সুটকেস পতনের রহস্য উদ্ঘাটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন বা উড়োজাহাজ ধরতে ছুটছেন। তাড়াহুড়োর এই সময়ে আপনার চাকাওয়ালা সুটকেসটা হঠাৎ বিগড়ে গেল। একবার এদিকে হেলে পড়ে তো আরেকবার ওদিকে। কখনো চক্কর দিয়ে থেমে যায়। বিশ্বজুড়ে লাখো যাত্রী প্রতিদিন এই বিরক্তির অভিজ্ঞতা লাভ করেন। কিন্তু এত দিন পর্যন্ত কেউ এ সমস্যার সুনির্দিষ্ট কারণটা বলতে পারেননি।

সুটকেসের নকশায় ত্রুটি? নিম্নমানের কাঠামো? ত্রুটিপূর্ণ চাকা?—এসব সমস্যা থাকতেই পারে। তবে নেপথ্য কারণটা লুকিয়ে আছে অন্য কোথাও। প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি আ: ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস সাময়িকী গত বুধবার এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন ছেপেছে। এটির লেখক প্যারিস-দিদেরো বিশ্ববিদ্যালয়ের গবেষক সিলভাঁ কুরেক দু পঁ বলেন, দুই চাকার সুটকেসগুলো এক চাকা থেকে আরেক চাকায় দোদুল্যমান হয় সহজাত কারিগরি অস্থিতিশীলতার কারণে।  সুটকেসটা সোজাসুজি পথে চালিয়ে নেওয়ার উপযোগী করে তৈরি, তাই ঘূর্ণমান গতির সঙ্গে তাল মেলাতে গেলেই বিপত্তি ঘটে।

গাড়ি ধরতে ছুট লাগানোর সময় নিমেষে গতির দিক পাল্টালে বা রাস্তার ফাটল বা উঁচু জায়গায় বাধা পেয়ে একটা চাকা লাফিয়ে উঠলেই পুরো সুটকেসের ভর আরেকটা চাকায় গিয়ে পড়ে। তখনই গতি কমে গিয়ে সুটকেসটা দুলতে শুরু করে। তবে সমাধানটা কী? গবেষকেরা পথ বাতলে দিয়ে বলেছেন, একটু থামুন এবং স্থির হোন। তারপর আবার চলতে শুরু করুন। হাতলটা যতটা সম্ভব নামিয়ে ধরে এগিয়ে চলুন।