সুনাগরিকের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজাতন্ত্র কী, রাষ্ট্র কোন কোন মূলনীতি মেনে চলে, নাগরিকদের মৌলিক অধিকার কী কী, কীভাবে হয় আইন প্রণয়ন—সর্বস্তরের মানুষ এ সবের কতটুকু জানে? বাংলাদেশ সংবিধানে চোখ বোলালেই পাওয়া যাবে এ সবের বিস্তারিত উত্তর রয়েছে।যদি প্রশ্ন করি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এই সর্বোচ্চ আইনগ্রন্থ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা কতজন দেখেছেন? ‘হ্যাঁ’ উত্তর পাওয়া যাবে খুব কম জনের কাছ থেকেই।এ পরিপ্রেক্ষিতে তাই একদল তরুণ উদ্যোগ নিয়েছে দেশের সংবিধানকে বন্ধুদের কাছে পরিচিত করার।কয়েকটি কলেজের এসব শিক্ষার্থী সপ্তাহের একটি দিন শুক্রবার বিকেল চারটায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একত্র হয়ে পাঠ করে বাংলাদেশ সংবিধান। নিজেদের মধ্য চলে অনুচ্ছেদ অনুযায়ী আলোচনা। ঢাকা কলেজ, ইডেন কলেজ, নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, শেখ বোরহানউদ্দিন কলেজ, সরকারি বাঙলা কলেজ, তিতুমীর কলেজ ও কমার্স কলেজের কিছুসংখ্যক শিক্ষার্থী পরিচালনা করছেন এই পাঠচক্র। সংগঠনের নাম আ-কথা। মানে কী? আজকের কথা, আগামীর কথা, আমাদের কথা, আশার কথা, আলোর কথা—একবাক্যে উত্তর দিয়ে দিলেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক ফরিদ মাঝি। প্রত্যয়ী স্বরে বললেন, ‘আমরা জনতে চাই রাষ্ট্রের অতীত এবং ভবিষ্যৎ দর্শন খুঁজে পেতে চাই সঠিক পথ। তা ছাড়া অর্থনৈতিক অবস্থা উন্নত হলেই রাষ্ট্রীয় জীবনমান উন্নত হয় না। এ জন্য প্রয়োজন নাগরিকের সচেতনতা।’আ-কথার সাধারণ সম্পাদক জোবায়ের শিবলী বলেন, ‘আমরা শিক্ষার্থীরা চাইলেই পারি প্রত্যন্ত অঞ্চলের নাগরিকের কাছে পৌঁছে দিতে তার রাষ্ট্রীয় অধিকার-কর্তব্যের বার্তা।’ একই মত প্রকাশ করেন আ-কথার প্রধান আহ্বায়ক মোমিন উল্লাহ।আ-কথার নিয়মিত সদস্যদের মধ্যে দূতী, রুবেল, দীপঙ্কর, সায়েম, আমিরুল, বাবু, শাহীন, নাহিদ প্রত্যেকেই চায় পরিবর্তিত রাষ্ট্রব্যবস্থায় সামঞ্জস্য বিধানে সক্ষম নাগরিক; সৃজনশীল তারুণ্যের সঠিক নেতৃত্ব।২০১১ সালে ৩ ডিসেম্বর থেকে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে পাঠ কার্যক্রম। এর মধ্যে ৪ নভেম্বর ২০১২ জাতীয় জাদুঘরের সামনে এই সংগঠন একটি শোভাযাত্রা করে সংবিধান দিবস পালন উপলক্ষে।সুনাগরিকের খোঁজে এই তরুণ দল গ্রুপ স্টাডিকেই তাঁদের পক্ষে প্রথম কার্যক্রম হিসেবে মানছেন। সুশাসন নিশ্চিত করা এবং সুনাগরিক হয়ে গড়ে ওঠা তাঁদের স্বপ্ন, তাঁদের প্রত্যাশা। বিস্তারিত জানতে যোগাযোগ: facebook.com/aakotha.dhaka