চারা বিতরণ করেছে বন বিভাগ। আগরচাষিরাও পরিপক্ব বীজ সংগ্রহ করে চারা তুলছেন। চারার বয়স নয় মাস হলে বাগানে লাগানো হয় বলে চাষিরা জানান।
উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. এস এম কায়সার বলেন, উপজেলায় আগর চাষ গত বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে। কম খরচে অনেক বেশি লাভ হয় বলে পাহাড়ে আগর চাষ বাড়ছে।