সুজাতা চাকমাকে ধর্ষণ ও হত্যার প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদুতে উল্টোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সুজাতা চাকমাকে (১১) ধর্ষণ ও হত্যার প্রমাণ পাওয়া গেছে।ময়নাতদন্তকারী চিকিৎসা কর্মকর্তারা জানান, ১৫ মে সুজাতা চাকমার ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেছে। এতে ধর্ষণ ও হত্যার তথ্য রয়েছে বলে নিশ্চিত করেন তাঁরা।জানা যায়, ১০ মে সুজাতা চাকমার লাশের ময়নাতদন্ত করেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মংক্য চিং, চিকিৎসা কর্মকর্তা (এমও) বিশ্বজিৎ মহাজন ও দীপংকর তালুকদার।মংক্য চিং জানান, সুজাতা চাকমাকে ধর্ষণ ও হত্যার পর পাহাড়ি ছড়ায় রাখা হয়েছিল। তারপরও পরীক্ষায় ধর্ষণ এবং কুপিয়ে হত্যার প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনটি চূড়ান্ত করে গত মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে তা তদন্ত ও বিচারসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হবে। ৯ মে বিকেল আড়াইটা-তিনটার দিকে আটরকছড়া ইউনিয়নের উল্টোছড়ি গ্রাম থেকে আধা কিলোমিটার দূরে ছয় বছরের এক শিশুকে নিয়ে মাঠ থেকে গরু আনতে যায় সুজাতা চাকমা।ওই সময় তাকে একটি পাহাড়ি ছড়ায় ধরে নিয়ে ধর্ষণ ও কুপিয়ে হত্যা করা হয়। পরদিন পার্শ্ববর্তী ইয়েরেংছড়ি গ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় ইব্রাহীম এলাহি নামের এক ব্যক্তিকে ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক করে পুলিশ। সুজাতা চাকমা হত্যার ঘটনায় তার বড় ভাই আটরকছড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য বিটন চাকমা লংগদু থানায় একটি মামলা দায়ের করেন। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, ইব্রাহীম এলাহি গত বছরের ১৫ জুন একই এলাকায় অপর এক আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগে আট মাস কারাগারে ছিলেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কিছুদিন আগে ইব্রাহীম এলাকায় আসেন। আটরকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা বলেন, ‘সুজাতা চাকমা ওই মামলার প্রত্যক্ষদর্শী ছিল। ওই ক্ষোভ থেকে ইব্রাহীম তাঁকে ধর্ষণ ও হত্যা করেছে।’ ইব্রাহীম এলাহি বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। গত রোববার লংগদু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী তাঁকে রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম মো. শরিফুল ইসলামের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন।অপরদিকে সুজাতা চাকমার ধর্ষণ ও হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে তিন পার্বত্য জেলাসহ ঢাকা ও চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এ ছাড়া বিভিন্ন সংগঠন থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।