সুনাম ধরে রেখেছে মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের মাঠে খেলছিল একদল ছাত্র। খেলাটার আগপিছ কিছু বুঝতে না পেরে একজনের কাছে জানতে চাওয়া হয় কী খেলছিলে তোমরা? ‘আমরা মিছেমিছি খেলছিলাম।’ ছেলেটির উত্তর। নাম তার অজয় দাশ, নবম শ্রেণীর ব্যবসায় শাখার ছাত্র সে। আবার তার উদ্দেশে প্রশ্ন—‘সত্যি করে বল তো, তোমাদের বিদ্যালয়ের যে ঐতিহ্য তা কী?’ ছেলেটি একমুহূর্ত দেরি না করে বলল—‘জানি, আমাদের মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় শতবর্ষ পার করেছে, এটি অনেক পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান।’ ততক্ষণে আরও কয়েকজন এসে দাঁড়িয়েছে পাশে। সবার উদ্দেশে প্রশ্নটা করা হলো—শতবর্ষী বিদ্যালয়টি কি তার ঐতিহ্য ধরে রাখতে পেরেছে? পড়ার মান কেমন? এবার প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এল বিজ্ঞান শাখার ছাত্র অজয় দাশ। বলল, ‘বিদ্যালয়ের সামনের অংশ হকারদের দখলে চলে গেছে। প্রবেশপথের দুই পাশে অশ্লীল সিডি বিক্রি হয়।’ প্রীতম শীল অভিযোগ করে, ‘ক্লাস চলাকালীন গান বাজে, দোকানদারেরা চিৎকার করে, ফলে পড়ালেখার সমস্যা হয়। বাইরের ছেলেরা ঢুকে যায়, অনেক সময় ঝগড়া-মারামারি হয়।’ মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় শতবর্ষ উৎসব উদ্যাপন করেছে ১৯৮০ সালে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণে উৎসবে মুখর ছিল সাত দিন। এ বছর ১৩০ বছর পূর্তি উৎসব হবে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।বর্তমানে বিদ্যালয়ে ছাত্র আছে দুই হাজার, শিক্ষক ৫০। ২০১০ সালে এসএসসি পরীক্ষায় ৪৩৭ জনের মধ্যে ৪১ জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৭৯ শতাংশ। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, ‘সরকারি স্কুলগুলো অনেক সুবিধা পায়, আমাদের সে সুযোগ নেই। তবুও ফলাফল অনেক ভালো। ১৩০ বছরে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়নি।’প্রধান শিক্ষক এইচ এম ফজলুল কাদের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘হকারদের উৎপাত স্কুলের প্রধান সমস্যা। এদের উচ্ছেদ করার জন্য মেয়র, মন্ত্রীর কাছে গেছি। কিন্তু কাজ হয়নি।’তিনি আরও কিছু সমস্যার কথা বলেন, ‘১৯২২ সালে স্থাপিত প্রাথমিক বিদ্যালয় জায়গা দখল করে রেখেছে। আমাদের বিদ্যালয়ের সঙ্গে বঙ্গবন্ধু ল কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের নাম সংযুক্ত হওয়ায় বিভিন্ন সরকারের আমলে বিদ্যালয়ের ক্ষতি হয়েছে।’জানা যায়, ‘ব্রিটিশ আমলে বাঙালিরা শিক্ষা দীক্ষায় অনগ্রসর ছিলেন বলে চাকরি পেত না। বাঙালিদের মধ্যে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৮৮০ সালে পটিয়ার গৈরলা গ্রামের শ্যামাচরণ সেনের অর্থায়নে প্রতিষ্ঠিত হয় মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল, জায়গা দেয় তৎকালীন পৌরসভা। তিনিই ছিলেন প্রথম প্রধান শিক্ষক। পরবর্তীকালে অনেক দানবীর বিদ্যালয়ের জন্য অনুদান দেন। ১৮৮২ সালে জমিদার গোলকচন্দ্র রায় দুই হাজার টাকা দেন। আনোয়ারার বরইপাড়ার জমিদার রায় বাহাদুর ও আবদুল করিম সাহিত্যবিশারদ খণ্ডকালীন শিক্ষকতা করেছেন এ শিক্ষাপ্রতিষ্ঠানে। জানা যায়, শুরু থেকে পড়ালেখায় ভালো ছিল বিদ্যালয়টি, খেলাধুলায়ও তৎকালীন প্রাদেশিক চ্যাম্পিয়ন ছিল। ব্রিটিশবিরোধী আন্দোলনেও বিদ্যালয়সংশ্লিষ্ট অনেকের ভূমিকা ছিল। ১৯৭৫ সালের পর প্রধান শিক্ষক এ কে মাহমুদুল হকের উদ্যোগে নতুন দোতলা ভবন তৈরি হয়।বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে আছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ও সাহিত্যিক সুব্রত বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমল ভূষণ নাগ, কানাডার ক্লার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমীর মজুমদার, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, শিল্পী সুবীর নন্দী, তপন চৌধুরী ও ক্রিকেটার আকরাম খান। স্কুলে শিক্ষকসংকটও আছে। মোট ৫৫ জন শিক্ষকের মধ্যে ২৮ জন সরকারি বেতন পান। বাকি ২৭ জনকে স্কুলের পক্ষ থেকে বেতন দিতে হয়, যা বিদ্যালয় তহবিলের জন্য হুমকি স্বরূপ।