সুনামির মুখে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে ফিলিস্তিনের মানুষ জাতিসংঘের দ্বারে উন্মুখ—এমন সময় ইসরায়েলের ভেতর ও বাইরের নানা সমস্যার পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন কিছু আন্তর্জাতিক বিশ্লেষক, টিকে থাকবে তো ধর্মভিত্তিক ক্ষুদ্র রাষ্ট্রটি?এ প্রশ্ন হুট করে তৈরি হয়নি। মার্কিন ছত্রচ্ছায়ায় থেকে আরব বিশ্বের ওপর অনেক দিন ধরে ছড়ি ঘুরিয়ে আসছে ইসরায়েল। আশপাশের দেশগুলোকে বিভিন্ন সময় নানা হুমকি দিয়েই তারা ক্ষান্ত হয়নি, ফিলিস্তিনি ভূখণ্ড ও লেবাননে বহুবার আগ্রাসন চালিয়েছে। সন্ত্রাসী হামলার জবাবের নামে চালিয়েছে অযৌক্তিক শক্তি নিয়ে হামলা।তবে এত দিন হয়তো ইসরায়েলের হাত-পা ঝাড়ার সীমানা সীমিত হতে চলেছে। স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেতে ময়দানে কোমর বেঁধে নেমেছে ফিলিস্তিনিরা। নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলার জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এখন নিউইয়র্কে। গত সোমবার নিউইয়র্কে পৌঁছেই মাহমুদ আব্বাস ইসরায়েলি নেতাদের প্রতি আহ্বান জানান, আসুন, শান্তি প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া না করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিন। ইসরায়েলের প্রতি ফিলিস্তিনি নেতাদের এ আহ্বান নতুন নয়। তবে ব্যতিক্রম হচ্ছে, এখনকার এই ডাকে তেজ রয়েছে। আরব বিশ্বের মুসলিমরা যে প্রতিবাদ ও বিদ্রোহ করতে জানে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাম্প্রতিক বিপ্লব তার উজ্জ্বল উদাহরণ। প্রভাবশালী আঞ্চলিক শক্তি হয়েও যে মিসর দিনের পর দিন ইসরায়েলের হম্বিতম্বির মুখে বিনয়ের সঙ্গে কথা বলেছে, সম্প্রতি সে দেশের মানুষ কায়রোর ইসরায়েলি দূতাবাসে ঝটিকা হামলা চালিয়ে বুঝিয়ে দিয়েছে সেই দিন আর নেই। গোদের ওপর বিষফোঁড়া হিসেবে দেশে শুরু হয়েছে অস্থিরতা। ইসরায়েলের অভ্যন্তরীণ আর্থসামাজিক পরিস্থিতি এখন মোটেই ভালো নয়। যুগে যুগে নিপীড়িত ইহুদিদের জন্য এক কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার লক্ষ্য নিয়ে যে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, তা এখন বৈষম্য আর নানা অসংগতির আগার। সব মিলিয়ে ইসরায়েলের অবস্থা নাজুক।আজ থেকে ৫০ বছরের বেশি সময় আগে প্রথম প্রধানমন্ত্রী ডেভিড-বেন গুরিয়নের নেতৃত্বে ইসরায়েলি নেতারা সামাজিকগণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেন। বিনা মূল্যে স্বাস্থ্যসেবা, সমৃদ্ধির জন্য অনুকূল আয়কর-ব্যবস্থা, শিশু কল্যাণ সুবিধা ও ভর্তুকির অর্থে সস্তায় বাড়ি নির্মাণের মতো অনেক উদ্যোগ নেওয়া হয়। বেন গুরিয়ন যখন অবসর নেন, তাঁর নিজের বলে প্রায় কিছুই ছিল না। অবসরের পর মরু এলাকায় পুরোনো একটি বাড়িতে বাস করতেন তিনি। সেই ইসরায়েল এখন আর নেই।গভীর অভ্যন্তরীণ সংকট ইসরায়েলের অস্তিত্ব নিয়ে টান দিয়েছে। পরিবর্তনের ধারা থেকে সরে এসেছে দেশটি। তারা এখন আরও বেশি ডান ঘেঁষা। বেড়েছে নিয়ন্ত্রণের বেড়াজাল। একই সঙ্গে ব্যাপকভাবে কমেছে উদারমনা সমতার নীতি। মধ্যপন্থী অনেক ইসরায়েলির আশঙ্কা, দেশটি ক্রমে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। নেতাদের কারও এখন ন্যায়নীতির বালাই নেই। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর পূর্বসূরি এহুদ ওলমার্ট বিত্তবৈভবের ভেতর বাস করা মানুষ। দুর্নীতির অভিযোগে ওলমার্টের বিরুদ্ধে মামলা চলছে এখন। দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল লেবার পার্টির সাবেক প্রধান ও বর্তমান প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে। সচেতন ইসরায়েলিরা তাঁদের ‘বাস্তবতাবিবর্জিত’ বলেই মনে করেন। সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন শহরে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা দেশে বিরাজমান অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দেয়। তেল আবিবে এক বিক্ষোভে প্রায় সাড়ে তিন লাখ লোক অংশ নেয়। ইসরায়েলের জনসংখ্যার বিচারে এটি এক বিশাল সংখ্যা। বিক্ষোভকারীরা একটি জনপ্রিয় শিশুতোষ শ্লোকে সুর তুলে স্লোগান দেয়, ‘বিবির আছে তিনটি বাড়ি, আমাদের কেন একটিও নেই।’ ‘বিবি’ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আদুরে নাম।বাড়ি নির্মাণের ব্যয় বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কম বেতন—এগুলো ছিল বিক্ষোভকারীদের ক্ষোভের মূল কারণ। বর্তমানে ২০ শতাংশ ইসরায়েলি দারিদ্র্যসীমার নিচে বাস করছে। দেশের মোট আয়ের ৩১ শতাংশই যাচ্ছে জনসংখ্যার শীর্ষ এক দশমাংশের পকেটে।ইসরায়েলের আরেকটি বড় বিপর্যয় মেধাপাচার। হাজার হাজার মেধাবী স্নাতক ডিগ্রিধারী তরুণ-তরুণী ও শিক্ষাবিদ বিদেশে পাড়ি জমাচ্ছেন। শুধু জার্মানির বার্লিনে এর মধ্যে ১০ হাজারের বেশি ইসরায়েলি তরুণ-তরুণী ঠাঁই নিয়েছেন। পরিবার বড় করার প্রবণতা ইসরায়েলের অর্থনীতিতে আরও নেতিবাচক প্রভাব ফেলেছে। দেশে অনেক পরিবারেই রয়েছেপাঁচ থেকে সাতটি সন্তান। ইসরায়েলে আরবদের চেয়ে ইহুদি পরিবারে কয়েকটি সন্তান নেওয়ার প্রবণতা বেশি। এদিকে গোঁড়া ইহুদিরা বেশির ভাগই কাজ না করায় সমাজে তারা সবচেয়ে দরিদ্র ব্যক্তিদের কাতারে চলে গেছে। ইসরায়েলের আরেক সমস্যা দেশের আরব সংখ্যালঘুরা। দেশটির বর্তমান দুরবস্থাকে যদি মুদ্রার একপিঠ হিসেবে দেখা হয়, তাহলে অন্য পিঠেই রয়েছে আরব সংখ্যালঘুদের উত্থান। আরব অধ্যুষিত এলাকায় দিন দিন মাথা তুলে দাঁড়াচ্ছে মসজিদের মিনার। একদা ইহুদিদের জন্য ইহুদিদের দ্বারা প্রতিষ্ঠিত দেশটিতে আরব মুসলিমদের প্রভাব বাড়ছে। তাঁরা অনেকেই বাইরের আরবদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এমনকি কিছু আরব ইসরায়েলকে একচ্ছত্র ইহুদি রাষ্ট্র বলে মেনে নিতেও আপত্তি করছেন। তবে ইসরায়েলে এখন সবচেয়ে সমস্যাপীড়িত হচ্ছে গণতন্ত্র। ২৫ লাখ আরব অধ্যুষিত জর্ডান নদীর পশ্চিম তীর ও ১৫ লাখ আরবের বাসস্থান গাজা উপত্যকা ইসরায়েল আংশিকভাবে দখল করে নেওয়ার পর এ সমস্যা শুরু। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর ও গাজার অনেক জায়গা দখল করে নেয় ইসরায়েল। বাস্তুচ্যুত হয় অসংখ্য আরব ফিলিস্তিনি। এ পর্যন্ত দেশটির কোনো সরকারই এসব এলাকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করেনি। এ ব্যাপারে শান্তিচুক্তির অগ্রগতি খুবই ধীর। সব মিলিয়ে ইসরায়েল এখন জটিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্যার আবর্তে পড়েছে। অর্থনৈতিক দুরবস্থা কাটাতে এর মধ্যে নেতানিয়াহু কিছু আমলাতান্ত্রিক সমাধানের উদ্যোগ নিয়েছেন। কিন্তু সমস্যা সমাধান ও সংস্কারে দেশটি পর্যাপ্ত সময় পাবে কি না সন্দেহ। কয়েক মাস আগে এহুদ বারাক মন্তব্য করেছিলেন, ভবিষ্যতে রাজনৈতিক সুনামি মোকাবিলা করবে ইসরায়েল। বিশ্লেষকেরা মনে করছেন, সে সময় হয়তো এসে গেছে।  শরিফুল ইসলাম ভূঁইয়া