সুদূরতমা
ঢাকায় তখন নতুন এসেছি। ভালোভাবে পথঘাটও চিনি না। শাহবাগের বাইরে গেলে উত্তর-দক্ষিণ ঠিক থাকে না। এ রকম সম্পূর্ণ অনাত্মীয় শহরে আমার মতো এক অর্বাচীন তরুণের পক্ষে টিউশনি নামের সোনার হরিণের সন্ধান পাওয়া কি চাট্টিখানি কথা?পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। গাঁটের পয়সা খরচ করে মিডিয়ার ‘মেম্বর’ হয়েছি। ফলাফল ‘যে লাউ, সেই কদু’। কালকে আসুন, পরশু আসুন, দুই সপ্তাহ পর আসুন ইত্যাদি।অসাধ্য সাধন করলেন তারেক ভাই (বিভাগের বড় ভাই)।—বুচ্ছ ফারুক, ঢাকা শহরে সবচেয়ে রেয়ার দুইটা জিনিস হইল সিএনজি আর টিউশনি। কিন্তু তোমার এই তারেক ভাইয়ের অভিধানে রেয়ার-ফেয়ার বলে কোনো কিছু নাই।—তামাশা রাখেন তো ভাই।—তামাশা নয়, তামাশা নয়, তোমার টিউশনি ফাইনাল। ইন্টারমিডিয়েটের ছাত্রী। ইংরেজি পড়াতে হবে। সপ্তাহে তিন দিন। কারওয়ান বাজারের কাছেই। তিন হাজার টাকায়। সন্তুষ্ট?—অবশ্যই সন্তুষ্ট।—ইচ্ছে করলে কালই শুরু করতে পারো। তবে একটা সংবিধিবদ্ধ সতর্কবাণী, মেয়েটা কিন্তু দুর্দান্ত সুন্দরী। তবে কিঞ্চিৎ বদমেজাজি। গত পাঁচ মাসে তিনজন মাস্টারের অকালপ্রস্থান।—তার মানে?—মানে বুঝলা না? টু সি হার ইজ টু লাভ হার। যে দেখে, সে-ই কুপোকাত। একদম প্রেমেটেমে জড়াবা না কিন্তু।তারেক ভাইয়ের সতর্কবাণী মনে রেখেই পরদিন পড়াতে যাই। মেয়েটির নাম জেসমিন। তারেক ভাই বাড়িয়ে বলেননি। মেয়েটি আসলেই সুন্দরী। সাধারণত ফর্সা মেয়েদের আমার সুন্দরী মনে হয় না। এই মেয়েটি ফর্সা ও সুন্দরী। ফর্সা কপালে টকটকে লাল টিপ। এই মেয়ের জন্মই হয়েছে বোধহয় লাল টিপ পরার জন্য। প্রথম দুই সপ্তাহ খুব ভয়ে ভয়ে ছিলাম। ভালো করে ছাত্রীর মুখের দিকে পর্যন্ত তাকাতাম না। মেয়েটি উল্টাপাল্টা প্রশ্ন করে। টিচার, আপনি মেকু কাহিনি পড়েছেন? আপনি অমন মাথা নিচু করে থাকেন কেন? আমি কি দেখতে খারাপ?আচ্ছা টিচার, আপনি তো ইংরেজিতে অনার্স—বলুন তো, করলা ভাজির ইংরেজি কী?কয়েক দিন পর আমি বুঝতে পারি, কেউ একজন আমার তরুণ মনে সুর তুলছে সন্তর্পণে। ইয়েটসের কবিতায় তাকে আমি দেখতে পাই। শ্রীকান্তের গানে তার হাসির শব্দ শুনতে পাই। মল চত্বরের মুখোমুখি বসে থাকা সন্ধ্যায় সে আমার হাতে রাখে হাত।একদিন পড়াতে গিয়ে দেখি, জেসমিন নেই। তার মা জানালেন, সে টাঙ্গাইলে মামাবাড়িতে বেড়াতে গেছে। ফিরবে সপ্তাহ খানেক পর। উফ্! এক সপ্তাহ যে কী ভয়ংকর সময়! একেকটা দিন যেন একেকটা বছর। দীর্ঘ আর বিশ্রী।টাঙ্গাইল থেকে ফিরে এসে জেসমিন জানতে চায়, ‘টিচার, এ কয়দিন আপনার কেমন লেগেছে। আমার জন্য আপনার মন পোড়েনি? জানেন, আপনাকে খুব মিস করেছি। দূরে কোথাও গেলে দেখবেন আপনারও আমার কথা মনে পড়বে।’রাতে কিছুতেই ঘুম আসে না। সারা রাত ভাবনার এপাশ-ওপাশ। কেবলই জেসমিনের হাসির শব্দ শুনি। আয়নায় আমি নিজেকে দেখি। সেখানে আমার মুখচ্ছবি নয়, দেখি তারেক ভাইয়ের সতর্কবাণী।না, এই বিশুদ্ধ সৌন্দর্যের ভার বইবার ক্ষমতা আমাকে দেওয়া হয়নি। পরীক্ষার অজুহাত দেখিয়ে পরের মাসেই টিউশনি ইস্তফা।২.মাস তিনেক আগে আমার অনার্সের ফল বেরিয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে ‘সেকেন্ড ক্লাস’ পেয়ে উদ্ধার। এরই মধ্যে একটি সদ্যপ্রতিষ্ঠিত (কর্তৃপক্ষের অনুমান, শিগগিরই সরকারি অনুমোদন পাবে) কলেজে চাকরিও পেয়ে গেছি। গ্রামের এই কলেজটিতে ব্যাচেলর শিক্ষকদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা আছে। সন্ধ্যার পর চলে আড্ডা। বাংলার প্রভাষক মিজান সাহেব ভাব-ভালোবাসাবিষয়ক আলোচনায় বিশেষ পারঙ্গম। কলেজের কোন ছেলে হ্যান্ডনোট দেওয়ার ছলে কোন মেয়েকে ‘গোপনপত্র’ দেয়, কোন ছেলে মধ্যরাতের সাশ্রয়ী প্যাকেজে কাকে ‘জানু জানু’ বলে—এসব বিষয় তাঁর নখদর্পণে।প্রতিদিনের মতো সেদিনকার আড্ডায়ও মিজান স্যারের ‘ভাব’বিষয়ক আলোচনার অভাব হলো না। ছাত্রজীবনে কে কয়টা প্রেম করেছে, এসব হাবিজাবি।কলেজের নবীন শিক্ষক হিসেবে আমার পালা সবার শেষে। আমি বিনয়ের সঙ্গে বললাম, আমার কোনো ঘটনা নেই। মিজান সাহেব নাছোড়বান্দা। বলতেই হবে।শেষমেশ আমি জেসমিন-বিষয়ক ঘটনাটা বললাম। শুনে সবাই একেবারে হো হো করে হেসে উঠল।—আরে, আপনি তো দেখছি এটা আস্ত ভীতুর আন্ডা। কোথাকার কোন তারেক ভাইয়ের কথা শুনে নিজের প্রেমটাকে মাটি করে দিলেন? ৩.রাতদুপুরে ঘুম থেকে ডেকে তুলে মিজান সাহেব বললেন, ‘দেখুন, দেখুন, বাইরে কী সুন্দর জ্যোৎস্না! চলুন না, মাঠে গিয়ে বসি।’ভদ্রতার খাতিরে তাঁর সঙ্গে মাঠে না গিয়ে পারলাম না। কিছুক্ষণ চুপ থেকে মিজান সাহেব জিজ্ঞেস করেন,—জ্যোৎস্না বিষয়টা আপনার কাছে কেমন লাগে।—ভালো।—আপনি জীবনানন্দ পড়েছেন তো?—কিছু কিছু পড়েছি।—মহীনের ঘোড়াগুলোর কথা মনে আছে? হয়তো এ রকম কোনো জ্যোৎস্নার প্রান্তরে ঘাস খেত তারা।এই লোকটার কথাবার্তার কোনো আগাগোড়া নেই। হঠাৎ করে বলে বসলেন, ‘আচ্ছা, এক কাজ করলে কেমন হয়। চলুন, আপনার জেসমিনকে দেখে আসি। আগামী সপ্তাহে তো বইমেলা শুরু হচ্ছে। যাবেন না ঢাকায়?’সেদিন চাঁদ ডুবে যাওয়া পর্যন্ত মাঠে বসে ছিলাম। হোস্টেলে ফিরে এসে আর ঘুমাতে পারিনি। কেবলই তার কথা ভেবেছি। জেসমিন আমাকে ভুলে যায়নি তো!৪.পরশু ঢাকায় এসেছি। মিজান সাহেবের পীড়াপীড়িতে জেসমিনদের বাসায় না গিয়ে পারিনি। কলবেল চাপতেই জেসমিনের মা এসে দরজা খুললেন। পরিচয় দিতেই তিনি সস্নেহে বসতে বললেন। গত চার বছরে এ বাড়ির তেমন কিছুই বদলায়নি। মামুলি কথাবার্তার ফাঁকে জেসমিনের মা যা জানালেন, তার সারমর্ম হলো এই—গত বছরের সেপ্টেম্বর মাসে জেসমিন তার এক ডিভিজয়ী ‘কাজিনের’ সঙ্গী হয়ে স্বপ্নের দেশ আমেরিকায় চলে গেছে।ওমর ফারুকঢাকা বিশ্ববিদ্যালয়।