সুজিক এখন কামিল্লাছড়ির প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুজিক চাকমা
সুজিক চাকমা

বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কাপ্তাই উচ্চবিদ্যালয়। প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে সেখানে যেতে হতো সুজিককে। ছিল না ভালো বইপত্র। বিদ্যালয়ের বাইরে আলাদা করে পড়া হয়নি কোনো শিক্ষকের কাছেও। সবাইকে অবাক করে দিয়ে সেই সুজিক এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এমন অভাবনীয় ফলাফলের পর দুর্গম পাহাড়ি গ্রামের বাসিন্দাদের কাছে এখন রীতিমতো তারকা সুজিক চাকমা। ৬ সেপ্টেম্বর ঢাকায় প্রথম আলোর সংবর্ধনা পেয়ে গ্রামে ফেরার পর সুজিককে দেখতে মানুষের ঢল নেমেছে।
তিন সন্তানের মধ্যে কেবল এই একটি ছেলেকেই বিদ্যালয়ে পাঠাতে পেরেছেন পুনংচান চাকমা। এসএসসির পর লেখাপড়া আর হবে কি না, এমন সংশয়ও ছিল পরিবারের সদস্যদের মনে। কিন্তু এখন সেই সংশয় নেই। সবাই জানে প্রথম আলো সুজিকের পাশে দাঁড়িয়েছে। আগামী দুই বছর ওর লেখাপড়া নিয়ে তাই আর কোনো ভাবনা নেই।
এলাকায় একটা ছোট্ট দোকান চালান পুনংচান। সংসারে অভাব-অনটন নিত্য লেগেই থাকে। তবে সুজিক এখন তাঁর আশার আলো। তাই এখন শত কষ্টকেও তুচ্ছ মনে হয় বলে জানান। তিনি বলেন, ‘আমার তিন সন্তানের মধ্যে দুজনকে লেখাপড়া করাতে পারিনি। অনেক কষ্টে সুজিক লেখাপড়া করছে। আমার ছেলে কামিল্লাছড়ির মুখ উজ্জ্বল করেছে, সে জন্যও খুব গর্ব হচ্ছে।’
সুজিকের মা ছোটরানী চাকমা বলেন, ‘আমার ছেলে জীবনে কখনো ঢাকা যায়নি। প্রথম আলোর কারণে ঢাকায় সে সংবর্ধনা পেল। এটা আমাদের সারা জীবন মনে থাকবে। পাড়ার লোকজন সারাক্ষণ তাঁর কাছে ঢাকার গল্প শুনতে চায়। এটা খুব ভালো লাগে।’
কামিল্লাছড়ি এলাকার চায়ের দোকানি কৃষ্ণবালা চাকমা বলেন, ‘পাড়ার সবাই এখন সুজিতকে নিয়ে গর্ব করে। পাড়া-মহল্লায় ওকে নিয়ে আলোচনার শেষ নেই। সবার কথা, সুজিক পারলে অন্যরাও পারবে না কেন?’
কামিল্লাছড়ির বাসিন্দা শতরুপা চাকমা রাঙামাটি শহর থেকে এবার এসএসসি পরীক্ষায় দিয়ে জিপিএ-৪ পেয়েছে। বর্তমানে রাঙামাটি সরকারি মহিলা কলেজে পড়ছে সে। শতরুপা প্রথম আলোকে বলে, ‘অনেক ভালো অবস্থানে থেকে আমরা যা করতে পারিনি সুজিক তা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ও এখন এলাকার সবার অনুপ্রেরণা।’
পাড়ায় যাকে নিয়ে এত মাতামাতি সেই সুজিক বলেন, ‘অনেক কষ্টে কলেজে ভর্তি হলেও ভেবে ছিলাম অভাবের কারণে পড়া চালিয়ে যেতে পারব না। কিন্তু প্রথম আলো পাশে দাঁড়ানোয় বিশ্বাস হচ্ছে আমি পারব। উচ্চ মাধ্যমিকেও এমন ভালো ফল করতে চাই।’