সুনামের ধারাবাহিকতা অক্ষুণ্ন রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উনিশ শতকের শুরুতে এলাকার মুসলমান ছেলেদের ধর্মীয় শিক্ষা দেওয়ার লক্ষ্যে মীর ইয়াহিয়া খানের ওয়াকফ করা চার একর জমির ওপর গড়ে উঠেছিল মীর ইয়াহিয়া মাদ্রাসা। পাশাপাশি উপযুক্ত ও দক্ষ শিক্ষক তৈরির প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে ওঠে সাধারণ বিদ্যালয় (নরমাল স্কুল)।১৯০৬ সালে মাদ্রাসাটি মধ্যম ইংরেজি বিদ্যালয়ে রূপান্তরিত হয়। তবে এটি পরিচালিত হতো বিদ্যালয়ের অধীনে। ১৯৬৬ সালে বিদ্যালয়টি চকবাজারের পূর্ব পাশে স্থানান্তর করে একে জুনিয়র ট্রেনিং কলেজে উন্নীত করা হয়। একই সময়ে মধ্যম ইংরেজি স্কুলটি উন্নীত করা হয় জুনিয়র হাইস্কুলে। এ বিদ্যালয়টি ১৯৭৭ সালে স্বীকৃতি পায় পূর্ণাঙ্গ সরকারি উচ্চবিদ্যালয় হিসেবে। ১৯৭৮ সালে এর প্রথম প্রধান শিক্ষক ছিলেন মুহাম্মদ রবিউল ইসলাম খান। প্রতিষ্ঠাকাল থেকে বিদ্যালয়ে পড়ালেখার মান ছিল ভালো। প্রায় বছরই এখানকার উল্লেখযোগ্যসংখ্যক ছাত্র বৃত্তি পেয়ে আসছে। একসময় এটি বৃত্তি স্কুল নামেও পরিচিত ছিল। বিজ্ঞানী আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীন ছিলেন এ বিদ্যালয়েরই কৃতী ছাত্র। অতীতের সুনামের ধারাবাহিকতা এখনো অক্ষুণ্ন আছে বলে জানান প্রধান শিক্ষিকা মাহবুবা বেগম। এসএসসিতে ফলাফলও ভালো। এ বছর এসএসসিতে ২২৫ জন ছাত্র পরীক্ষা দিয়ে ২২৩ জন উত্তীর্ণ হয়। পাসের হার ছিল ৯০ দশমিক ৭৭। বিদ্যালয়ে নানা সমস্যাও রয়েছে। বিদ্যালয়ের মূল ভবন বেশ পুরোনো। কয়েকবার সংস্কার করা হয়েছে। এক হাজার ৮৫০ জন ছাত্রের জন্য শ্রেণীকক্ষ আছে মাত্র ১৪টি। নিজস্ব জমি না থাকায় বিদ্যালয় সম্প্রসারণ সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। খেলাধুলার সুযোগ-সুবিধাও তেমন নেই। এ ছাড়া আছে শিক্ষকসংকট। নবম শ্রেণীর ছাত্র জয়দীপ বলল, ‘খেলার মাঠে সবসময় বালু ওড়ে। খেলাধুলা করতে সমস্যা হয়।’ এ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা বলেন, ‘এটা কোনো খেলার মাঠ নয়। এ জমি নিয়ে মহসিন কলেজের সঙ্গে বিরোধ আছে। ফলে আমরা জায়গাটাতে কিছু করতে পারছি না। এখানে ঘাস লাগিয়ে খেলার মাঠের উপযোগী করা যায় অথবা নতুন একটা ভবন তৈরি করা যায়। কারণ আমাদের শ্রেণীকক্ষের সমস্যা রয়েছে। এক হাজার ৮৫০ জন ছাত্রের জন্য কক্ষ আছে মাত্র ১৪টি। আমাদের ভবন দরকার কিন্তু জমি নেই।’ জানা যায়, জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ অনেকবার শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে পরিদর্শনও করে গেছেন। কিন্তু কাজ হয়নি। বিদ্যালয়ে শিক্ষকসংকটও চলছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদ্যালয়টিতে দুই পালার শ্রেণীর কাজ শুরু হয়। কিন্তু সে অনুপাতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। দুই পালার বিদ্যালয়ে ৫৩ জন শিক্ষক থাকার কথা। অথচ আছেন মাত্র ২৭ জন। নাম প্রকাশ না করে বিদ্যালয়ের কিছু ছাত্র অভিযোগ করে বলে, ‘আমাদের ক্লাস কম হয়। পড়ালেখার চেয়ে ছেলেদের চুল, পোশাকের দিকে বেশি নজর দেওয়া হয়।’ এ বিষয়ে প্রধান শিক্ষিকা মাহবুবা বেগম বলেন, ‘এখানে পড়ালেখা বেশি হয় বলে বদনামও বেশি হচ্ছে। একজন সেরা ছাত্র ও আদর্শ মানুষ হতে হলে তাকে সবদিকে পরিপূর্ণ হতে হবে। বিদ্যালয়ের নিয়ম মেনে চললেই সেটা সম্ভব।’