সুদূরের পথিক সাচিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাচিং মং মারমা
সাচিং মং মারমা

মণিপুরি নােচ ইতিমধ্যেই বেশ দক্ষ হয়ে উঠেছেন সাচিং মং মারমা। তাই দেশে-বিদেশে যেখানেই এখন পারফর্ম করেন, বিস্তর প্রশংসা মেলে তাঁর। প্রতিটি নাচের অনুষ্ঠান শেষে যখন দর্শক সারি থেকে ঝরতে থাকে হাততালির ফল্গুধারা, তখন আকাশের পানে মুখ তুলে কী যেন বলেন এই তরুণ।
কী বলেন তিনি? এই প্রশ্নের উত্তর জানতেই একদিন মুখোমুখি হই তাঁর। শান্ত-মারিয়ম ইউনিভার্সিটি ক্যাম্পাসে সেদিনের আড্ডায় সেই প্রশ্নের উত্তরের পাশাপাশি জানা হয় সাচিংয়ের জীবনের আরও অনেক গল্প।
সাচিং বলেন, আমার নাচ দেখে দর্শকেরা যখন মুগ্ধ হয়ে হাততালি দেয়, আমি তখন আকাশের দিকে মুখ তুলে নিজেই নিজেকে বলি, যেতে হবে বহুদূর।
হ্যাঁ, সাচিং মনে করেন তিনি তাঁর লক্ষ্যে এখনো পৌঁছাতে পারেননি, তাঁকে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। সেই ছোট্টবেলায় তিনি লক্ষ্য স্থির করে ফেলেছেন—তারকা হবেন। সেই লক্ষ্যে এখনো অবিচল আছেন। দীপ্ত কণ্ঠে বলেন, ‘আমি ‘‘স্টার’’ হতে চাই। নাচের জগতের স্টার।’
সাচিং যে তাঁর লক্ষ্যে পৌঁছাতে বদ্ধপরিকর তার প্রমাণ রাখতে শুরু করেন সেই ছোটবেলাতেই। স্কুলে পড়ার সময়ে টানা তিন বছর জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় মণিপুরি নাচ ও লোকনৃত্যে ছিলেন চ্যাম্পিয়ন। ‘সেটা অষ্টম, নবম ও দশম শ্রেণিতে পড়ার সময়ের কথা। এরপর সাধারণ নৃত্যে পদ্মকুঁড়ি অ্যাওয়ার্ড পেয়েছি।’ বলছিলেন সাচিং মং মারমা।
খাগড়াছড়ির এই তরুণ এখন ফ্যাশন ডিজাইনিং নিয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন শান্ত-মারিয়ম ইউনিভার্সিটিতে। এর আগে মাধ্যমিক সম্পন্ন করেছেন খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবং উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে।
নাচের অনুপ্রেরণা মূলত মায়ের কাছেই পেয়েছেন। বাবা বাদ সাধেননি কখনো। আর নাচের হাতেখড়ি সুচরিতা রোয়াজার কাছে। এখন মণিপুরি নাচ শিখছেন ওয়ার্দা রিহাবের নাচের স্কুলে।
দেশে তো বটেই, বিদেশের মাটিতেও অহরহ নাচ করেন সাচিং। ‘এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সংস্কৃতি দলের সঙ্গে গিয়েছিলাম থাইল্যান্ডে।’ বলছিলেন তিনি। ভারতেও নাচ করতে যাওয়া হয় নিয়মিত। বিশ্বকবি রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামা নৃত্য পরিবেশন করেছেন রবীন্দ্র সদনে।
ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপরই ক্যারিয়ার গড়তে চান এই মেধাবী তরুণ। তবে নাচকে বিদায় জানিয়ে কোনো কিছুই নয়। বলেন, ‘এখন মারমাদের হারিয়ে যাওয়া গান, প্রার্থনা সংগীত, গীতিনাট্য ও মারমা নাচ নিয়ে গবেষণা করছি। বিশ্বের দরবারে তুলে ধরতে চাই মারমা সংস্কৃতি।’
এটুকু বলেই হঠাৎ আকাশের দিকে মুখ তোলেন সাচিং মারমা। বিড়বিড় করে ঠোঁট নাড়েন। আমরা অবশ্য শুনতে না পেলেও ঠিক বুঝে যাই তিনি এখন কী বলছেন।