সুতোয় বোনা ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছবি আঁকছিলাম স্টুডিওতে বসে। কে যেন এসে জানাল অরুণ জেইন নামে এক ভদ্রলোক এসেছেন কলকাতা থেকে। একটা ছবি দেখাতে চান। ছবি আঁকায় ব্যাঘাত ঘটায় একটু বিরক্তই হলাম। বললাম, ‘বসতে বলো।’ একটু থামলেন শিল্পী শাহাবুদ্দিন। আবার বলে চললেন, ‘দেখলাম, ছবিতে আর মন বসছে না। মনোযোগ নষ্ট হয়ে গেছে। ডেকে পাঠালাম। তিনি আমারই আঁকা একটা প্রিয় ছবি দেখালেন, বঙ্গবন্ধু। প্রশ্ন করলাম, গ্রাফিকস করেছেন বুঝি? অরুণ হেসে জানালেন, না। সিল্কের সুতোয় পুরোটাই হাতে এমব্রয়ডারি করা। শুনে আমি আকাশ থেকে পড়লাম। আমিই সবচেয়ে ভালো জানি, রংতুলিতে মানুষ ফোটানো কত শক্ত কাজ। আর এঁরা সুঁই-সুতায় করেছেন? চোখ আমার ছানাবড়া হবার জোগাড়।’আপনিও অবাক হবেন ছবিগুলো দেখলে। শিল্পী শাহাবুদ্দিনের ১৫টি ছবি সম্পূর্ণ সিল্কের সুতা আর সুঁইয়ের ফোঁড়ে ফুটিয়ে তুলেছে সিল্ক স্টোরি বা সিজিউ নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি কাজ করে চীনের দক্ষ সূচিশিল্পী নারীদের নিয়ে। ওই নারীদের মাধ্যমেই বিশ্বের নামীদামি সব শিল্পীর আঁকা ছবি এমব্রয়ডারিতে ফুটিয়ে তোলে সিজিউ। তারই ধারাবাহিকতায় এবার তারা কাজ করছে শিল্পী শাহাবুদ্দিনের ছবি নিয়ে। ২৭ সেপ্টেম্বর ঢাকার গ্যালারি চিত্রকে হয়ে গেল ‘শাহাবুদ্দিন আর সিজিউ’ নামে এই প্রদর্শনীর উদ্বোধন।সিজিউর পক্ষে এদিন বক্তব্য দেন অরুণ জেইন এবং জেনি চেন। অরুণ বলেন, ‘আজ আমার স্বপ্নপূরণের দিন। শিল্পী শাহাবুদ্দিনের ছবি আমার মনে কী ভীষণ দাগ কেটেছে, তা অবশেষে দেখবে বাংলাদেশ।’ শিল্পী মনিরুজ্জামান বলেন, ‘সুঁই-সুতার কাজ আমাদের গ্রামবাংলার মা-বোনদের কাছে নতুন নয়। আমাদের ঐতিহ্যের একটি আধুনিক রূপ তুলে ধরল আজ সিজিউ।’সবশেষে শিল্পী শাহাবুদ্দিন তাঁর অনুভূতি তুলে ধরেন এবং অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন। ৫ অক্টোবর পর্যন্ত এখানে আপনিও দেখে আসতে পারেন শিল্পী শাহাবুদ্দিনের নান্দনিক চিত্রকর্মগুলো, সুতার ফোঁড়ে। সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।