রমজান ও ঈদের জন্য গত ২৭ জুলাই থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছুটি চলছে। ২৭ আগস্ট পর্যন্ত এই ছুটি চলবে। ছুটির কারণে চুয়েট ক্যাম্পাসে এখন সুনসান নীরবতা। কোলাহল নেই, আড্ডা নেই, থেমে গেছে প্রাণচাঞ্চল্য। ক্লাস বন্ধ থাকলেও ১২ আগস্ট পর্যন্ত বিভিন্ন বর্ষের শর্টটার্ম ও চতুর্থ বর্ষের যন্ত্রকৌশল বিভাগের ফাইনাল পরীক্ষা চলেছে। এই পরীক্ষার জন্য আবাসিক হলগুলোতে অবস্থান করতে হয় কিছু শিক্ষার্থীকে। এ ছাড়া ক্লাস বন্ধ হলেও টিউশনির উদ্দেশে হলে থাকে আরও কিছু শিক্ষার্থী। এমনই একজন শিক্ষার্থী করুণ খান। তিনি বলেন, ‘টিউশনির টাকায় ঈদের পোশাক কিনেছি। এখন বাড়ি গিয়ে মাকে দেখব। তাই টিকিট সংগ্রহের যুদ্ধে নেমেছি। ’ রমজান মাসের শুরুতে প্রত্যেক কক্ষেই ছিল ইফতারের আয়োজন। ধর্ম-নির্বিশেষে শিক্ষার্থীরা একসঙ্গে ইফতার করত। সেহরির সময় সবাই দলবেঁধে হোটেলে ভিড় করত। সারা বছরের ক্যাম্পাস জীবনে এসেছে অন্য রকম আমেজ। কিন্তু ঈদ যতই কাছে আসতে লাগল, ততই ক্যাম্পাস খালি হতে লাগল। এখন হলের প্রায় প্রতিটি রুমে ঝুলছে তালা। আর তাই চিরচেনা ক্যাম্পাসটাকেই মনে হচ্ছে অচেনা।