একরকম বিপদেই পড়েছি। কোন সুদীপকে নিয়ে লিখব? নির্দেশনায় সফল তরুণ, নাকি বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছিপছিপে সেই ছেলেটি? একই মানুষ, কিন্তু যোজন তফাত। একবিংশ শতাব্দীর শুরুতে নাট্যকলা বিভাগের কোনো সংবাদ বিজ্ঞপ্তি হাতে নিয়ে আসা তরুণটি বলত, ‘দাদা, দয়া করে ছেপে দেবেন। শাহীন স্যার পাঠিয়েছেন।’এখনো সেই বিনয়ের এতটুকু কমতি নেই। শুধু বলার বিষয়টা গেছে বদলে। ‘দাদা, পায়ের আওয়াজ পাওয়া যায়-এর নির্দেশনা দিচ্ছি। পারলে একটু মহড়া দেখে যাবেন।’ কিংবা সুবচন নাট্য সংসদের মহাজনের নাও নাটকটি নির্দেশনা দেওয়ার ফাঁকে ফিসফিস করে বলে, ‘দাদা, এটা আগাগোড়াই গীতল নাটক। আমার জন্য চ্যালেঞ্জ।’কেন চ্যালেঞ্জ! হবিগঞ্জের নবীগঞ্জেই তো বেড়ে ওঠা, সেখানেই স্কুল, সেখানেই কলেজ। চ্যালেঞ্জটা আসলে সে কারণেই। গীতলধারা আর কৃত্যমূলক পরিবেশনা বা নাট্যরীতির মধ্যেই বেড়ে ওঠা সুদীপের। সেই ধারা নিজের কাজের মধ্যে প্রকাশ করতে পারবে কি না, সেটাই ছিল সুদীপের পরীক্ষা। আজ বলতেই হচ্ছে, সে পরীক্ষায় ভালো নম্বর নিয়ে সুদীপ পাস করেছে।পেছন ফিরে দেখি, সৈয়দ জামিল আহমেদ, বিপ্লব বালা ও ইস্রাফিল শাহীনের কাছ থেকে নাট্যকলার আদ্যন্ত আকণ্ঠ পান করছে এই তরুণ। এই তালিকায় আরও আছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি ও কামালউদ্দীন কবীর।এই অল্প বয়সেই বেশ কিছু সফল নির্দেশনা দিয়ে নাট্যজনদের মন কেড়েছে সুদীপ।নাটক নিয়ে পড়াশোনা করবে—এ রকম কথা স্বপ্নেও ভাবেনি সুদীপ; বরং সাংবাদিকতা কিংবা বাংলায় পড়ার ইচ্ছা ছিল। তখনো নাটককে জীবন বলে মনে হতো না। সুদীপ নাটকের মজা পেল কক্সবাজারে গিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলার ক্লাস শুরু হয়ে গিয়েছিল ১৯৯৯ সালে। উন্নয়ন নাট্যকলার মাঠপর্যায়ের কর্মশালা ও প্রয়োগের কাজটি হয়েছিল কক্সবাজারে। সৈয়দ জামিল আহমেদ, ইস্রাফিল শাহীন ও ওয়াহিদা মল্লিক জলির তত্ত্বাবধানে এটা হয়েছিল। ওই এলাকার গাছ চুরি বিষয়েই তৈরি হয়েছিল গল্পটা। মূল চরিত্রে অভিনয় করেছিল সুদীপ। উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া দেখে নাটকের প্রতি নিজের ভালোবাসা টের পায় সুদীপ। তার পর থেকেই চলে প্রস্তুতি।এত অল্প সময়ে অসাধারণ কিছু নির্দেশনা দিয়ে সুদীপ নিজের জন্য একটা জায়গা তৈরি করে নিয়েছে। নিজে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক। কিন্তু গুরুদের কাছে এখনো শিক্ষার্থীই। ওর এই ব্যাপারটা ভালো লাগে।আবার একটু পেছনে তাকাই। এমএ পড়ার সময়েই তো তিনটি গুরুত্বপূর্ণ কাজ করা হয়ে যায়। সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় বেহুলার ভাসান, ইস্রাফিল শাহীনের নির্দেশনায় থ্রি সিস্টার্স আর ওয়াহিদা মল্লিক জলির নির্দেশনায় কর্ণ সংবাদ নাটকে অভিনয় করা হয়ে গেল। কাজ করতে করতেই শেখার ব্যাপারটাও চলতে থাকল।নির্দেশনা দেওয়ার শুরু আনন্দ নিকেতন নামের একটি শিশু-কিশোর সংগঠনে। সেটা ২০০০ সাল। না জেনে, না বুঝেই তখন নির্দেশনা দিতেন তিনি। বন্ধু, অনুজ ও বন্ধুতুল্য ব্যক্তিরাই অভিনয় করতেন সেই নাটকে। মান্নান হীরার ইঁদারা, উৎপল দত্তের মৃত্যুর অতীত ও মুনীর চৌধুরীর কবর নাটকগুলো নির্দেশনা দেওয়া হয়ে গেল। বড় পরিসরে প্রথম কাজ হবিগঞ্জের জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নাটক রুমা মোদকের রচনায় বিভাজন। এরপর শুধু এগিয়েই যাওয়া। বলতেই হবে, সব বিষয়ে উৎসাহের মূল কেন্দ্রবিন্দু মা পার্বতী চক্রবর্তী। তাঁর কারণেই নাট্যকলা বিভাগে পড়াশোনা, পড়ালেখা, অভিনয়, নির্দেশনা তথা নাট্যচর্চায় প্রেরণাদায়িনীও মা। তিনি হবিগঞ্জ থেকে এসে দেখে যান ছেলের কাজ।সুবচন নাট্য সংসদের মহাজনের নাও, শূন্যন-এর লালজমিন, থিয়েটারের কালজয়ী দুটো নাটকের নবরূপায়ণ পায়ের আওয়াজ পাওয়া যায়, কোকিলারা (ফেরদৌসী মজুমদার), পদাতিক নাট্য সংসদের ম্যাকবেথ—এভাবেই এগিয়েছে সুদীপ। ঢাকার বাইরে বরিশাল শব্দাবলী গ্রুপ থিয়েটারের ফণা, রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটারের পাইতাল, হবিগঞ্জ শিল্পকলা একাডেমীর জ্যোতিসংহিতা নির্দেশনা দিয়ে নিজের ভিতটাও গড়েছে। নাটক নিয়ে আন্তর্জাতিক কর্মশালায় যোগ দিতে ইংল্যান্ড, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ কোরিয়ায় গেছে। বাইরের পেশাদারি থিয়েটার দেখে শেখার চেষ্টা করেছে।সুদীপ কবিতা ভালোবাসে। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ প্রতিদিনই মনে মনে পড়ে। মাছ-ভাত-ডাল তার প্রিয় খাদ্য। ভ্রমণে অরুচি নেই। সবুজ আর জল—ভালো লাগার ক্ষেত্র।২০১২ সালে বিয়ে করেছে তৃষা ভট্টাচার্যকে।নাটক নির্দেশনায় হাত পাকিয়েছে সুদীপ। মঞ্চনাটক নির্দেশনায় তরুণদের মধ্যে সুদীপকেই দেখতে পাচ্ছি অগ্রবর্তী দলের সেনানায়ক হিসেবে। এ বড় আনন্দের কথা!