সুদান: আবার গৃহযুদ্ধের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহযুদ্ধের চির অবসানের লক্ষ্যে দক্ষিণ সুদান বিচ্ছিন্ন হওয়ার রেশ কাটতে না কাটতেই নতুন করে যুদ্ধের হুমকির মুখে পড়েছে আফ্রিকার দেশ সুদান। পাহাড়ি এলাকা নুবা এবং নীল নদ (ব্লু নাইল) প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সাম্প্রতিক সংঘর্ষের পর সেই সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিদ্রোহ এখন সুদানের পশ্চিমের দেশ চাঁদ সীমান্তসংলগ্ন এলাকা থেকে পূর্বের ইথিওপিয়া সীমান্ত এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে।গত জুলাই মাসে স্বাধীনতা পেয়েছে দক্ষিণ সুদান। সুদান হয়ে গেছে দুই ভাগ। কিন্তু এখনো দারফুর, দক্ষিণ কোরদোফান ও নীল নদ প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে লড়তে হচ্ছে সুদানের সরকারি বাহিনীকে। বৃহস্পতিবার রাতে সরকারি বাহিনীর সঙ্গে বিরোধী দল এসপিএলএম-উত্তর এর সমর্থক বিদ্রোহীদের সংঘর্ষ বাধে। এই বিরোধী দলের সঙ্গে দক্ষিণ সুদানের পুরোনো সম্পর্ক আছে।গত কয়েক মাস ধরে নীল নদ প্রদেশের আকাশে ঘনীভূত হচ্ছিল বিদ্রোহের কালো মেঘ। কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধে ব্লু নাইল প্রদেশের বিদ্রোহীরা বড় বিদ্রোহী গ্রুপ সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের (এসপিএলএম) সঙ্গে একাট্টা হয়ে কাজ করে আসছিল। রক্তক্ষয়ী গণযুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০০৫ সালে হয় এক শান্তিচুক্তি। ফিরিয়ে আনা হয় দক্ষিণ সুদানের স্বায়ত্তশাসন। সবশেষে গত ৯ জুলাই ঐতিহাসিক গণভোটে বিপুলভাবে স্বাধীনতার পক্ষে রায় দেয় দক্ষিণের মানুষ। কিন্তু ২০০৫ সালের শান্তিচুক্তি নীল নদ প্রদেশের সমস্যা নিরসনে সামান্যই ভূমিকা রেখেছে। প্রভাবশালী গোষ্ঠী এসপিএলএমের দক্ষিণী নেতারা স্বাধীন আবাসভূমি পেলেও তাঁদের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়াই করা নুবা এবং নীল নদ প্রদেশের বিদ্রোহীদের প্রাপ্তি কার্যত শূন্যের কোঠায়। গত শুক্রবার নীল নদ প্রদেশের গভর্নর মালিক আগারের বাড়িতে সুদানের সরকারি বাহিনীর অভিযানের মধ্য দিয়ে সংকট নতুন করে শুরু হয়। গভর্নর আগার মালিক একাধারে এসপিএলএম-নর্থ পার্টির প্রধান এবং দলটির সামরিক শাখার অধিনায়ক। যুদ্ধের প্রথম দিন সুদানি বাহিনী প্রদেশের রাজধানী দামাজিন দখল করে নেয়। এ ছাড়া বিদ্রোহীদের দখলে থাকা শহরগুলোতেও সুদানের বিমানবাহিনী ব্যাপক গোলাবর্ষণ করে। তবে গভর্নর আগার মালিক অক্ষত রয়েছেন। তিনি এখন পিছিয়ে গিয়ে প্রদেশটির দক্ষিণাঞ্চলে অবস্থান নেওয়া তাঁর অনুগত বাহিনীকে সংগঠিত করছেন। এসপিএলএমের সঙ্গে হাত মিলিয়ে সুদানের সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সময় থেকেই তাঁর যোদ্ধাদের হাতে রয়েছে ভারী সব যুদ্ধ সরঞ্জাম। গত জুন মাসে নুবা এলাকায় বিদ্রোহ শুরু হওয়ার সময় বাতাসে ভাসছিল একটি প্রশ্ন। তা হচ্ছে—বিদ্রোহের পরবর্তী ক্ষেত্র কী নীল নদ প্রদেশ? মাস খানেক আগে দক্ষিণ সুদানের রাজধানী জুবায় দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর মালিক আগার ইঙ্গিত দিয়েছিলেন তিনি সে রকমই ভাবছেন। নীল নদে গত বৃহস্পতিবারের সংঘর্ষে প্রথমে কারা উসকানি দিয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। বিদ্রোহী ও খার্তুম সরকার উভয় পক্ষই গত কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছিল। শুরু থেকে ঘটনা পর্যবেক্ষণ করেছেন এমন এক কূটনীতিক বলেন, ‘এটা স্পষ্ট ছিল যে সংঘর্ষ বাধছেই। কোন পক্ষ শুরু করল, সেটা কোনো বড় বিষয় নয়।’ গত পাঁচ বছর ধরে নীল নদ প্রদেশের বিদ্রোহীরা এবং নুবা এলাকার এসপিএলএম শাখা দক্ষিণ সুদানের সেনাবাহিনীর অধীনে কাজ করেছে। দক্ষিণ সুদানের বাহিনীই তাদের অর্থ এবং প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে। বর্তমান স্বাধীন দেশ দক্ষিণ সুদান বলেছে, তারা সুদান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহীদের সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে। অনেকের মতে, বিষয়টি সম্পূর্ণ যৌক্তিক। কারণ, দক্ষিণ সুদানের উত্তর সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে সুদান সরকারের বিরুদ্ধে নতুন করে বিদ্রোহ দানা বেঁধে উঠলে তার দায় দক্ষিণ সুদানেরই। তাদের পড়তে হবে এক কঠিন পরীক্ষার সামনে। হয় পুরোনো বন্ধুদের পরিত্যাগ করতে হবে, নয়তো পড়তে হবে বৃহত্তর যুদ্ধ ও অর্থনৈতিক দৈন্যের হুমকির মুখে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ফুয়াদ হিকমতের মতে, এ বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা পাওয়া দক্ষিণ সুদানের নেতৃত্ব। এসব দিক বিবেচনা করেই নীল নদের বিদ্রোহীরা সরকারবিরোধী লড়াইয়ে নুবার পাশাপাশি হাত মিলিয়েছে দারফুরের বিদ্রোহীদের সঙ্গে। তবে সুদান সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে আরও বেশি সহায়তার প্রয়োজন হবে তাদের।  হারুন-অর-রশীদ