সুতোয় বোনা স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসে বিজ্ঞানী হিসেবে ভালো নামডাক সায়েমের। একসময় বন্ধুরা তাঁকে ডাকতেন সায়েম সায়েন্টিস্ট। আজকাল সেটা আরও আধুনিক সংস্করণ হয়ে দাঁড়িয়েছে সায়েমটিস্ট! সায়েম + সায়েন্টিস্ট = সায়েমটিস্ট। সায়েম যে বড় বিজ্ঞানী, সেটার প্রমাণ মেলে ক্যাম্পাসের আড্ডাস্থল ফয়সাল কর্নারে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকলেই। এই যেমন সেদিন, তুমুল আড্ডা চলছে। রাজা-উজির মেরে কেউ কেউ আরও বড় কিছু মারার পাঁয়তারা করছেন। সেখানে হাজির সায়েম। এসেই চশমা মুছতে মুছতে নতুন একটা আইডিয়ার বর্ণনা দিতে বসলেন তিনি, ‘বুঝলি, ঢ্যাঁড়সের বাকল দিয়ে যে ভালো ফাইবার বানানো যায়, এটা নিয়ে একটা গবেষণা হওয়া দরকার। চিন্তা কর, প্রতিবছর কত শত ঢ্যাঁড়স গাছ এমনি এমনিতে নষ্ট করে ফেলি আমরা!’ ফোড়নকাটা স্বভাব ইমরানের। এবারও তার ব্যতিক্রম হলো না, ‘এই যে আসছেন সায়েমটিস্ট। আচ্ছা, তোর আর কোনো কাজ নাই? কথায় কথায় গবেষণা। তোরা খেয়াল করেছিস, বিশ্ববিদ্যালয় হওয়ার পর সায়েমের গবেষণাপ্রীতি আরও বেড়ে গেছে!’সায়েমের তথ্য যেমন ঠিক, তেমনি ইমরানের যুক্তিও অকাট্য বটে। কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পর শুধু সায়েমেরই নয়, আর সবার মধ্যেই বিশাল একটা পরিবর্তন খেয়াল করা যাচ্ছে। পরিবর্তনটা হলো—মাস আটেক আগেও যা সম্ভব ছিল না, সবাই এখন সেই অসম্ভবকেই বাস্তবে রূপান্তরের স্বপ্ন দেখছেন।স্বপ্নগুলো কেমন? কী আছে এই স্বপ্নে। স্বপ্নের কথা শুনতে আমরা যাই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিতাই চন্দ্র সূত্রধরের কাছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বললেন, ‘আমাদের দেশে গার্মেন্টস সেক্টর থেকে বৈদেশিক মুদ্রার ৮০ শতাংশ আয় হয় ঠিকই; তবে দুঃখের বিষয়, আমরা এই আয় করি শুধু দর্জি হিসেবে। বাইরের দেশ থেকে সুতা কিংবা কাপড় আসে, ডিজাইন আসে, আমরা শুধু সেলাই করি। কারণ, আমাদের এখানে গবেষণা হয় না। তাই বলতে পারি, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পর সবচেয়ে বড় যে স্বপ্নটি আমরা দেখছি, তা ওই গবেষণাকে ঘিরেই। এখন থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভালো গবেষণা সম্ভব। প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য যা অতি জরুরি ছিল। আর রপ্তানি প্রবৃদ্ধির ধারা দীর্ঘমেয়াদি করতেও আমাদের নিজেদের উন্নতি নিজেদেরই করতে হবে।’ শিক্ষার্থীরাও গবেষণার ব্যাপারে একই কথা বলছেন। তবে শিক্ষকসংকট নিয়ে একটা গুঞ্জন ছিল শুরু থেকেই। সেটারও জবাব মিলল উপাচার্যের কাছ থেকে, ‘আগে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া ধীরগতির ছিল। কিন্তু এখন ব্যাপারটা বেশ সহজ হয়ে গেছে। আসছে জুলাইয়ে আমরা ১৫ জনের মতো শিক্ষক নিয়োগ দিচ্ছি।’শিক্ষক যেমন বাড়ছে, বাড়ছে শিক্ষার্থীর সংখ্যাও। বাড়ছে বললে ছোট ভুল হয়, বেড়েছে বলতে হয়। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের সুশান্ত বিশ্বাস দিলেন ভর্তিসংক্রান্ত তথ্য, ‘আগে যেখানে প্রতিবছর ২২৫ জন ভর্তি করানো হতো এখন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ২৭০-এ। নতুন একটা বিভাগ—ফ্যাশন ডিজাইনিং খোলা হয়েছে এ বছরই।’ সামনে আরও কমপক্ষে তিনটি বিভাগ খোলার কথা জানালেন উপাচার্য নিতাই চন্দ্র সূত্রধর, ‘কতগুলো বিষয় আছে, যা বাদে টেক্সটাইল খাতে উন্নতি সম্ভব নয়। সেই বিষয়গুলোকেই গুরুত্ব দিয়ে নতুন কতগুলো বিভাগ খুলব আমরা। বিষয়গুলোর মধ্যে আছে—প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেশিন ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স ও পলিউশন কন্ট্রোল অ্যান্ড এনভায়রনমেন্ট ক্রাইসিস।’নতুন বিভাগ ফ্যাশন ডিজাইনিং খোলার পরই উল্লেখযোগ্য একটি পরিবর্তন চোখে পড়েছে দ্বিতীয় ব্যাচের শান্তার চোখে, ‘এখন মেয়ে শিক্ষার্থীর সংখ্যা আগের থেকে বেড়ে গেছে। আগে যেখানে গড়ে প্রতি ব্যাচে ২০-২৫ জন ছিল, এখন সেটা দাঁড়িয়েছে ৪৫-৫০-এর মতো।’আর যা-ই হোক, বিশ্ববিদ্যালয় হওয়ার পর সেশনজট খুলে যাবে বলে আশায় বুক বেঁধেছেন তৃতীয় ব্যাচের কায়সার, ‘সেশনজট তো একটা বিশাল সমস্যা ছিল, কিন্তু এখন মনে হয় তা থেকে রেহাই মিলছে। তা ছাড়া আগে পরীক্ষার ফলাফল পেতে অপেক্ষা করতে হতো দীর্ঘ ছয় মাস, এখন তা দেড় মাসের মধ্যেই হাতে পাব আমরা।’ একই ব্যাচের সোহানুর খুশি লাইব্রেরিতে নতুন নতুন বই পেয়ে, ‘আমাদের বইয়ের দাম এত বেশি, তা ছাড়া সব বই চাইলেই হাতের নাগালে পাওয়া যায় না। লাইব্রেরিতে এখন অনেক বই এসেছে, এটা একটা বড় বিষয়।’ শুধু নতুন বই-ই আসেনি, এসেছে হাল প্রযুক্তির অনেক নতুন যন্ত্রপাতিও, ব্যবহারিকের জন্য যা ছিল অপরিহার্য। ‘আগেও আমাদের ল্যাব বেশ স্বয়ংসম্পূর্ণ ছিল, কিন্তু এখন আরও সমৃদ্ধ হলো। এর উপকারভোগী শুধু আমরাই হব না, আমাদের পোশাকশিল্পও উপকৃত হবে।’ শুধু পড়াশোনার জায়গাতেই নয়, পড়াশোনার বাইরের খবরও দিলেন তৃতীয় ব্যাচের মাজহারুল ইসলাম, ‘আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলো আগে থেকেই সক্রিয়। প্রতি সপ্তাহে আয়োজন করে শর্ট ফিল্ম দেখানো হয়। তা ছাড়া বিতর্ক ক্লাব আছে, বেশ কয়েকটি পুরস্কারও বাগিয়েছি আমরা। বিশ্ববিদ্যালয়ের ছোট মাঠটা তো বারো মাসই ব্যস্ত থাকে খেলাধুলায়। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও বসে থাকে না।’