কলেজে কে যেন আগেই তাঁর গানের খবর ছড়িয়ে দিয়েছে। সহপাঠিরা তো আছেই, অধ্যক্ষ উপাধ্যক্ষের কানেও কখন চলে গেছে সে কথা। স্থানীয় থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে নিতে গানের মানুষ হিসাবে রুম্মান আরা হোসেনের এই পরিচিতি তৈরি হয়েছে। তবে দৃষ্টি নামেই সে বেশি পরিচিত। সে রাজশাহী কলেজের একাদশ শ্রেণিতে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। গানের সঙ্গে পড়াশোনাতেও সমান এগিয়ে ও। এসএসসিতে পেয়েছে জিপিএ-৫। রুম্মান আরার বাবা আনোয়ার হোসেন রাজশাহীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা(বিসিক) এর একজন চাকুরে। মা শামীম আরা হোসেন গৃহিনী। বাবা-মা দু’জনের গলাতেই সুর আছে। তারা গান করার পরিবেশ পাননি। এ জন্য খুব ছোট থেকেই মেয়েকে গানের তালিম দিয়েছেন। আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের যে প্রতিযোগিতায় সে অংশ নিয়েছে, সেখানেই সেরা প্রতিযোগীর পুরষ্কার জিতেছে। ২০১০ সালে বাংলাদেশ শিশু একাডেমীর জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় উচ্চাঙ্গ সংগীত বিষয়ে খ বিভাগে প্রথম ও লোক সংগীতে তৃতীয় স্থান লাভ করে এবং ২০০৮ সালে রাজশাহী শিশু একাডেমীতে দেশের গানে খ বিভাগে প্রথম স্থান লাভ করে। ২০০৯ সালে মার্কস অলরাউন্ডার স্কুল ভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতায় সংগীতে প্রথম স্থান লাভ করে। একই বছর নজরুল সংগীতে খ শাখায় প্রথম স্থান অধিকার করে সারোয়ার জাহান স্মৃতি পদক পায়। পরের পছরেও সে একই প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে। রুম্মান আরা বর্তমানে রাজশাহী বেতারের নিয়মিত শিল্পী। রাজশাহী কলেজের তার গানের অনুরাগীদের মুখে মুখে ফেরে তার গান। সহপাঠি পিউলি মর্মু ও আয়েসা সিদ্দিকা দৃষ্টির গানের ভীষণ ভক্ত। তারা জানায়, ও শুধু ভালো গানই করে না কবিতাও লিখে। এবার রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত জীবনানন্দ উৎসবে তাৎক্ষণিক কবিতা লেখার প্রযোগিতায় ও পুরষ্কার জিতেছে। গান, কবিতা— সবকিছু দিয়েই ও আমাদের সবার প্রিয়। কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমানের কথায় খুব ভালো মেয়ে ও—যেমনি গানে তেমনি পড়াশোনায়। আশা করি, গান ওকে অনেক দূরে নিয়ে যাবে।