সুদানের গণভোট নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক বিদ্রোহী দিং ধেলের টি-শার্টে একটি স্লোগান: পূর্ণ স্বাধীনতার জন্য এই গণভোট আপনাদের সামনে একটি সুবর্ণ সুযোগ।স্বাধীনতার এ স্লোগানটি এখন আর টি-শার্টে সীমাবদ্ধ নেই। দক্ষিণ সুদানের রাজধানী জুবার দেয়ালে দেয়ালে সাঁটা পোস্টার আর টানানো ব্যানারে শোভা পাচ্ছে তা। কিন্তু দুই দশকের বেশি সময় চলা গৃহযুদ্ধে ক্লান্ত দক্ষিণ সুদানিদের স্বাধীনতার স্বপ্ন পূরণ হওয়ার ব্যাপারটি এখনো সন্দেহের দোলাচলে দুলছে।বিদ্রোহী গোষ্ঠী ও সুদান সরকারের মধ্যে ২০০৫ সালে স্বাক্ষরিত শান্তিচুক্তি অনুসারে ২০১১ সালের ৯ জানুয়ারি গণভোট হওয়ার কথা। এই গণভোট নিয়ে দক্ষিণে বইছে রোমাঞ্চের ঢেউ। সেখানে অনেকেই মনে করছেন, ভোটে দক্ষিণ সুদান বিচ্ছিন্নতার পক্ষেই রায় দেবে। আফ্রিকার সবচেয়ে বড় এই দেশটি শেষ পর্যন্ত দুই ভাগ হয়ে যাবে।রাজধানী খার্তুমের আরব প্রাধান্যপুষ্ট মুসলিম সরকার ও তুলনায় অনগ্রসর দক্ষিণের বিদ্রোহীদের মধ্যে সংঘাতে ২০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণের বেশির ভাগ মানুষ খ্রিষ্টান বা আফ্রিকার ঐতিহ্যবাহী ধর্মগুলোর অনুসারী।সময়মতো গণভোট অনুষ্ঠানের দাবিতে দক্ষিণ সুদানজুড়ে প্রায়ই হাজার হাজার লোক মিছিল-সমাবেশে মিলিত হচ্ছে। তবে গণভোটের প্রস্তুতির কাজ বাকি রয়ে গেছে অনেক। এ সময়ের মধ্যে এগুলো শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে আছে যথেষ্ট সংশয়। বেশ কয়েকবার বিলম্ব হওয়ার পর ১৪ নভেম্বর ঘটা করে ভোটার নিবন্ধন শুরু হয়েছে। উত্তরের সাবেক প্রতিপক্ষ ভোট বানচাল করতে পারে বলে আশঙ্কা দক্ষিণের বিদ্রোহীদের। সর্বশেষ ১৪ নভেম্বর আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় এক বৈঠকে দুই পক্ষ ভোটের আগে উত্তেজনা কমানোর উদ্যোগ নিতে সম্মত হয়েছে। সীমানা চিহ্নিত করতেও সম্মত হয়েছে তারা। এ ছাড়া দেশ দুই ভাগ হলেও সুদানের নাগরিকেরা উত্তর বা দক্ষিণ যেকোনো অংশে ইচ্ছামতো বসবাসের অধিকার পাবে। স্বাধীনতার স্লোগানওয়ালা টি-শার্ট পরা একসময়ের বিদ্রোহী ধেল বললেন, ‘আমরা যুদ্ধ করেছি আর বছরের পর বছর অপেক্ষা করেছি নিজেদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেতে।...এত বেশি মানুষ এ জন্য প্রাণ দিয়েছে যে এ সুযোগ নষ্ট করার অবকাশ নেই।’খ্রিষ্টান-অধ্যুষিত দক্ষিণ সুদানের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকার-সমর্থিত উত্তর সুদানের মুসলিম আরব মিলিশিয়াদের লড়াই চলে আসছে দুই দশক ধরে। সুদান সেনাবাহিনী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে ‘জানজাবি’ নামের মিলিশিয়াদের। অন্যদিকে, সুদান লিবারেশন আর্মি (এসএলএ) ও জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্টের (জেম) বিদ্রোহীদের সমর্থন দিয়ে যাচ্ছে প্রতিবেশী চাদ ও পশ্চিমা বিশ্বের অনেক দেশ।সুদানের বিবদমান পক্ষগুলোর বিরোধের মূল কারণগুলো হচ্ছে: স্বাধীনতা, সাম্প্রদায়িক পরিচয়, তেলসম্পদের নিয়ন্ত্রণ ও ধর্ম। জাতিসংঘের হিসাব অনুসারে, লড়াইয়ে এ পর্যন্ত তিন লাখ লোক প্রাণ হারিয়েছে। অবশ্য সুদানের প্রেসিডেন্ট ওমর-আল বশির দাবি করেছেন, নিহত মানুষের সংখ্যা ১০ হাজার। বাস্তুচ্যুত হয়েছে ২৭ লাখ লোক। আন্তর্জাতিক সম্প্রদায় সুদানের গণভোটের ব্যাপারে এখনো সন্দিহান। তাদের আশঙ্কা, এই গণভোটকে কেন্দ্র করে সুদান আবারও অশান্ত হয়ে পড়তে পারে। আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় সর্বশেষ সমঝোতার কারণে এসব আশঙ্কা অবশ্য একটু কমেছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, তিনি সুদানের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। দক্ষিণ সুদানের বাসিন্দারা মনে করছেন, গণভোট অনুষ্ঠান পিছিয়ে গেলে শেষ পর্যন্ত সেটা হয়তো আর হবেই না। তাই নির্ধারিত সময়েই তাঁরা গণভোট চান। নির্ধারিত সময়ের মধ্যে ভোটার নিবন্ধন শেষ করা একটি বড় চ্যালেঞ্জ। দক্ষিণ সুদান স্পেন ও পর্তুগালের মিলিত আয়তনের চেয়েও বড়। অথচ এ অঞ্চলে পাকা রাস্তা আছে মাত্র ৬০ কিলোমিটার। গণভোট নিয়ে বহির্বিশ্বে নিরাশার ঢেউ বইলেও দক্ষিণ সুদানের অনেকে এখনো আশাবাদী। জুবার রাস্তায় জুবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উইলিয়াম লুসা বললেন, ‘দুনিয়াকে বলে দাও, আমরা সহিংসতার কথা বলছি না। আমরা আমাদের নিজেদের পছন্দ করার স্বাধীনতার কথা বলছি। যুদ্ধের কথা শুধু যুদ্ধই ডেকে আনে।’