সুনামি থেকে বাঁচার উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রলয়ংকরী ভূমিকম্প ও তা থেকে সৃষ্ট সুনামির আঘাতে বিপর্যস্ত জাপান। ভূমিকম্পের পর সুনামির আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলের অনেক এলাকা। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিপজ্জনক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত সাদা চোখে সুনামির ক্ষয়ক্ষতিকেই প্রলয়ংকরী এ ভূমিকম্পের সবচেয়ে বড় প্রতিক্রিয়া বলে মনে হচ্ছিল। টেলিভিশনের কল্যাণে বিশ্বের নানা প্রান্তের মানুষ দেখতে পেয়েছে ফুঁসে ওঠা সাগরের পানি কী বিধ্বংসী রূপ নিয়ে ঝাঁপিয়ে পড়ে জনপদে। ভাসিয়ে নেয় সবকিছু।জাপানের স্মরণকালের ভয়াবহতম এ ভূমিকম্প ও সুনামি প্রকৃতির কাছে মানুষের অসহায়তা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সমুদ্রের নিচে ভূমিকম্প হলে যে সুবিশাল ঢেউয়ের সৃষ্টি হয়, তা-ই সুনামি। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য তৈরি থাকা জাপানের মতো উন্নত দেশের জন্যও কঠিন। বিশ্ববাসীর মন থেকে এশিয়ার ২০০৪ সালের ভয়াবহ সুনামির স্মৃতি মুছে না যেতেই এল ২০১১। ২০০৪ সালের সুনামিতে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও অন্যত্র ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়।এ পরিস্থিতিতে অনিবার্যভাবে একটি প্রশ্ন উঠে আসে। আর তা হলো, সুনামির আঘাত থেকে রক্ষা পেতে কী করতে পারে মানুষ?এক কথায় এর উত্তর হচ্ছে: সুনামির ক্ষতি পুরোপুরি ঠেকানো অসম্ভব। তবে তা সাধ্যমতো কমিয়ে আনার চেষ্টা করা যেতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূমিকম্প প্রকৌশল বিভাগের রিডার ড. তিজিয়ানা রোসেত্তো বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রাণহানির সংখ্যা কমিয়ে আনতে দুর্যোগ মোকাবিলা-সংক্রান্ত পরিকল্পনাকারীদের অনেক কিছুই করার রয়েছে।ড. রোসেত্তো বলেন, এ জন্য অনেক পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। যেমন, ভবনের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে তা সমুদ্রের স্রোতের ধাক্কা সহ্য করতে পারে। এ ছাড়া দক্ষ ও কার্যকর আগাম-সতর্কতা পদ্ধতি, জনসচেতনতা কর্মসূচি ও মানুষকে সরিয়ে নেওয়ার কর্মকৌশল গড়ে তুলতে হবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, আগাম-সতর্কতামূলক ব্যবস্থা কতটা সহায়ক হবে, তা নির্ভর করবে সুনামি কত দূরে আঘাত হানতে যাচ্ছে, তার ওপর। খুব কাছেই আঘাত হানলে এই সতর্কতা-ব্যবস্থা খুব কার্যকর হবে না। কারণ, এতে মানুষকে সরিয়ে নেওয়া ও অন্যান্য প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না।বিশেষজ্ঞ রোসেত্তো জানালেন, সুনামির মতো নিয়ন্ত্রণ অযোগ্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে সর্বোত্তম পদক্ষেপ হলো যত দ্রুত সম্ভব মানুষের সাগর উপকূল থেকে দূরে ও উঁচু জায়গায় সরে যাওয়া নিশ্চিত করা। অত্যাধুনিক যে আন্তর্জাতিক সুনামি-সতর্কতা ব্যবস্থা চালু আছে, তার সেন্সরগুলো সুনামির আগাম সংকেত ধরতে পারে। সেখান থেকে তথ্য পেয়ে সংশ্লিষ্ট দেশগুলো দ্রুত জনগণকে সতর্ক করতে রেডিও-টেলিভিশন এবং লাউডস্পিকার নেটওয়ার্কের সাহায্য নিতে পারে। তবে ড. রোসেত্তো বলেন, যদি ভূমিকম্প উপকূলের খুব কাছাকাছি আঘাত হানে (এবার জাপানে যা হয়েছে), তাহলে সুনামির ব্যাপারে মানুষকে সতর্ক করার জন্য কর্তৃপক্ষ হয়তো মাত্র পাঁচ থেকে ১০ মিনিট সময় পাবে।সুনামির সময় কী করতে হবে, তা মানুষকে আগে থেকেই জানাতে হবে। আর এই বিষয়টি নিশ্চিত করতে চাই ব্যাপক প্রচারণা। জাপানের মতো সুনামির ঝুঁকির মুখে থাকা উন্নত দেশগুলোতে এর খুব ভালো ব্যবস্থাও রয়েছে। বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে স্কুলের পড়াশোনায়। এ জন্য প্রচারণা চালানো হয় টেলিভিশন ও রেডিওতে। বিতরণ করা হয় প্রচারপত্র।একইভাবে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের রাস্তাগুলোতে জরুরি পরিস্থিতিতে সবচেয়ে কম সময়ে উঁচু ও নিরাপদ জায়গায় পৌঁছানোর পথনির্দেশনা দেওয়া আছে।সময় অল্প হলে কোনো শহর থেকে সব লোকজনকে হয়তো সরিয়ে নেওয়া সম্ভব হবে না। সে ক্ষেত্রে শহরবাসীকে ভবনের উঁচুতলা ও বহুতল কার পার্কে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া যেতে পারে। জাপানে কর্তৃপক্ষ উল্লম্ব আকৃতির স্থাপনা পরীক্ষা করে দেখেছে, যাতে মানুষ দ্রুত উঠে ঢেউয়ের নাগাল থেকে রক্ষা পেতে পারে।পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো স্পর্শকাতর স্থাপনা যতটা সম্ভব উপকূল থেকে দূরে নির্মাণ করা উচিত। এসব কেন্দ্রের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে ভূমিকম্প শনাক্ত হওয়া মাত্রই কেন্দ্রটি ‘সেফ মোডে’ গিয়ে বন্ধ হয়ে যায়।ড. রোসেত্তো বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা যেমন পোতাশ্রয় ও বন্দরের মতো জায়গায় অনেক সময় ‘সমুদ্র প্রতিবন্ধকতা’ স্থাপন করা হয়ে থাকে। তবে এসবের কার্যকারিতা তেমনভাবে প্রমাণিত হয়নি।আসন্ন দুর্যোগ থেকে লোকজনকে রক্ষার জন্য তাদের সরিয়ে নেওয়া অন্যতম পন্থা। কিন্তু অনেক নিচু দ্বীপ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া সহজ নয়। এ ধরনের স্থানে কাঠামোগত প্রকৌশলবিদ্যা ক্ষয়ক্ষতি কমানোর জন্য অনেক কিছু করতে পারে।সুনামি প্রতিরোধে সক্ষম ভবন তৈরির জন্য নানা ধরনের গবেষণা চালানো হচ্ছে। এই প্রচেষ্টায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল স্থপতির প্রণীত একটি নকশা পরীক্ষা করে দেখা হয়। এতে দেখা যায়, স্রোত ঠেকানোর চেষ্টার চেয়ে অবকাঠামোর ভেতর দিয়ে পানি প্রবাহিত হতে দেওয়া তুলনামূলক ভালো।ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ড. গোপাল মাদাবহুসি ২০০৪ সালের সুনামি বিপর্যয়ের পর সুনামি প্রতিরোধক্ষম ভবনের নকশা নিয়ে একটি গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, স্রোতকে বাধা দেওয়ার পরিবর্তে অবকাঠামোর ভেতর দিয়ে তা প্রবাহিত হতে দেওয়া উচিত। এতে ক্ষয়ক্ষতির মাত্রা কম হবে। বড় দরজা ও জানালা স্রোত বয়ে যাওয়ার সুযোগ করে দেয়।এই নকশার উদ্দেশ্য হলো ভবনকে স্রোতের ধাক্কা থেকে রক্ষা করা এবং দুর্যোগের পর যাতে সহজেই সংস্কার করা যায়, তা নিশ্চিত করা। এতে ধরে নেওয়া হচ্ছে যে ভবনের বাসিন্দারা উঁচু জায়গায় সরে যাবে। স্রোতের আঘাতে নষ্ট হয়ে যাওয়া দরজা ও জানালা খুব সহজেই মেরামত করা যাবে। আর ভেতরের দরজাগুলো মোটামুটি এক লাইনে থাকলে পানি আটকে না থেকে বেরিয়ে যাওয়া সহজ হবে। ক্ষতিও কম হবে।স্রোতের ধাক্কা সামাল দেওয়ার আরেকটি উপায় হলো পাইলের ওপর বাড়ি তৈরি করা। কিন্তু বাস্তবতার কারণে সব অঞ্চলে হয়তো এই ব্যবস্থা বাঞ্ছিত নয়।ড. মাদাবহুসি বলেন, হাওয়াইতে সাধারণত ভবন তৈরি করা হয় রিইনফোর্সড কনক্রিটে। সুনামির কথা মাথায় রেখে অনেক সময় এই ভবনগুলোর নিচতলা পার্কিং এলাকার মতো খালি রাখা হয়।বাড়ির নকশা তৈরির সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্রোত যেন ভবনের ভারবহনকারী দেয়ালে সরাসরি আঘাত না হানে। সরাসরি আঘাত হানলে কাঠামোটি ধসে পড়তে পারে। ড. মাদাবহুসি বলেন, কোন দিক থেকে সুনামি আসতে পারে, সে বিষয়টি বিবেচনায় রেখে ভারবহনকারী দেয়াল তৈরি করতে হবে।ইউসিএলের হ্যাজার্ড রিসার্চ সেন্টারের ভূমিকম্প প্রকৌশলী ড. অ্যাড্রিয়ান চান্ডলার সতর্ক করে দিয়ে বলেন, সব ভবন হয়তো এত সুপরিকল্পিতভাবে নির্মাণ করা হবে না। তিনি বলেন, গড়পড়তা আবাসিক বাড়ির ক্ষেত্রে ভবন তৈরির সময় বিষয়গুলো বিবেচনা করা হবে কি না, তা মালিকের ওপর নির্ভর করবে। অনেক ক্ষেত্রে খরচও অনেক বেশি পড়ে যেতে পারে।চান্ডলার বলেন, বস্তুত সুনামি-সংক্রান্ত ঝুঁকি থেকে মুক্ত থাকার একমাত্র উপায় হচ্ছে উপকূলের কাছাকাছি না থাকা।তবে এই উপদেশ নতুন কিছু নয়। ১৯৪৬ ও ১৯৬০ সালে হাওয়াইয়ের হিলো শহরে সুনামি আঘাত হানে। এরপর কর্তৃপক্ষ সেখানকার বাসিন্দাদের মূল ভূখণ্ডের আরও ভেতরের দিকে সরিয়ে নেয়।