সুদিন ফিরছে প্রেক্ষাগৃহের নাকি আয়নাবাজির জাদু!

চলছে আয়নাবাজি। বেলা তিনটার প্রদর্শনীর টিকিট কাটতে এলেন আরিফুর রহমান নামের এক তরুণ দর্শক। বহু চেষ্টার পর সন্ধ্যা ছয়টার দুটো টিকিট জোগাড় করতে পারলেন তিনি। দিনের বাকি প্রদর্শনীগুলোর প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গেছে। টিকিট না পেয়ে অনেক দর্শক ফিরেও গেলেন। ১১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় নগরের আলমাস সিনেমা হলে গিয়ে দেখা গেল এমন আশাব্যঞ্জক চিত্র। প্রেক্ষাগৃহের বাইরে দর্শকের এমন ভিড় বহুদিন চোখে পড়েনি। তবে কি চট্টগ্রামের নিবুুনিবু হয়ে টিকে থাকা প্রেক্ষাগৃহগুলোর সুদিন ফিরছে?
এমন চিত্র অবশ্য সারা বছর দেখা যায় না। কদিন আগে ঈদের ছুটিতেও এই প্রেক্ষাগৃহগুলো জমজমাট ছিল না। তখন কাউন্টারে অলস বসে থাকতে দেখা গেছে প্রেক্ষাগৃহের কর্মচারীদের। কিন্তু সপ্তাহ ঘুরতেই আলমাসের চিত্র পাল্টে গেল। প্রতিদিনের সব কটি প্রদর্শনীতেই দর্শকের লম্বা লাইন সেখানে। হঠাৎ এভাবে প্রেক্ষাগৃহমুখী কেন হলেন দর্শকেরা? আলমাসে আসা কয়েকজন দর্শককে এমন প্রশ্ন করলে তাঁরা সোজাসাপ্টা উত্তর দিতে গিয়ে বলেছিলেন, এটি আসলে আয়নাবাজির জাদু।
এ কথার প্রমাণও মিলল। আলমাসের পাশের প্রেক্ষাগৃহ দিনারে চলছিল জীবনের গ্যারান্টি নাই নামের একটি চলচ্চিত্র। ওই দিন সন্ধ্যার প্রদর্শনীর সময় সেখানে গিয়ে কেবল দু-চারজন দর্শকের দেখা মিলল। একই চিত্র দেখা গেছে নগরের অন্য প্রেক্ষাগৃহগুলোতেও।
বহুদিন পর প্রেক্ষাগৃহে আসা দর্শকেরা আয়নাবাজির সাফল্যে উচ্ছ্বসিত। তাঁদের কথা, চলচ্চিত্রটি তরুণ দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এ জন্য নিরুত্তাপ ও মৃতপ্রায় প্রেক্ষাগৃহ কোলাহলে ভরে গেছে। নতুন প্রাণের সঞ্চার হয়েছে। কয়েক বছর আগে মনপুরা চলচ্চিত্র এ রকম ঢেউ তুলেছিল। দর্শকদের অভিমত, এসব জনপ্রিয় চলচ্চিত্রের প্রদর্শনী শেষ হলে আবারও আগের দশায় ফিরে যাবে প্রেক্ষাগৃহগুলো। তখন সাত শ আসনের একটি প্রেক্ষাগৃহে সাকল্যে দর্শক হবে ২০-২২ জন।
আয়নাবাজি দেখার জন্য দর্শকের আগ্রহ আর টিকিটের জন্য কাউন্টারে ভিড় দেখে অনেক দর্শক স্মৃতিকাতর হয়েছেন। নন্দনকাননের বাসিন্দা ব্যবসায়ী জসিম উদ্দিন আক্ষেপের সঙ্গেই বললেন, ‘একসময় সিনেমার টিকিট ছিল সোনার হরিণ। বন্ধুবান্ধব, ভাইবোন কিংবা পরিবার নিয়ে একসঙ্গে আমরা সিনেমা দেখতাম। এখন তো কী ছবি এল আর গেল, সেদিকে কেউ খেয়ালই রাখে না। সিনেমা হলই তো নেই।’ তিনি আরও বলেন, ‘আমি নিজে মা-বাবার সঙ্গে সিনেমা দেখেছি। কিন্তু নিজের ছেলেমেয়েকে নিয়ে সিনেমা দেখার পরিবেশ পেলাম না।’
গেল শতকের সত্তর, আশি ও নব্বইয়ের দশকে সাধারণ মানুষের বিনোদনের প্রধান স্থান ছিল সিনেমা হল। সে সময় নগরে ২৭টি প্রেক্ষাগৃহ ছিল। নিউমার্কেট এলাকায় ছিল জলসা, নূপুর আর উজালা। এ ছাড়া নগরের বিভিন্ন এলাকায় ছিল রঙ্গম, খুরশিদমহল, ঝুমুর, লায়ন, বনানী কমপ্লেক্স, সানাই, উপহার, মেলোডি, রিদম, সাগরিকা, নেভি সিনেমা, গুলজার, সংগীত, আকাশ, চাঁদনি ও সিনেমা কর্ণফুলী নামের প্রেক্ষাগৃহ। সারা বছরই জমজমাট থাকত প্রেক্ষাগৃহগুলো। এখন এগুলোর একটিরও অস্তিত্ব নেই।

কিন্তু কেন এই অবস্থা? দর্শক কেন এ রকম বিমুখ হলেন? আলমাসে আয়নাবাজি দেখতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নার্গিস বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বললেন, ‘প্রেক্ষাগৃহের ভেতরের অবস্থা করুণ। তারপরও ঘেমে-নেয়ে দেখলাম আয়নাবাজি। এর আগে দেখলাম মনপুরা। ভালো সিনেমা আসুক, আমরা নিজেরাই লাইন ধরে টিকিট কিনব।’
একই কথা বললেন প্রেক্ষাগৃহের সঙ্গে যুক্ত কর্মকর্তারা। আলমাস সিনেমা হল পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স আল হেলাল অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ কাদের বললেন, দেখার মতো ছবি হলে মানুষ ঠিকই আসবে। এই যে এখন আসছে আয়নাবাজি দেখতে। শিকারি, মনপুরা, শঙ্খনীল কারাগার, ব্যাচেলর তো ঠিকই দর্শক দেখেছেন। পাশের হল দিনারে চলছে জীবনের গ্যারান্টি নেই। ওখানে কিন্তু দর্শক নেই।
প্রেক্ষাগৃহের করুণ দশা নিয়েও কথা বললেন অনেক দর্শক। গত ১০ অক্টোবর আলসমাস প্রেক্ষাগৃহে স্ত্রীসহ আয়নাবাজি দেখতে গিয়েছিলেন নগরের মহম্মদপুর আবাসিক এলাকার বাসিন্দা মো. জুনায়েদ। তিনি বলেন, টিকিট কেটেও নির্ধারিত আসনে বসতে পারেননি। ওই প্রেক্ষাগৃহের বেশির ভাগ আসনই ভাঙা, শীতাতপনিয়ন্ত্রণ–ব্যবস্থাও ঠিকমতো কাজ করেনি। টিকিটে সিট নম্বর থাকলেও বাইরে থেকে এনে দেওয়া একটা চেয়ারে বসতে হয়েছে তাঁকে।
চট্টগ্রামের সবচেয়ে ভালো প্রেক্ষাগৃহের এই অবস্থা। বাকি দুটোর অবস্থা আরও খারাপ। দর্শকদের অভিমত, শুধু ভালো ছবি দেখালে চলবে না। প্রেক্ষাগৃহও দর্শকবান্ধব হতে হবে।
এ নিয়ে কথা হলো এম এ কাদেরের সঙ্গে। তিনি বললেন, ‘সিনেমা চলার সময় এসি, পাখা দুটোই চলে। কিন্তু বিদ্যুৎ না থাকলে এসি চলে না। তা ছাড়া এসিগুলো পুরোনো হওয়ায় ভালোভাবে কাজ করে না।’ তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘সিনেমা হলই চলে না, সংস্কার করব কীভাবে? এখনকার আসনগুলো পাকিস্তান আমলের। সংস্কার করতে প্রেক্ষাগৃহের পুরোনো সবকিছুই বাদ দিতে হবে। এই বিপুল খরচ কে জোগাবে?’
আলমাস সিনেমায় আয়নাবাজি নিয়ে যখন মানুষ মাতামাতি করছে, তখন সিনেমা প্যালেস দর্শকশূন্য। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গিয়ে দেখা যায় বসগিরি চলচ্চিত্র দেখার জন্য টিকিট কেটেছেন মাত্র ২০ জন। অথচ এই প্রেক্ষাগৃহের ধারণক্ষমতা ৪৫০ বলে জানালেন সুপারভাইজার খগেন্দ্র নাথ। প্রেক্ষাগৃহের ভেতরের অবস্থা খুবই করুণ। এখানে শীতাতপনিয়ন্ত্রণ–ব্যবস্থা নেই। আসনগুলোর জীর্ণ দশা। এ প্রসঙ্গে খগেন্দ্র নাথ বলেন, দর্শক আসেন না, আয় নেই। তাই সংস্কারও হয় না।
দেখা যাচ্ছে দর্শকপ্রিয় চলচ্চিত্রের ঘাটতির কারণেই মূলত একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে। যেগুলো টিকে আছে, দর্শক না থাকায় সেগুলোও লাভজনক অবস্থায় নেই। ফলে প্রেক্ষাগৃহগুলোর সংস্কারও হচ্ছে না। আয়নাবাজির মতো চলচ্চিত্র সারা বছরে অন্তত তিন-চারটি নির্মিত হলে এ অবস্থার পরিবর্তন হবে বলে মনে করেন দর্শক ও প্রেক্ষাগৃহের মালিক-কর্মকর্তারা।