ভালোবাসার জন্য অনেকেই জীবন বাজি রাখতে পারেন। সম্রাট শাহজাহান তো তাঁর প্রেমিকার স্মৃতি ধরে রাখার জন্য তাজমহল বানিয়ে অমর হয়ে আছেন। প্রেমের জন্য ঠিক এমনটাই করে ফেলেছেন বার্মিংহামের উইলিয়াম উইগান। না, এখানে তাজমহল বানানোর কোনো ব্যাপারস্যাপারই নেই। তবে ঘটনাটা কী? সুচের ছিদ্রের ভেতর অসাধারণ শিল্প সৃষ্টি করে শুধু প্রেমিকারই নয়, সবার নজরে এসেছেন উইলিয়াম উইগান। প্রেমিকা সারাহ স্লেডার সেন্ট থাকতেন বার্থেলোমিউস চার্চের একদম ওপরে। একদিন উইগান প্রেমিকা সারাহর সঙ্গে জেদ ধরে বসেন, বালুকণা দিয়ে তাঁর ওই চার্চের একটা প্রতিরূপ বানাবেন। তাঁর এই প্রস্তাব প্রেমিকা সারাহ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন সেদিন। এমন মুগ্ধ করা জিনিস কিছুতেই বানাতে পারবে না বলে তাচ্ছিল্যও করতে ছাড়েননি এতটুকু। কিন্তু এই তাচ্ছিল্যই সেদিন চরম জেদ হয়ে দাঁড়িয়েছিল উইলিয়ামের মাথায়। এমনিতেই ছোটবেলা থেকে খুদে ভাস্কর্য বানানোর পাগলামিটা বেড়ে উঠেছিল উইলিয়ামের মাথায়। তাই উঠেপড়ে লেগে যান কী করে এই চার্চ বানিয়ে প্রেমিকাকে তাক লাগিয়ে দেওয়া যায়। বালুকণা নিয়ে রীতিমতো গবেষণা শুরু করে দেন তিনি। কিন্তু নাহ্, কিছুতেই কিছু হয় না। তাই বলে প্রেমিকার কাছে হার মানতে রাজি নন উইলিয়াম। আবারও শুরু করেন। টানা ছয় সপ্তাহ ধরে বালু নিয়ে নাড়াচাড়া করে শেষমেশ দাঁড় করান ওই চার্চের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণ। কিন্তু এই বালুর চার্চ বানিয়েই ক্ষান্ত হননি তিনি। প্রেমিকাকে চমকে দেওয়া বলে কথা! তারপর ভাবতে থাকেন, এই ছোট্ট চার্চকে কোথায় বসানো যায়? এবার বুদ্ধিটা একটু খোলাসা হয়ে যায় উইলিয়ামের কাছে। ভাবলেন, সুচের যে ছিদ্র দিয়ে সুতা ঢোকানো হয়, ওই ছিদ্রেই এই চার্চ বসাবেন। যেই ভাবা সেই কাজ। অনেক কায়দা-কসরত করে সুচের ছিদ্রের মধ্যে স্থাপনও করলেন ওই চার্চ। এবার প্রেমিকাকে দেখানোর পালা। কিন্তু এ কী, কিছুই তো দেখা যায় না। আর দেখা যাবেই বা কী করে। উইলিয়াম তো মনের খেয়ালেই বালু দিয়ে সবচেয়ে ছোট ভাস্কর্যটি বানিয়ে ফেলেছেন। খালি চোখে তো তা দেখা সম্ভব নয়। এরপর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সুচের ছিদ্রের ভেতরে ওই চার্চ দেখে তো প্রেমিকা সারাহ রীতিমতো অবাক! আর অবাক তো হওয়ারই কথা। কারণ, উইলিয়ামের এই ভাস্কর্যের আকার ঠিক ইংরেজি সংবাদপত্রের ‘ফুল স্টপের’ সমান। এরপর গত বছর আবারও ২৪ ক্যারেট ওজনের সোনার সুচের ছিদ্রে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার পুরো পরিবারেরই ভাস্কর্য বানিয়ে ফেলেন তিনি। আর উইলিয়ামের এমন অবাক করা কাণ্ডে তাঁর প্রেমিকা কি না হেসে পারেন?ওয়েবসাইট অবলম্বনে আবু হেনা